Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১২:১৭ পিএম

ইউসিবির অর্থ আত্মসাৎ, জাবেদসহ ১৭ জনের সাজা

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১২:১৭ পিএম

ইউসিবির অর্থ আত্মসাৎ, জাবেদসহ ১৭ জনের সাজা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালত এ রায় ঘোষণা করেন। মামলার ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতদের মধ্যে জাবেদের স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক এবং কয়েকজন সাবেক কর্মকর্তা রয়েছেন। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের অভাবে বাকি ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

যেভাবে আত্মসাৎ ও পাচারের অভিযোগ
দুদকের করা মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের মালিক দেখানো হয়।

এরপর ওই প্রতিষ্ঠানের নামে ইউসিবি থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, পরে জাবেদ তাঁর কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করেন। এরপর হুন্ডির মাধ্যমে টাকা বিদেশে পাচার করে বিদেশে সম্পদ কেনার কাজে ব্যবহার করা হয়। তদন্তে উঠে আসে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ ঘটনা ঘটে।

মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ
মামলাটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়।

মামলার যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য ছিল। বিচারকালে মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!