নাটোরের লালপুরে চার কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে প্রশস্ত ও সংস্কার করা একটি আঞ্চলিক সড়ক দুই বছর না পেরোতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা পরিষদের সামনে থেকে গৌরীপুর পর্যন্ত চার কিলোমিটার সড়কের পিচ-কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে শতাধিক ছোট-বড় গর্ত। এতে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন হাজার হাজার মানুষ। বৃষ্টি হলে গর্তে পানি জমে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের কারণেই অল্প সময়ে সড়কটির এমন বেহাল দশা হয়েছে।
চার কিলোমিটার সড়কে শতাধিক গর্ত
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, আরডিআরআইপি প্রকল্পের আওতায় গোপালপুর থেকে গৌরীপুর পর্যন্ত চার কিলোমিটার সড়ক প্রশস্তকরণে ব্যয় হয়েছে ৪ কোটি ১৮ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান ইএমটিইবিটিইএল প্রাইভেট লিমিটেড কাজটি করে। ২০২৩ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হয়।
তবে কাজ শেষ হওয়ার দুই বছর না যেতেই সড়কটির বিভিন্ন অংশে পিচ-কার্পেটিং উঠে গেছে। গত বুধবার সরেজমিনে দেখা যায়, বিরোপাড়া থেকে চামটিয়া পর্যন্ত অংশে ছোট-বড় প্রায় ৯০টি গর্ত তৈরি হয়েছে। চামটিয়া থেকে গৌরীপুর পর্যন্ত রয়েছে আরও ২০ থেকে ২৫টি গর্ত। সব মিলিয়ে চার কিলোমিটার সড়কে গর্তের সংখ্যা শতাধিক।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। গর্তে পড়ে যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় চালকেরা বুঝতে পারেন না কোথায় কতটা ভাঙন রয়েছে।
যাত্রী নিয়ে ভ্যান চালানোই কঠিন
চামটিয়া এলাকার ভ্যানচালক ইউসুফ আলী বলেন, গৌরীপুর থেকে উপজেলা সদরে যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। সংস্কারের দুই বছরও হয়নি, অথচ এখন চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। সড়কের এক জায়গা ভাঙা, অন্য জায়গায় বড় গর্ত। যাত্রী নিয়ে ভ্যান চালাতে খুব সমস্যা হয়। বৃষ্টি হলে ১০ মিনিটের পথ যেতে ৩০ মিনিট লেগে যায়। তাঁর ভাষায়, সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
অটোরিকশাচালক আরিফ হোসেন বলেন, বিরোপাড়া থেকে গৌরীপুর পর্যন্ত সড়কে শতাধিক গর্ত রয়েছে। কোনো কোনো গর্ত ২৫ থেকে ৩০ ফুটেরও বেশি বিস্তৃত। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে গেলে ঝুঁকি আরও বেড়ে যায়। গর্তে গাড়ি পড়ে উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে। দ্রুত সংস্কার না হলে এই এলাকার মানুষের চলাচল কঠিন হয়ে পড়বে।
আরেক অটোরিকশাচালক শরিফ জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে ১৫ থেকে ১৬ হাজার মানুষ যাতায়াত করেন। সড়কের বেহাল অবস্থার কারণে তাঁদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
চামটিয়া এলাকার বাসিন্দা সৌয়দ আলী সড়কের এমন অবস্থার জন্য সংস্কারকাজে অনিয়মকে দায়ী করেন। তাঁর অভিযোগ, কাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন। তখন একাধিকবার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইএমটিইবিটিইএলের মালিকপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নতুন প্রকল্পে সংস্কারের আশ্বাস
সড়কটির চলাচলের অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন উপজেলা এলজিইডির প্রকৌশলী আওলাদ হোসেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সড়কটি নতুন করে সংস্কারের জন্য আরএনসি প্রকল্পের আওতায় প্রাক্কলন তৈরি করে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।
তবে প্রকল্প অনুমোদন ও সংস্কারকাজ শুরুর আগ পর্যন্ত দুর্ভোগ নিয়েই এই সড়কে চলাচল করতে হবে স্থানীয় বাসিন্দাদের। চার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সড়ক এত অল্প সময়ে কেন বেহাল হলো, সে বিষয়ে স্থানীয়দের অভিযোগেরও সুরাহা চান তাঁরা।
কালের আলো/এসএ/এমএস
