Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ১১:১৬ এএম

কুয়াশার চাদরে লাল শাপলার স্বর্গরাজ্য হাজাছড়া বিল

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ১১:১৬ এএম

কুয়াশার চাদরে লাল শাপলার স্বর্গরাজ্য হাজাছড়া বিল

শীতের হিমেল হাওয়া, ভোরের কুয়াশা আর বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলা—প্রকৃতির এমন মনোমুগ্ধকর সাজে নতুন আকর্ষণ হয়ে উঠেছে খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া বিল। শীতের আগমনের সঙ্গে সঙ্গে বিলের পানিতে ফুটেছে লাল শাপলা। সেই সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসছেন দূরদূরান্তের প্রকৃতিপ্রেমী ও পর্যটকেরা। তাঁদের পদচারণায় মুখর হয়ে উঠছে একসময়ের তুলনামূলক অপরিচিত এই জলাভূমি। একই সঙ্গে তৈরি হচ্ছে স্থানীয় মানুষের আয়-রোজগার ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে অবস্থিত প্রায় ১০ একর আয়তনের হাজাছড়া বিলের প্রায় চার একরজুড়ে এ বছর ফুটেছে লাল শাপলা। বিলের পানিতে ছড়িয়ে থাকা অসংখ্য শাপলা আর চারপাশের প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করছে। প্রতিদিন সকাল থেকেই পরিবার, বন্ধু কিংবা একাকী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসছেন অনেকে।

ভোরের আলোয় শাপলার অপরূপ সৌন্দর্য
স্থানীয়দের তথ্যমতে, প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ জন দর্শনার্থী হাজাছড়া বিলে ঘুরতে আসছেন। তাঁদের অনেকেই নৌকায় চড়ে পুরো বিল ঘুরে দেখছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন, আবার কেউ নীরবে উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য।

বিশেষ করে ভোরের আলোয় লাল শাপলার সৌন্দর্য হয়ে ওঠে আরও আকর্ষণীয়। কুয়াশায় ঢাকা বিলের পানিতে ফুটে থাকা শাপলা যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক মনোমুগ্ধকর দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় দর্শনার্থীদের আগ্রহও বাড়ছে।

শাপলা দেখতে এসে বাড়ছে স্থানীয়দের আয়
পর্যটকদের আনাগোনায় নতুন করে আয়ের সুযোগ তৈরি হয়েছে স্থানীয় নৌকাচালকদের। দর্শনার্থীদের বিল ঘুরিয়ে দেখানোর মাধ্যমে প্রতিদিন বাড়তি অর্থ উপার্জন করছেন তাঁরা।

স্থানীয় নৌকাচালক ইসমাইল হোসেন জানান, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ শাপলা দেখতে আসছেন। তাঁদের নৌকায় করে বিল ঘুরিয়ে দেখান তিনি। এতে প্রতিদিন তাঁর অন্তত ৭০০ থেকে ৮০০ টাকা আয় হচ্ছে। পর্যটকের সংখ্যা আরও বাড়লে আয়ও বাড়বে বলে আশা করছেন তিনি।

শুধু নৌকাচালক নয়, পর্যটকদের যাতায়াতের কারণে স্থানীয় ইজিবাইক বা টমটমচালকদেরও আয় বাড়ছে। চালক মো. রহিম জানান, বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের পরিবহন করতে পারায় তাঁদের বাড়তি উপার্জনের সুযোগ তৈরি হয়েছে। যোগাযোগব্যবস্থা আরও উন্নত হলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে ছুটছেন পর্যটকেরা
হাজাছড়া বিলের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। দর্শনার্থী দীমান চন্দ্র পাল জানান, ফেসবুকে লাল শাপলার ছবি ও ভিডিও দেখে বিলটি ঘুরে দেখার পরিকল্পনা করেন তিনি। সরাসরি এসে প্রকৃতির সৌন্দর্য দেখে প্রত্যাশার চেয়েও বেশি মুগ্ধ হয়েছেন।

তাঁর মতে, চারদিকে লাল শাপলা, নির্মল পরিবেশ এবং নৌকায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অসাধারণ। এমন প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করা প্রয়োজন। আরেক দর্শনার্থী মো. শফিক বলেন, শীতের সকালে হাজাছড়া বিলের সৌন্দর্য ছবির চেয়েও বেশি আকর্ষণীয়। পর্যটকদের জন্য আরও নৌকা, বসার জায়গা ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করা গেলে এখানে আরও বেশি মানুষ আসবেন। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানও বাড়বে।

প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সচেতনতার আহ্বান
হাজাছড়া বিলের সৌন্দর্য আলোকচিত্রপ্রেমীদেরও আকৃষ্ট করছে। প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার চাথোয়াই মারমা জানান, বিলের লাল শাপলা, স্বচ্ছ পানি ও চারপাশের প্রাকৃতিক পরিবেশ ছবি তোলার জন্য অসাধারণ। বিশেষ করে ভোরের আলোয় শাপলার সৌন্দর্য ভিন্ন মাত্রা পায়।

তবে এই সৌন্দর্য ধরে রাখতে দর্শনার্থীদের সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। শাপলা না ছেঁড়া, বিলের পানিতে ময়লা না ফেলা এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি মো. হাসান মামুন বলেন, আগে বিলটি তেমন পরিচিত ছিল না। কিন্তু লাল শাপলা ফুটতে শুরু করার পর বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। এতে এলাকার পরিচিতি বাড়ার পাশাপাশি নৌকাচালকসহ স্থানীয় মানুষের আয়-রোজগারের সুযোগ তৈরি হয়েছে। তাঁর মতে, সরকারি উদ্যোগে পরিকল্পিতভাবে বিলটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে স্থানীয় মানুষের কর্মসংস্থান আরও বাড়বে।

পর্যটনকেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা
দীঘিনালা উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের জানান, লাল শাপলার সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ হাজাছড়া বিলে আসছেন। স্থানটি পর্যটনের সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ রয়েছে। তবে শাপলার সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে দর্শনার্থীদের ভোরে বিলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

স্থানীয়দের দাবি, হাজাছড়া বিলকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। দর্শনার্থীদের জন্য নৌকার সংখ্যা বাড়ানো, যাতায়াতব্যবস্থার উন্নয়ন, বসার জায়গা এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হলে পর্যটকদের ভোগান্তি কমবে। পাশাপাশি স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর লাল শাপলার সমারোহে হাজাছড়া বিল ইতোমধ্যে দীঘিনালার নতুন আকর্ষণ হয়ে উঠেছে। তবে পর্যটনের প্রসারের পাশাপাশি বিলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিকল্পিত উদ্যোগ ও স্থানীয় মানুষের অংশগ্রহণ থাকলে এই বিল একদিন পাহাড়ি অঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে।

কালের আলো/এসএ/এএইচ

Link copied!