দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে জনজীবন ব্যাহত করার চেষ্টা চলছে।
প্রতিমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসীরা কোনো দলের নয়, তারা দেশ ও জনগণের শত্রু। তাদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে এক দিকনির্দেশনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সন্দেহজনক তৎপরতা দেখলেই প্রশাসনকে জানান
গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে ইয়াসের খান চৌধুরী বলেন, তাঁরা পোশাকধারী সরকারি কর্মী। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কার্যক্রমের খবর পেলে ফোনে বার্তা পাঠিয়ে একত্রিত হয়ে তা প্রতিহত করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।
তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সঠিক তথ্য প্রচারে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, গ্রামের প্রতিটি এলাকায় কারা আসছে বা যাচ্ছে এবং কোথায় সন্দেহজনক তৎপরতা চলছে, সেসব বিষয়ে গ্রাম পুলিশকে খোঁজখবর রাখতে হবে। সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত ইউনিয়ন পরিষদ, থানা-পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা করা সবার দায়িত্ব।
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর কথা জানালেন প্রতিমন্ত্রী
গ্রাম পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৬ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁদের স্বীকৃতি দিয়েছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের পদের মর্যাদা ও বেতন-ভাতা বাড়িয়েছেন। যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে ৫০০ টাকা এবং পেনশন ভাতা ৮০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা করা হয়েছে বলে জানান তিনি।
নান্দাইল থানার পুলিশ সদস্যদের সংখ্যা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উপজেলার ১৩টি ইউনিয়নে পুলিশ সদস্য রয়েছেন ৬০ থেকে ৬৫ জন। বিপরীতে গ্রাম পুলিশ সদস্যের সংখ্যা ১৩০ জন। এ কারণে তাঁদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, এলাকার সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তবে মাদকবিক্রেতা ও জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাঁদের পুলিশের হাতে তুলে দিতে হবে।
নিয়মিত বেতন-ভাতা দেওয়ার দাবি
সভায় প্রধান গ্রাম পুলিশ আব্দুস ছাত্তার প্রায় তিন থেকে চার মাস পরপর বেতন-ভাতা পাওয়ার ভোগান্তির কথা তুলে ধরেন। তিনি নিয়মিত বেতন-ভাতা দেওয়ার দাবি জানান। জবাবে প্রতিমন্ত্রী বিষয়টি জাতীয় সংসদ ও মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপনের আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় এবং নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম। আলোচনা সভায় উপজেলার ১৩টি ইউনিয়নের ১২১ জন গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
কালের আলো/এসকে/এমএসআইপি

-20261121124413.jpg)
-20261121124015.jpg)













-20261119145050.jpg)



