Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

গাইবান্ধা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ১১:৪২ এএম

ওষুধ কিনলে হাঁড়ি চড়ে না, ডায়াবেটিসে অসহায় পরিবার

গাইবান্ধা সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ১১:৪২ এএম

ওষুধ কিনলে হাঁড়ি চড়ে না, ডায়াবেটিসে অসহায় পরিবার

ডায়াবেটিস ধরা পড়ার পর থেকেই নিয়মিত ওষুধ, পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা। কিন্তু গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উজালডাঙ্গা চরের রেহানা বেগমের (৫২) কাছে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া যেন প্রতিদিনের লড়াই। স্বামী দিনমজুর। মাসে আয় মাত্র ১০ হাজার টাকা। বর্ষায় কাজও থাকে না নিয়মিত। অথচ ডায়াবেটিসের ওষুধ কিনতেই মাসে খরচ হয় প্রায় ১ হাজার ২০০ টাকা। পরীক্ষার জন্য লাগে আরও ২০০ টাকা। চিকিৎসকের কাছে যেতে নৌকা ও ভ্যানভাড়া বাবদ ব্যয় হয় ২০০ থেকে ৪০০ টাকা। ডাক্তার দেখাতে গেলে স্বামীর এক দিনের রোজগারও বন্ধ থাকে।

রেহানা বলেন, ‘ওষুধ না কিনলে শরীর খারাপ হয়, কিনলে হাঁড়ি চড়ে না।’ তাই কখনো ওষুধ বাদ দিতে হয়, কখনো আবার ধার করে চিকিৎসার খরচ জোগাতে হয়। তাঁর নাম কোনো ডায়াবেটিক সমিতির নিবন্ধিত রোগীর তালিকায় আছে কি না, সেটিও নিশ্চিত নন তিনি।

রেহানার মতো অনেক রোগীই চিকিৎসা, নিবন্ধন ও নিয়মিত পর্যবেক্ষণের বাইরে রয়েছেন। শহরে ডায়াবেটিস চিকিৎসার প্রতিষ্ঠান থাকলেও প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের জন্য দূরত্ব, যাতায়াত ব্যয় এবং আর্থিক সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে রোগীর প্রকৃত সংখ্যা ও চিকিৎসার আওতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

গাইবান্ধায় নিবন্ধিত রোগী ৫০ হাজারের বেশি
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। তবে এসব আয়োজনের বাইরে থেকে যাচ্ছেন কি না রেহানার মতো প্রত্যন্ত এলাকার রোগীরা, সেই প্রশ্নও সামনে এসেছে।

জেলা শহরের পি. কে. বিশ্বাস রোডে ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় গাইবান্ধা ডায়াবেটিক সমিতি। একই বছরের ৩ অক্টোবর প্রতিষ্ঠানটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) অধিভুক্ত হয়। সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সেখানে নিবন্ধিত রোগীর সংখ্যা ৫০ হাজার ২১১ জন। ২০২৫ সালে চিকিৎসা নিয়েছেন ৪২ হাজার ৭৯০ জন, যা নিবন্ধিত রোগীর প্রায় ৮৫ শতাংশ।

অর্থাৎ ওই বছর নিবন্ধিত ৭ হাজার ৪২১ জন সমিতি থেকে চিকিৎসা নেননি। তাঁদের চিকিৎসা না নেওয়ার কারণ কী, তা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। দূরত্ব, আর্থিক সংকট কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে চিকিৎসা নেওয়ার কারণে তাঁরা সমিতিতে যাননি কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

সমিতিতে আজীবন সদস্য রয়েছেন ৬৬ জন এবং সাধারণ সদস্য ৮ জন। প্রতিষ্ঠানটিতে কর্মরত আছেন ২৭ জন। তাঁদের মধ্যে নিয়মিত মেডিকেল অফিসার ছয়জন, খণ্ডকালীন একজন, প্যাথলজিস্ট চারজন, সহকারী ল্যাব টেকনিশিয়ান তিনজন, ডায়েটিশিয়ান একজন, হেলথ এডুকেটর একজন এবং অন্যান্য কর্মী ১১ জন।

জেলার সাত উপজেলার মধ্যে গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুরে পৃথক দুটি ডায়াবেটিক সমিতি কার্যক্রম পরিচালনা করছে। তবে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও পলাশবাড়ীতে এ ধরনের সমিতির কার্যক্রম নেই।

প্রকৃত রোগীর সংখ্যা কত, জানা নেই
গাইবান্ধা ডায়াবেটিক সমিতিতে নিবন্ধিত ৫০ হাজার ২১১ জন রোগীর সংখ্যা দিয়ে পুরো জেলার ডায়াবেটিস পরিস্থিতি বোঝা সম্ভব নয়। কারণ, যাঁরা কোনো প্রতিষ্ঠানে নিবন্ধিত নন, তাঁদের হিসাব এই তালিকায় নেই। আবার যাঁদের রোগ এখনো শনাক্ত হয়নি, তাঁরাও থাকছেন হিসাবের বাইরে।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৪ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিসের বয়স-সমন্বিত প্রাদুর্ভাব ১৩ দশমিক ২ শতাংশ। দেশে আক্রান্ত মানুষের সংখ্যা আনুমানিক ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার। অন্যদিকে গাইবান্ধার জনসংখ্যা ২৫ লাখ ৬২ হাজার ২৩২ হলেও জেলায় ডায়াবেটিসে আক্রান্ত মানুষের নির্ভরযোগ্য হালনাগাদ পরিসংখ্যান নেই।

চিকিৎসকদের মতে, অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, ক্লান্তি ও অকারণে ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলেও অনেকে গুরুত্ব দেন না। ফলে রোগ শনাক্ত হতে দেরি হয়। নিয়মিত পরীক্ষা ও চিকিৎসা না হলে ডায়াবেটিস থেকে চোখ, কিডনি, স্নায়ু, হৃদ্‌যন্ত্র ও রক্তনালিতে নানা জটিলতা দেখা দিতে পারে।

চরাঞ্চলে চিকিৎসার পথে নদী ও অর্থের বাধা
ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জের বিভিন্ন চরাঞ্চলের মানুষের জন্য নিয়মিত চিকিৎসা নেওয়া বেশ কঠিন। নদী পারাপার, কাঁচা রাস্তা, বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এবং যাতায়াতের বাড়তি খরচ তাঁদের চিকিৎসাসেবার নাগাল থেকে দূরে রাখছে।

দিনমজুর বা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষের কাছে চিকিৎসকের কাছে যাওয়ার অর্থ অনেক সময় এক দিনের আয় হারানো। ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার ব্যয়ের পাশাপাশি যাতায়াত খরচও তাঁদের ওপর বাড়তি চাপ তৈরি করে। ইনসুলিন ব্যবহারকারীদের ক্ষেত্রে বিদ্যুৎ ও নিরাপদ তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের সমস্যাও রয়েছে। নদীভাঙনে বসতবাড়ি পরিবর্তন করতে হলে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখাও কঠিন হয়ে পড়ে।

কোন চরে কত মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, তাঁদের কতজন নিয়মিত চিকিৎসা পাচ্ছেন এবং কী ধরনের বাধার মুখে পড়ছেন—এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শহরেও চিকিৎসার ব্যয় পরিবারে চাপ তৈরি করছে
শুধু চরাঞ্চল নয়, শহরের নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্যও ডায়াবেটিসের চিকিৎসা ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে উঠছে। গাইবান্ধা পৌর শহরের কলেজপাড়ার বাসিন্দা মো. আবদুল করিমের (৫৮) কথাই ধরা যাক। একসময় ছোট দোকান চালালেও এখন ছেলের আয়ের ওপর নির্ভরশীল তিনি। পরিবারের মাসিক আয় প্রায় ১৮ হাজার টাকা। অথচ তাঁর ওষুধ, পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে মাসে খরচ হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা।

যাতায়াত খরচ কম হলেও চিকিৎসার ব্যয় পরিবারটির বাজেটে প্রভাব ফেলছে। তাঁর পুত্রবধূ আলাদা করে কম তেল ও কম ভাতের খাবার রান্না করেন। সংসারের ব্যয় সামলাতে নাতির প্রাইভেট টিউশনও কমাতে হয়েছে। আবদুল করিমের ভাষায়, ‘আমার অসুখের জন্য নাতির পড়া থেমে গেলে নিজেকে অপরাধী লাগে।’

সুন্দরগঞ্জের বামনডাঙ্গার জামাল উদ্দিনের (৪৫) পরিস্থিতিও ভিন্ন নয়। ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে মাসে প্রায় ১৪ হাজার টাকা আয় করেন তিনি। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় অসুস্থ হয়ে পড়লে পরিবারের আয় বন্ধ হয়ে যায়। ডায়াবেটিসের ওষুধ কিনতেই মাসে ব্যয় হয় প্রায় ১ হাজার ৫০০ টাকা। স্ত্রী সেলাইয়ের কাজ করে সামান্য অর্থ যোগ করেন। চিকিৎসার খরচ সামলাতে এক সন্তানের স্কুলের ব্যয়ও কমাতে হয়েছে। অর্থাৎ ডায়াবেটিসের কারণে একদিকে পরিবারের চিকিৎসা ব্যয় বাড়ছে, অন্যদিকে অসুস্থতার কারণে উপার্জন কমে যাচ্ছে।

চিকিৎসা ব্যয়ের বড় অংশই যায় ওষুধে
২০১৬-১৭ সালের খানা আয়-ব্যয় জরিপের ভিত্তিতে ২০২৩ সালে প্রকাশিত একটি জাতীয় গবেষণায় দেখা যায়, ডায়াবেটিস রোগীর বার্ষিক নিজস্ব চিকিৎসা ব্যয় গড়ে ২৫ হাজার ৪৭৩ টাকা। এর মধ্যে ৭৫ দশমিক ৪৩ শতাংশ অর্থ ব্যয় হয় ওষুধের পেছনে। এটি পুরোনো হিসাব হওয়ায় বর্তমান বাজারদরের সঙ্গে সরাসরি তুলনা করা যায় না। তবে দীর্ঘমেয়াদি এই রোগের চিকিৎসা যে পরিবারের ওপর বড় আর্থিক চাপ তৈরি করে, তার একটি ধারণা পাওয়া যায়।

অনেক পরিবারে রোগীর জন্য আলাদা খাবারের ব্যবস্থা করাও সম্ভব হয় না। একই বাজার, একই রান্না ও সীমিত সামর্থ্যের মধ্যে পরিবারের সবাইকে চলতে হয়। কারও ধারণা, ডায়াবেটিস হলে ভাত ও মিষ্টি পুরোপুরি বন্ধ করতে হবে। আবার কেউ চিকিৎসকের পরামর্শের বদলে প্রচলিত ধারণা বা বিশ্বাসের ওপর নির্ভর করেন। পরিবারের রোগীর পরিচর্যার বড় দায়িত্বও অনেক সময় নারীদের ওপর পড়ে। নারী নিজেই রোগী হলে তাঁর চিকিৎসা ও পরিচর্যার বিষয়টি আরও আড়ালে থেকে যায়।

চরাঞ্চলে সেবা পৌঁছানোর উদ্যোগ জরুরি
গাইবান্ধা ডায়াবেটিক সমিতিতে ডায়েটিশিয়ান ও হেলথ এডুকেটর থাকলেও তাঁদের পরামর্শ প্রত্যন্ত এলাকার মানুষের কাছে কতটা পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুধু জেলা শহরের চিকিৎসাকেন্দ্রের ওপর নির্ভর না করে চরাঞ্চল পর্যন্ত সেবা সম্প্রসারণ করা প্রয়োজন।

এ ক্ষেত্রে উঠান বৈঠক, কমিউনিটি ক্লিনিকে নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা, চরে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা ক্যাম্প এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে রোগী শনাক্ত ও নিয়মিত খোঁজখবর নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গ্লুকোজ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিনের সরবরাহ কতটা রয়েছে, তা নিশ্চিত করা জরুরি। রোগীদের নিবন্ধন ও চিকিৎসার ধারাবাহিকতা পর্যবেক্ষণের ব্যবস্থাও গড়ে তুলতে হবে।

ডায়াবেটিস কেবল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পরিবারের আয়-ব্যয়, জীবনযাপন, দায়িত্ব ও সম্পর্কের নানা দিক। গাইবান্ধার ডায়াবেটিক সমিতির খাতায় থাকা ৫০ হাজারের বেশি রোগীর পাশাপাশি তালিকার বাইরে থাকা মানুষদের শনাক্ত করাও এখন গুরুত্বপূর্ণ। বিশ্ব ডায়াবেটিস দিবসের আয়োজন তখনই অর্থবহ হবে, যখন শহরের পাশাপাশি প্রত্যন্ত চরাঞ্চলের রোগীরাও নিয়মিত ও সাশ্রয়ী চিকিৎসার সুযোগ পাবেন।

কালের আলো/এসএ/ইএকে

Link copied!