Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কুড়িগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০২:২৫ পিএম

তিস্তার বুকে আমনের বাম্পার ফলন, বেড়েছে আবাদ

কুড়িগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০২:২৫ পিএম

তিস্তার বুকে আমনের বাম্পার ফলন, বেড়েছে আবাদ

একসময় তিস্তার ভাঙনে বিলীন হয়েছে ১০ বিঘারও বেশি আবাদি জমি। নদী কেড়ে নিয়েছে বসতভিটাও। সমতলে এখন নিজের কোনো জমি নেই। তবু মাটির মায়া ছাড়তে পারেননি ৬০ বছর বয়সী কৃষক সেকেন্দার আলী। জীবিকার তাগিদে তিস্তার বুকে জেগে ওঠা চরে অন্যের জমি বর্গা নিয়ে আবারও শুরু করেছেন চাষাবাদ। এবার পাঁচ বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন তিনি। খেতজুড়ে এখন দুলছে সোনালি ধানের শীষ। ভালো ফলনে পুরোনো ক্ষতির বেদনাও কিছুটা ভুলতে বসেছেন এই কৃষক।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দে সেকেন্দার আলীর খেতের প্রায় সব ধান পেকে গেছে। আগামী দুই-তিন দিনের মধ্যে ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আশা করছেন, প্রতি বিঘায় ২৩ থেকে ২৪ মণ ধান পাবেন।

সেকেন্দার আলীর কাছে এই ধান কেবল একটি ফসল নয়, নদীর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকার স্বপ্নও। তিনি বলেন, ‘প্রতিবছর ধান পাকার সময় বন্যা, অতিবৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকে। এতে চরের ফসল ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় প্রত্যাশা অনুযায়ী ধান ঘরে তোলা যায় না। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। খেতের দিকে তাকালে মন ভরে যায়। কোনো দুর্যোগ না হলে এবার ভালোভাবেই ধান ঘরে তুলতে পারব।’

চরজুড়ে ধান কাটার ব্যস্ততা

শুধু সেকেন্দার আলী নন, তিস্তার বুকে জেগে ওঠা চরজুড়ে এখন কৃষকদের ব্যস্ততা। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াইয়ের প্রস্তুতি। আবার কোথাও সোনালি ধান ঘরে তোলার অপেক্ষায় রয়েছেন কৃষকরা। নদীর স্রোত ও ভাঙনের মধ্যেও চরাঞ্চলে নতুন করে জীবনের স্বপ্ন বুনেছেন তাঁরা।

একই চরের কৃষক জয়নাল আবেদীন (৫৮) চার বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। এর মধ্যে দুই বিঘার ধান কেটে বাড়িতে তুলেছেন। বাকি দুই বিঘার ধান আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে কাটবেন। তাঁর চোখেমুখেও ভালো ফলনের তৃপ্তি।

জয়নাল বলেন, ‘গত বছরের তুলনায় এবার চরে আমনের আবাদ বেড়েছে। চার-পাঁচ দিন ধরে বিভিন্ন চরে ধান কাটা শুরু হয়েছে। চলতি নভেম্বরের মধ্যেই অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে। এরপর এসব জমিতে আলু, পেঁয়াজ, কুমড়া, আদা ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের আবাদ করা হবে।’

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর চরের কৃষক অনিল চন্দ্র বর্মণ (৬৫) এবার আট বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। রোববার থেকে তাঁর খেতে ধান কাটা শুরু হয়েছে। গত বছর প্রতি বিঘায় ১৯ মণ ধান পেয়েছিলেন। এবার ফলন বেড়ে ২৪ মণ হতে পারে বলে আশা করছেন তিনি।

অনিল চন্দ্র জানান, সমতলের তুলনায় চরের জমিতে ধান চাষে প্রতি বিঘায় প্রায় তিন হাজার টাকা কম খরচ হয়। তবে বীজ, সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ গত বছরের তুলনায় বেশি হয়েছে।

আবাদ বেড়েছে, ফলনেও স্বস্তি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বুড়িরহাটের কৃষক যতীন চন্দ্র সরকার (৭০) ২৫ বিঘা আবাদি জমির মালিক। নদীর ভাঙাগড়ার খেলায় তাঁর সব জমিই এখন তিস্তার বুকে জেগে ওঠা চরে। গত বছর পাঁচ বিঘায় আমন ধান চাষ করলেও এবার করেছেন আট বিঘায়। তাঁর খেতের প্রায় সব ধানই পেকে গেছে।

যতীন চন্দ্র বলেন, ‘এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন খুব ভালো হয়েছে। চারদিকে পাকা ধান দেখে মন ভরে যাচ্ছে। তবে ধানের ন্যায্যমূল্য না পেলে উৎপাদন খরচ তুলে লাভবান হওয়া কঠিন হবে।’

একই এলাকার কৃষক আক্তার হোসেন (৬০) এবার সাত বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। গত বছর করেছিলেন মাত্র তিন বিঘায়। তিনি জানান, গত বছরের তুলনায় এবার তিস্তার চরে প্রায় দ্বিগুণ জমিতে আমন ধানের চাষ হয়েছে। কেউ ধান কেটে বাড়িতে তুলছেন, কেউ কাটছেন, আবার অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। বৈরী আবহাওয়া না থাকায় এবার ফলন ভালো হয়েছে। খেতভরা সোনালি ধান দেখে কৃষকদের মনেও আনন্দ।

পাঁচ জেলায় আবাদ বেড়েছে ৫ হাজার হেক্টর

কৃষকদের এই আনন্দের প্রতিফলন ঘটেছে আবাদ বৃদ্ধির পরিসংখ্যানেও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের পাঁচ জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার তিস্তা নদীর চরাঞ্চলে এবার প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গত বছর এ পরিমাণ ছিল প্রায় ১৯ হাজার হেক্টর। এক বছরের ব্যবধানে পাঁচ জেলার চরাঞ্চলে আমনের আবাদ বেড়েছে পাঁচ হাজার হেক্টর।

চরাঞ্চলে প্রতি বিঘায় গড়ে ২২ মণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অনুকূল আবহাওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ।

রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু বকর সাইফুল ইসলাম বলেন, ‘এবার তেমন বন্যা না হওয়ায় তিস্তার বুকে জেগে ওঠা অধিকাংশ চরে আমন ধানের আবাদ করা সম্ভব হয়েছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। চরাঞ্চলের কৃষকরা এবার ভালো ফলন পেয়েছেন। তিস্তার বিস্তীর্ণ চরজুড়ে সোনালি ধান দেখে কৃষকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে।’

নদীভাঙনে জমি হারানো সেকেন্দার আলী থেকে শুরু করে আট বিঘার চাষি অনিল চন্দ্র কিংবা ২৫ বিঘা জমির মালিক যতীন চন্দ্র—সবার গল্পই যেন একই সুতোয় গাঁথা। তিস্তা একদিকে তাঁদের জমি কেড়ে নিয়েছে, অন্যদিকে জেগে ওঠা চরে নতুন করে চাষাবাদের সুযোগও তৈরি করেছে। তাই চরবাসীর কাছে সোনালি ধান শুধু বাম্পার ফলনের বার্তা নয়, নদীর সঙ্গে লড়াই করে নতুন করে বেঁচে থাকার আশাও।

কালের আলো/এসকে/এমএসআইপি 

Link copied!