Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৫:৫৩ পিএম

অর্থ আত্মসাৎ ও পাচার, দণ্ডিত জাবেদ-রুকমীলা

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৫:৫৩ পিএম

অর্থ আত্মসাৎ ও পাচার, দণ্ডিত জাবেদ-রুকমীলা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় তাঁর স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় জাবেদ-রুকমীলাসহ মোট ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুই আইনে জাবেদের ১৫ বছরের সাজা
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মামলায় ৫৫ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রায়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাচার করা অর্থের দ্বিগুণ ৫০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দুই আইনে তাঁর মোট কারাদণ্ডের মেয়াদ ১৫ বছর।

রুকমীলা জামানের ১০ বছরের কারাদণ্ড
জাবেদের স্ত্রী রুকমীলা জামানকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তাঁকে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সব মিলিয়ে তাঁর কারাদণ্ডের মেয়াদ ১০ বছর।

অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা
মামলায় মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, মো. আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, মো. আব্দুল হামিদ চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান ও উৎপল পালকে বিভিন্ন ধারায় পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাঁদের মধ্যে আব্দুল হামিদ চৌধুরীকে শুধু দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আটজনের মধ্যে পৃথক দুটি আইনে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড হয়েছে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া অন্য তিনজন হলেন মো. ইয়াছিনুর রহমান, মো. ইউছুফ চৌধুরী ও মো. সাইফুল ইসলাম। একই আইনে মো. শাহ আলমকেও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বজল আহমেদ বাবুল ও এম এ সবুরকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও এক মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।

খালাস পেয়েছেন ১৯ আসামি
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তাঁরা হলেন মোহাম্মদ একরাম উল্লাহ, জিয়াউল করিম খান, মীর মেসবাহ উদ্দীন হোসাইন, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, আফরোজা জামান, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, আরিফ কাদরী, প্রদীপ কুমার বিশ্বাস, মোহাম্মদ জাহিদ, মো. শহীদ, মো. সুমন, মো. ইলিয়াস তালুকদার ও ওসমান তালুকদার।

যেভাবে আত্মসাৎ ও পাচারের অভিযোগ
মামলার নথি অনুযায়ী, জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিংয়ের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন জাবেদ—এমন অভিযোগ আনা হয়। পাচার করা অর্থ দিয়ে বিদেশে সম্পত্তি কেনার অভিযোগও রয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।

২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান। পরে তদন্তে আরও সাতজনের সংশ্লিষ্টতা পাওয়ায় মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!