Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কুড়িগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০১:৪৬ পিএম

৩০ মিটার সড়কের অভাবে চার কিলোমিটার ঘুরপথ

কুড়িগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০১:৪৬ পিএম

৩০ মিটার সড়কের অভাবে চার কিলোমিটার ঘুরপথ

কুড়িগ্রামের চিলমারীতে মাত্র ৩০ মিটার সড়ক নির্মাণ হলে কয়েক গ্রামের মানুষের যাতায়াতের পথ কমে আসবে প্রায় তিন কিলোমিটার। ভাঙা সেতুর জায়গায় মাটি ভরাট করে চলাচলের উপযোগী রাস্তা তৈরি করলেই সহজে মওলানা ভাসানী সেতু সড়কে পৌঁছাতে পারবেন তাঁরা। অথচ সামান্য এই সড়কের অভাবে দীর্ঘ নয় বছর ধরে প্রায় চার কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে রমনা ইউনিয়নের পাত্রখাতা ব্যাপারীপাড়ার বাসিন্দাদের। বাধ্য হয়ে ভাঙা সেতুর ওপর বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন কয়েক গ্রামের মানুষ।

ভাঙা সেতুই এখন যাতায়াতের বাধা
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাত্রখাতা ব্যাপারীপাড়ার শিমুলতলী এলাকার ভাঙা সেতুটি দিয়ে পাত্রখাতা, ব্যাপারীপাড়া, মাদারীপাড়া, ডাংগারচরসহ সুন্দরগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের হাজারো মানুষ চলাচল করতেন। পথটি সরাসরি মওলানা ভাসানী সেতু সড়কের সঙ্গে যুক্ত। কিন্তু সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে তাঁদের যাতায়াতে তৈরি হয়েছে দীর্ঘ পথের বাধা।

স্থানীয়দের হিসাবে, ভাঙা অংশে মাটি ফেলে মাত্র ৩০ মিটার রাস্তা তৈরি করা হলে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়েই মওলানা ভাসানী সেতু সড়কে পৌঁছানো সম্ভব। কিন্তু সেই উদ্যোগ না থাকায় এখন প্রায় চার কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।

বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার
সরেজমিনে দেখা গেছে, সেতুটির পূর্বাংশ দেবে গেছে। উত্তর পাশের উইং ওয়াল ধসে মাটির সঙ্গে মিশে গেছে। দক্ষিণ পাশের উইং ওয়ালটিও মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেতুর জায়গায় তৈরি হয়েছে বড় গর্ত। সেখানে প্রায় ১৮ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করে কোনোমতে পারাপার হচ্ছেন পথচারীরা।

এদিকে সেতুর উত্তর পাশে একটি বাড়ি নির্মাণ করায় নিচ দিয়ে পানি চলাচলের পথও প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে সেখানে নতুন করে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের মতে, নতুন সেতু নির্মাণের পরিবর্তে ভাঙা অংশে মাটি ভরাট করে সড়ক তৈরি করা হলে দ্রুত দুর্ভোগ কমানো সম্ভব।

নির্মাণের দুই মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থবছরে ৩০ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে প্রায় ১২ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের দুই মাস না পেরোতেই বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এটি কার্যত অকেজো হয়ে পড়ে।

দীর্ঘ নয় বছরেও সেতুটি সচল না হওয়ায় স্থানীয়দের ভোগান্তি বাড়ছেই। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পারাপার সম্ভব হলেও বর্ষায় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

শিশু-বয়স্কদের দুর্ভোগ বেশি
পাত্রখাতা শিমুলতলী এলাকার বাসিন্দা শাহজামাল মিয়া (৭০) ও নাজমুল হোসেন (৩৫) বলেন, শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে কোনোমতে চলাচল করা যায়। কিন্তু বর্ষায় পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ সময় শিশু, নারী ও বয়স্কদের বেশি দুর্ভোগ পোহাতে হয়। প্রায়ই দুর্ঘটনার শিকার হন পথচারীরা।

তাঁদের ভাষ্য, নতুন সেতু নির্মাণের দাবি তাঁদের নেই। ভাঙা জায়গায় মাটি ভরাট করে একটি রাস্তা তৈরি করলেই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।

একই এলাকার মোছা. সাইদা বেগম বলেন, এখানে সেতু নির্মাণের প্রয়োজন ছিল না। এখন সেটিই তাঁদের চলাচলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। একটি ভালো রাস্তা তৈরি হলে সহজেই যাতায়াত করতে পারতেন তাঁরা।

পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস
রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে কাঠ ও বাঁশের সাঁকো নির্মাণে সহযোগিতা করেছেন তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে বড় কোনো প্রকল্পের অপেক্ষায় না থেকে ভাঙা সেতুর স্থানে মাটি ভরাট করে অন্তত ৩০ মিটার সড়ক নির্মাণ করা হোক। এতে কয়েক গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে, কমবে সময় ও পথের দূরত্ব।

কালের আলো/এসএ/ইএকে

Link copied!