খুলনার ডুমুরিয়ায় একটি আশ্রয়ণ প্রকল্পের ৫৬টি পরিবার টানা ৯ মাস ধরে জলাবদ্ধতার মধ্যে মানবেতর জীবনযাপন করছে। অধিকাংশ ঘরের মেঝে পানিতে তলিয়ে থাকায় উঁচু করে তৈরি করা মাচায় রান্না, খাওয়া ও ঘুমানোর কাজ সারছেন বাসিন্দারা। দীর্ঘদিনের এ দুর্ভোগে ইতোমধ্যে ১৩টি পরিবার ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
ডুমুরিয়া সদর ইউনিয়নের সাজিয়াড়া গ্রামসংলগ্ন শেয়ারঘাটা এলাকার এ আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারগুলোর অভিযোগ, পার্শ্ববর্তী খাল ও স্লুইসগেট পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। ফলে বছরের পর বছর জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। তবে গত ৯ মাসে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের দিকে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় শেয়ারঘাটা এলাকায় খালের পাড়ে ভূমিহীন ও ছিন্নমূল মানুষের জন্য ঘর নির্মাণ করা হয়। প্রতিটি পরিবারকে দুই শতাংশ সরকারি জমির ওপর একটি করে ঘর দেওয়া হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয় ১ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে ৫৬টি ঘর নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯৫ লাখ ২০ হাজার টাকা।
দরপত্র ছাড়াই উপজেলা প্রশাসন ও পিআইও কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় রাজমিস্ত্রিদের দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল। বাসিন্দাদের যাতায়াতের রাস্তা ও বিদ্যুতের ব্যবস্থা থাকলেও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা ছিল না। ফলে সামান্য বৃষ্টিতেই প্রকল্প এলাকা তলিয়ে যায়। প্রতিবছর এমন পরিস্থিতি তৈরি হলেও এবার তা দীর্ঘস্থায়ী হয়েছে।
পানিতে ডুবে ঘর, বন্ধ শিশুদের স্কুলে যাওয়া
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল কাদের ও মাজিদা বেগম জানান, পুরো আশ্রয়ণ এলাকা ও যাতায়াতের রাস্তা পানিতে ডুবে আছে। ৫৬টি পরিবারের ২১ শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। পরিবারের শৌচাগারগুলো পানিতে তলিয়ে থাকায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। হাঁস-মুরগি ও গরু-ছাগল আত্মীয়স্বজনের বাড়িতে সরিয়ে রাখতে হয়েছে।
তাঁদের অভিযোগ, বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যসংকটের মধ্যে দিন কাটলেও এখন পর্যন্ত কোনো সরকারি ত্রাণ বা খাদ্যসহায়তা পাননি তাঁরা।
রোকেয়া বেগম ও ফয়েজ আহমেদ বলেন, জলাবদ্ধতার কারণে এলাকায় বিষধর সাপের উপদ্রব বেড়েছে। প্রায় প্রতিদিন রাতেই ঘরের আশপাশে তিন থেকে চারটি সাপ মারা হচ্ছে। এতে আতঙ্কের মধ্যে রাত কাটাতে হচ্ছে বাসিন্দাদের।
হালিমা বেগম বলেন, দীর্ঘদিন জলাবদ্ধ ও দূষিত পানির মধ্যে বসবাস করায় শিশুরা চর্মরোগ, ডায়রিয়া, টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। থাকার বিকল্প জায়গা না থাকায় ঘর ছেড়ে যাওয়ারও উপায় নেই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল বিশ্বাস বলেন, দীর্ঘদিন জলাবদ্ধ পরিবেশে থাকলে শিশুরা চর্মরোগ, ডায়রিয়া, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। এসব শিশুকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া উচিত।
খাল ও স্লুইসগেট ভরাটে পানি নিষ্কাশন বন্ধ
বাসিন্দাদের ভাষ্য, সাজিয়াড়া-শৈলমারী খাল ও স্লুইসগেট দীর্ঘদিন খনন না করায় পলি জমে ভরাট হয়ে গেছে। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়েছে।
ডুমুরিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি বলেন, সাজিয়াড়া-শৈলমারী খাল ও স্লুইসগেট পলি জমে ভরাট হওয়ায় পানি নিষ্কাশন প্রায় বন্ধ। খালের বড় অংশ কচুরিপানায় ঢেকে গেছে, নৌ চলাচলও বন্ধ রয়েছে। সামান্য বৃষ্টিতে আশপাশের প্রায় সাত কিলোমিটার এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ির পাশাপাশি মাছের ঘের ও সবজির ক্ষেতও তলিয়ে গেছে। দ্রুত খালটি খনন করা ছাড়া এ পরিস্থিতি থেকে মুক্তির উপায় নেই।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, পানি নিষ্কাশন স্বাভাবিক করতে শৈলমারী স্লুইসগেটের পলি অপসারণের কাজ দ্রুত শুরু করা হবে। কাজটি শেষ হলে জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা করছেন তাঁরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বলেন, অতিবর্ষণের কারণে এবার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ডুবে গেছে। পাশের খালে পলি জমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। পলি অপসারণসহ পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে দ্রুত সরকারি খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হবে।
কালের আলো/এএএন/এমএসআইপি















-20261119145050.jpg)
-20261121140412.jpg)



