পাবনার সাঁথিয়ায় এ বছর পেঁয়াজের ফলন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। লাভের আশায় উৎপাদিত পেঁয়াজের বড় অংশ ঘরে মজুত করে রেখেছিলেন অনেকে। কিন্তু প্রত্যাশিত দাম না বাড়ায় এখন উল্টো লোকসানের আশঙ্কায় পড়েছেন তাঁরা। উৎপাদন খরচের চেয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। তার ওপর দীর্ঘদিন সংরক্ষণে পেঁয়াজ শুকিয়ে ও পচে ওজন কমছে। ফলে বিক্রি করলেও ক্ষতি, আবার মজুত রাখলেও বাড়ছে লোকসানের বোঝা।
ফলন বেশি, বাজারে দাম অর্ধেকেরও কম
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে। প্রতি বিঘায় দেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে ৭০ থেকে ৮০ মণ। আর হাইব্রিড জাতের সুখ সাগর পেঁয়াজের ফলন হয়েছে ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত। তবে উৎপাদন বাড়লেও বাজারে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, দেশের পেঁয়াজের ভান্ডার হিসেবে পরিচিত সাঁথিয়ায় গত মৌসুমে ১৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৫৬ টন। বিপরীতে উৎপাদন হয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৪৭ টন।
কৃষি কর্মকর্তা ও কৃষকদের হিসাব অনুযায়ী, প্রতি মণ পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে প্রায় দেড় হাজার টাকা। কোনো কোনো কৃষকের হিসাবে খরচ দুই হাজার টাকা পর্যন্ত। অথচ বর্তমানে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। এমনকি পেঁয়াজ ওঠানোর ভরা মৌসুমেও দাম ছিল মণপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা।
মজুত রাখলেও বাড়ছে লোকসান
গত এক সপ্তাহে উপজেলার বোয়াইলমারী, বনগ্রাম, কাশিনাথপুর, ধুলাউড়ি ও করমজা চতুরহাট ঘুরে দেখা গেছে, কৃষকরা বস্তাভর্তি পেঁয়াজ নিয়ে বাজারে এলেও তাঁদের মুখে স্বস্তি নেই। প্রত্যাশিত দাম না পেয়ে অনেকেই পেঁয়াজ বিক্রি না করে বাড়িতে ফিরিয়ে নিচ্ছেন।
কৃষকদের ভাষ্য, অন্যান্য বছর এ সময়ে এসব হাটে প্রতি মণ পেঁয়াজ ৩ হাজার থেকে ৪ হাজার টাকায় বিক্রি হতো। এবার সেই পেঁয়াজের দাম নেমে এসেছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়।
সংরক্ষণে থাকা পেঁয়াজের অবস্থাও ভালো নয়। শুকিয়ে ও পচে প্রতি মণে প্রায় ১৫ কেজি পর্যন্ত ওজন কমে যাচ্ছে। বিশেষ করে হাইব্রিড জাতের পেঁয়াজ দেশি জাতের তুলনায় দ্রুত পচে যাওয়ায় ক্ষতির আশঙ্কা বেশি।
ঋণ শোধের চিন্তায় দিশেহারা চাষিরা
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাঁথিয়ার বোয়াইলমারী হাটে কথা হয় গৌরীগ্রামের কৃষক আলমগীর হোসেনের সঙ্গে। তিনি এ বছর প্রায় ৩০০ মণ পেঁয়াজ উৎপাদন করেছেন। দাম বাড়ার আশায় বেশির ভাগ পেঁয়াজ ঘরে তুলে রেখেছিলেন। কিন্তু এখন প্রতি মণ ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকার বেশি দাম মিলছে না।
আলমগীর হোসেন বলেন, এই দামে পেঁয়াজ বিক্রি করে ধারদেনা শোধ করা তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। প্রতিবছর এ সময় দাম কিছুটা বাড়ে—সেই আশাতেই পেঁয়াজ মজুত করেছিলেন।
আরেক কৃষক শাহিন আলমের ঘরে এখনো প্রায় ৩০০ মণ পেঁয়াজ মজুত রয়েছে। এ বছর তিনি মোট প্রায় ৫০০ মণ পেঁয়াজ পেয়েছেন। তাঁর ভাষায়, পেঁয়াজ এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিক্রি করলে লোকসান, আর ঘরে রাখলেও পচে ও শুকিয়ে ওজন কমছে। এরই মধ্যে নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসার সময় ঘনিয়ে আসছে। তখন দাম আরও কমে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।
বালিয়াকান্দী গ্রামের কৃষক আব্দুল বারেক চার বিঘা জমিতে আবাদ করে ২৫০ মণের বেশি পেঁয়াজ পেয়েছিলেন। এখনো তাঁর ঘরে প্রায় ২০০ মণ পেঁয়াজ রয়েছে। তিনি বলেন, এক মণ পেঁয়াজ উৎপাদনে প্রায় দুই হাজার টাকা খরচ হয়েছে। অথচ এখন বিক্রি করতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। এভাবে চলতে থাকলে আর পেঁয়াজের আবাদ করা সম্ভব হবে না। কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় যাওয়ার কথাও ভাবছেন তিনি।
চকপাট্টা গ্রামের কৃষক আফতাব আলী মণ্ডলও ধারদেনা করে পেঁয়াজের আবাদ করেছিলেন। তিনি বলেন, পেঁয়াজ বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না। ঋণ পরিশোধ তো দূরের কথা, সংসার চালানোই কঠিন হয়ে পড়বে।
ফলন বাড়ায় বাজারে সরবরাহ বেশি
সাঁথিয়ার বোয়াইলমারী হাটের কালু এন্টারপ্রাইজের আড়তদার সাদ্দাক হোসেন বলেন, এ বছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে। কৃষকদের ঘরেও এখনো প্রচুর পেঁয়াজ মজুত রয়েছে। ফলে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কম।
তিনি জানান, আগে এ এলাকায় দেশি তাহেরপুরী জাতের পেঁয়াজের আবাদ বেশি হতো। ওই জাতের পেঁয়াজ বিঘাপ্রতি ৫০ থেকে ৫৫ মণ উৎপাদিত হতো। বর্তমানে ভারতের হাইব্রিড জাতের সুখ সাগর পেঁয়াজের আবাদ বেড়েছে। এ জাতের ফলন বিঘাপ্রতি ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত হওয়ায় বাজারে পেঁয়াজের সরবরাহও বেড়েছে।
পরিকল্পিত উৎপাদন ও সংরক্ষণের পরামর্শ
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব আল মারুফ বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে বাজারের চাহিদা নিরূপণ করে পেঁয়াজ উৎপাদনের পরিকল্পনা করতে হবে। চাহিদার অতিরিক্ত উৎপাদিত পেঁয়াজ দেশের বাইরে রপ্তানির উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থাও উন্নত করতে হবে।
ভালো ফলন পেয়েও ন্যায্যমূল্য না পাওয়ায় সাঁথিয়ার কৃষকদের এখন প্রধান উদ্বেগ উৎপাদন খরচ তোলা ও মজুত পেঁয়াজের লোকসান কমানো। সময়মতো বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণের কার্যকর উদ্যোগ না থাকলে পেঁয়াজ চাষে আগ্রহ হারানোর আশঙ্কা করছেন অনেক কৃষক।
কালের আলো/এসএ/টিসি
