Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ভোলা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০১:০১ পিএম

দৌলতখানে ১০৬ স্কুলের ৭৩টিতেই নেই প্রধান শিক্ষক

ভোলা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০১:০১ পিএম

দৌলতখানে ১০৬ স্কুলের ৭৩টিতেই নেই প্রধান শিক্ষক

ভোলার দৌলতখান উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলছে শিক্ষক সংকট। উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৩টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। কোথাও এক যুগ, কোথাও দেড় যুগ, আবার কোনো কোনো বিদ্যালয়ে প্রায় দুই দশক ধরে শূন্য রয়েছে গুরুত্বপূর্ণ এই পদ। ফলে ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে থাকা শিক্ষকদের দিয়ে চলছে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। এতে নিয়মিত পাঠদানের পাশাপাশি দাপ্তরিক দায়িত্ব সামলাতে গিয়ে বাড়তি চাপের মুখে পড়ছেন শিক্ষকরা।

১০৬ বিদ্যালয়ের ৭৩টিতে প্রধান শিক্ষক নেই
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, দৌলতখানের ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বর্তমানে মাত্র ৩৩টিতে প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন। বাকি ৭৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। এসব বিদ্যালয়ের মধ্যে ২১টিতে শিক্ষকরা চলতি দায়িত্বে এবং ৫২টিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুধু প্রধান শিক্ষক পদেই নয়, সহকারী শিক্ষক পদেও রয়েছে উল্লেখযোগ্য শূন্যতা। উপজেলায় সহকারী শিক্ষকের ৫৪টি পদ খালি রয়েছে। তবে নতুন নিয়োগ পাওয়া ২৫ জন সহকারী শিক্ষক ইতোমধ্যে শূন্য পদে যোগ দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা কার্যালয়। এ ছাড়া ১০৬টি বিদ্যালয়ের বিপরীতে নৈশপ্রহরী কাম-দপ্তরি পদে কর্মরত রয়েছেন মাত্র ৬৩ জন। অর্থাৎ এ পদেও শূন্য রয়েছে ৪৩টি।

কোথাও ২০ বছর ধরে নেই প্রধান শিক্ষক
উপজেলার মধ্য হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন গোলাম রহমান আজাদ। তিনি জানান, বছরের পর বছর প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বাড়তি চাপ সামলাতে হচ্ছে তাঁকে। নিয়মিত পাঠদানের পাশাপাশি দাপ্তরিক কাজ করাও কঠিন হয়ে পড়েছে।

একই অবস্থা দক্ষিণ জয়নগর শমাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টিতে প্রায় দেড় যুগ ধরে প্রধান শিক্ষকের পদ খালি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জান্নাতুল আসমা বলেন, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে বেশ বেগ পেতে হচ্ছে।

শিক্ষক কম, প্রধান শিক্ষকও নেই
দৌলতখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষক সংকটের চিত্র স্পষ্ট। বিদ্যালয়টিতে ছয়জন শিক্ষকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র চারজন। এর ওপর প্রধান শিক্ষকের পদটিও শূন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া বেগম জানান, শিক্ষকস্বল্পতা ও প্রধান শিক্ষক না থাকায় পাঠদান এবং দাপ্তরিক কার্যক্রম—দুই ক্ষেত্রেই বিঘ্ন ঘটছে।

দ্রুত নিয়োগের দাবি শিক্ষক সমিতির
দৌলতখান উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, শিক্ষক সংকটের কারণে উপজেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিদ্যালয়গুলোতে পাঠদান স্বাভাবিক রাখতে দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ উদ্দিন জানান, আইনি জটিলতার কারণে এতদিন শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।

কালের আলো/এসএ/ডিএইচ

Link copied!