Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৯:২৫ এএম

দেড় যুগ ধরে বিনা বেতনে পাঠদান, তবু থেমে নেই বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা,কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৯:২৫ এএম

দেড় যুগ ধরে বিনা বেতনে পাঠদান, তবু থেমে নেই বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রত্যন্ত বড়াইল গ্রাম। আশপাশের প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে নেই কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেই বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠানও। এমন বাস্তবতায় পিছিয়ে পড়া আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে নিজেদের উদ্যোগে বিদ্যালয় চালু রেখেছেন পাঁচ শিক্ষক। বেতন-ভাতা ছাড়াই দেড় যুগ ধরে পাঠদান করে যাচ্ছেন তাঁরা। নানা সংকটের মধ্যেও তাঁদের প্রচেষ্টায় বিদ্যালয়টিতে পড়াশোনা করছে ১২০ শিশু।

মাটির দেয়াল, ছিদ্রযুক্ত টিনের চালায় পাঠদান
পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামে অবস্থিত বিদ্যালয়টির নাম বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। গত বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, বই-খাতা হাতে বিভিন্ন এলাকা থেকে বিদ্যালয়ে আসছে শিশুরা। তাদের চোখে ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন। কেউ হতে চায় শিক্ষক, কেউ চিকিৎসক; কারও স্বপ্ন পুলিশ কর্মকর্তা কিংবা বিজ্ঞানী হওয়ার।

শিশুদের দেখিয়ে দেওয়া বিদ্যালয়টি দূর থেকে দেখতে অনেকটা বাড়ির মতো। কাছে গিয়ে দেখা যায়, মাটির দেয়ালের ভবনটির টিনের চালা মরিচা ধরা। কোথাও কোথাও চালায় অসংখ্য ছিদ্র। ভেতরে স্যাঁতসেঁতে পরিবেশ। পর্যাপ্ত বেঞ্চ ও শিক্ষা উপকরণ না থাকায় একই কক্ষে একাধিক শ্রেণির শিক্ষার্থীদের বসিয়ে পাঠদান করতে হচ্ছে।

নেই বিদ্যুৎ, শৌচাগার ও নিরাপদ পানির ব্যবস্থা
বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ নেই। নেই স্বাস্থ্যসম্মত শৌচাগারও। সবচেয়ে উদ্বেগের বিষয়, শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। তৃষ্ণা পেলে তারা বিদ্যালয়ের পাশের কৃষিজমিতে সেচের কাজে ব্যবহৃত ড্রেনের পানি পান করতে যায়।

এতসব প্রতিকূলতার মধ্যেও নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন পাঁচ শিক্ষক। কোনো বেতন-ভাতা না পেলেও বিদ্যালয়টি টিকিয়ে রাখতে নিজেদের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করছেন তাঁরা। শিক্ষক ও গ্রামের সচ্ছল বাসিন্দাদের সহযোগিতায় চলছে শিক্ষা কার্যক্রম।

মিশন স্কুল থেকে বেসরকারি বিদ্যালয়
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে ‘বড়াইল মিশন স্কুল’ নামে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। পরে মিশনারিরা চলে গেলে ২০০৫ সালে এটি বন্ধ হয়ে যায়। তিন বছর পর, ২০০৮ সালে পাঁচ শিক্ষক উদ্যোগ নিয়ে নতুন নামে বিদ্যালয়টি আবার চালু করেন। এরপর থেকে নানা সীমাবদ্ধতা নিয়েই চলছে পাঠদান।

বিদ্যালয়টি মূলত আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় অবস্থিত। এখানকার অধিকাংশ পরিবার আর্থিকভাবে অসচ্ছল। আশপাশের সাত-আটটি গ্রামের শিশুরাও এ বিদ্যালয়ে পড়তে আসে। স্থানীয়দের মতে, প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে এসব গ্রামের অনেক শিশু, বিশেষ করে আদিবাসী পরিবারের সন্তানরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বে।

পড়াশোনার পাশাপাশি কাজ করতে হয় শিক্ষার্থীদের
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিথী রানী ও স্মৃতি রানী টপ্পে দ্রুত নতুন ও আধুনিক ভবন নির্মাণের দাবি জানিয়েছে। তাদের চাওয়া, বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হোক এবং পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি করা হোক। বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পেলে শিক্ষার মান আরও ভালো হবে বলেও আশা তাদের।

একই শ্রেণির শিক্ষার্থী সাগর এক্কা জানায়, বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দিনমজুর পরিবারের সন্তান। খাবার বা আর্থিক সহায়তার ব্যবস্থা না থাকায় তাদের অনেককে পড়াশোনার পাশাপাশি কাজ করতে হয়। জীবনের নানা বাস্তবতায় কেউ কেউ মাঝপথেই বিদ্যালয় ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।

নতুন ভবন নির্মাণের উদ্যোগের আশ্বাস
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার বর্মন বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার কথা বিবেচনা করে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও সরকারীকরণ প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, তিনি বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করেছেন। জরাজীর্ণ ভবন, শ্রেণিকক্ষের সংকট, নিরাপদ পানির অভাবসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি তাঁর নজরে এসেছে। বিদ্যালয়টিতে নতুন ভবন নির্মাণের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, বিদ্যালয়টির দুরবস্থার কথা তিনি জেনেছেন। শিক্ষার্থীদের নিরাপদ পানির সংকট, জরাজীর্ণ ভবনসহ অন্যান্য সমস্যা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

দেড় যুগ ধরে পাঁচ শিক্ষকের বিনা বেতনের শ্রমে টিকে আছে বিদ্যালয়টি। সেখানে পড়তে আসা শিশুদের স্বপ্ন বড় হলেও সেই স্বপ্ন পূরণের পথ এখনো নানা সংকটে বাধাগ্রস্ত। সংশ্লিষ্টদের উদ্যোগে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত হবে—এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!