Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ১১:৩৬ এএম

সীতাকুণ্ড মহাসড়কে মৃত্যুর মিছিল!

চট্টগ্রাম সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ১১:৩৬ এএম

সীতাকুণ্ড মহাসড়কে মৃত্যুর মিছিল!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের বার আউলিয়া হাইওয়ে থানায় টানা তিন মাস ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) না থাকায় পুলিশের তদারকি ও কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে গত ছয় মাসে থানার আওতাধীন এলাকায় ৩০টি সড়ক দুর্ঘটনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। অবৈধ পার্কিং, যানবাহনের বিশৃঙ্খল চলাচল এবং পুলিশের জনবল ও নেতৃত্ব সংকট পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

তিন মাস ধরে ওসি নেই থানায়
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত চার মাসে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি ও সাব-ইন্সপেক্টর (এসআই) পদে চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঘনঘন কর্মকর্তা পরিবর্তন এবং দীর্ঘদিন ধরে থানার শীর্ষ পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ে পুলিশের নিয়মিত তদারকি ও দায়িত্ব পালনের ধারাবাহিকতাও ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অবৈধ পার্কিংয়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, পুলিশের নেতৃত্ব ও জনবল সংকটের সুযোগে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বাজার এলাকায় অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের প্রবণতা বেড়েছে। বিশেষ করে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান যেখানে-সেখানে দাঁড় করিয়ে রাখায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।

মহাসড়কের পাশে এসব যানবাহন দাঁড়িয়ে থাকায় সড়কের ব্যবহারযোগ্য অংশ সংকুচিত হচ্ছে। ফলে দ্রুতগতির যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতে দৃশ্যমানতা কমে গেলে দাঁড়িয়ে থাকা যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা আরও বেড়ে যায়। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

ডিজিটাল মামলা ব্যবস্থায় কারিগরি জটিলতা
হাইওয়ে পুলিশের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এআই প্রযুক্তিনির্ভর ডিজিটাল মামলা ব্যবস্থার কারণে যানবাহনের বিরুদ্ধে প্রচলিত পদ্ধতিতে তাৎক্ষণিক মামলা করতে কিছু কারিগরি সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে। এতে আইন অমান্যকারী এবং অবৈধভাবে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে।

তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকলেও মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নতুন ওসি নিয়োগ, ৩০ নভেম্বর থেকে অভিযান
বার আউলিয়া হাইওয়ে থানার সংকট কাটাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান। তিনি জানান, থানাটিতে ইতোমধ্যে নতুন একজন ইন্সপেক্টরকে ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে তিনি কর্মস্থলে যোগ দেবেন।

এ ছাড়া মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী ৩০ নভেম্বর থেকে নতুন করে বিশেষ অভিযান শুরু করা হবে। এই অভিযানের মাধ্যমে সড়কে অনিয়ম ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

অভিযানের পাশাপাশি স্থায়ী সমাধানের দাবি
সচেতন মহলের মতে, দুর্ঘটনা কমাতে কেবল বিশেষ অভিযান পরিচালনা করলেই হবে না। মহাসড়কের অবৈধ পার্কিং স্থায়ীভাবে বন্ধ করা, ধীরগতির ও নিষিদ্ধ যানবাহন নিয়ন্ত্রণ, নিয়মিত টহল এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি থানায় পর্যাপ্ত জনবল ও স্থায়ী নেতৃত্ব নিশ্চিত করাও প্রয়োজন।

গত ছয় মাসে ৩০টি দুর্ঘটনায় ৩৩ জনের প্রাণহানির ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। তাদের প্রশ্ন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আর কত মানুষের প্রাণহানি ঘটতে হবে? কবে বন্ধ হবে যত্রতত্র যানবাহন পার্কিং? নিরাপদে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা কবে পাবেন সাধারণ যাত্রীরা? আর কোনো প্রাণহানি দেখতে চান না উল্লেখ করে দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সীতাকুণ্ডের সচেতন বাসিন্দারা।

কালের আলো/এসএ/টিসি

Link copied!