Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ১২:১৩ পিএম

তিন বাঘের বিনিময়ে চট্টগ্রামে যাচ্ছে ছয় জেব্রা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ১২:১৩ পিএম

তিন বাঘের বিনিময়ে চট্টগ্রামে যাচ্ছে ছয় জেব্রা

প্রাণী বিনিময় কর্মসূচির আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ আনা হয়েছে গাজীপুর সাফারি পার্কে। এর বিনিময়ে সাফারি পার্ক থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে ছয়টি জেব্রা। নতুন তিন বাঘ যুক্ত হওয়ায় গাজীপুর সাফারি পার্কে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে বিশেষ ব্যবস্থাপনায় বাঘ তিনটি সাফারি পার্কে পৌঁছায়। সেখানে নেওয়ার পর আপাতত আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে প্রাণীগুলোকে।

দুটি মাদি, একটি পুরুষ বাঘ
পার্ক কর্তৃপক্ষ জানায়, নতুন আসা তিনটি বাঘের মধ্যে দুটি মাদি ও একটি পুরুষ। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এমকেএম ইকবাল হোছাইন চৌধুরী জানান, বাঘগুলোকে আপাতত আলাদা বেষ্টনী বা কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কয়েক দিনের পর্যবেক্ষণ শেষে নির্ধারিত বেষ্টনীতে ছেড়ে দেওয়া হবে। তখন দর্শনার্থীরা নতুন বাঘগুলো দেখার সুযোগ পাবেন।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান জানান, শুক্রবার ভোরে বাঘ তিনটি পার্কে পৌঁছানোর পর আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। এগুলো স্বাভাবিক খাবার খাচ্ছে এবং সুস্থ রয়েছে।

বিনিময়ে চট্টগ্রামে যাচ্ছে ছয় জেব্রা
প্রাণী বিনিময় চুক্তি অনুযায়ী, গাজীপুর সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে। এর মধ্যে তিনটি জেব্রা গত বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটিও শিগগিরই পাঠানো হবে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ জানান, নতুন আসা তিনটি বাঘের বয়স কম এবং শারীরিকভাবে সুস্থ। ফলে প্রজননের মাধ্যমে পার্কে বাঘের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। শীত মৌসুমে নতুন এই প্রাণীদের আগমন দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে আশা করছেন তাঁরা।

আগেও হয়েছে প্রাণী বিনিময়
এর আগে ২০১৮ সালে প্রাণী বিনিময় কর্মসূচির আওতায় ঢাকা চিড়িয়াখানার ছয়টি সিংহের বিনিময়ে গাজীপুর সাফারি পার্কে দুটি জলহস্তি আনা হয়েছিল।

৩ হাজার ৬৯০ একর আয়তনের গাজীপুর সাফারি পার্কে বর্তমানে ৬০ প্রজাতির প্রায় তিন হাজার প্রাণী রয়েছে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার দর্শনার্থী পার্কটি ঘুরতে আসেন।

তবে প্রাণী ব্যবস্থাপনা নিয়ে অতীতে নানা অভিযোগও উঠেছে। পার্ক থেকে প্রাণী চুরি, সীমানাপ্রাচীর ভেঙে বন্যপ্রাণী বাইরে চলে যাওয়া এবং রোগাক্রান্ত হয়ে বা অব্যবস্থাপনার কারণে প্রাণী মারা যাওয়ার ঘটনাও আলোচনায় এসেছে। নতুন প্রাণীগুলোর নিরাপদ আবাস, পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করাই এখন পার্ক কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ।

কালের আলো/এসএ/টিসি

Link copied!