Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

পটুয়াখালী সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৯:৩৫ এএম

তিন গ্রামের ৭ হাজার মানুষের দুর্ভোগ, ঝুঁকিতে ৫ শতাধিক শিক্ষার্থী

পটুয়াখালী সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৯:৩৫ এএম

তিন গ্রামের ৭ হাজার মানুষের দুর্ভোগ, ঝুঁকিতে ৫ শতাধিক শিক্ষার্থী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন তিন গ্রামের প্রায় সাত হাজার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে বাঁশের সাঁকো পার হয়ে চলাচল করতে হচ্ছে তাদের। বিশেষ করে পাঁচ শতাধিক শিক্ষার্থীর প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দুর্ঘটনার আশঙ্কায় অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতেও নিরুৎসাহিত হচ্ছেন।

উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামের তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রয়েছে একটি বড় খাল। খালটির ওপর পাকা সেতু না থাকায় স্থানীয়দের উদ্যোগে নির্মিত ২৪০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হতে হয় শিক্ষার্থীসহ এলাকার বাসিন্দাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ এই সাঁকো ব্যবহার করেন। নারী, শিশু ও বয়স্কদের জন্য সাঁকোটি পার হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা বেশি।

ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত

তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী চাঁদনী আক্তার জানায়, প্রতিদিন এই সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। পা পিছলে অনেকে পানিতে পড়ে যায়। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের ছোট শিশুরা সাঁতার না জানায় তাদের জন্য বিষয়টি আরও ভয়ংকর।

পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন দাস বলেন, খালের পানিতে প্রায়ই শিশুরা পড়ে যাওয়ার উপক্রম হয়। এ নিয়ে শিক্ষক ও অভিভাবকদের সব সময় আতঙ্কে থাকতে হয়। যাতায়াত ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চাইছেন না।

সেতুর দাবিতে দীর্ঘদিনের চেষ্টা

স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ এই সাঁকো দিয়ে চলাচল করেন। ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে গিয়ে বহুবার শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে একটি সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন এলাকাবাসী।

আলগী তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আবদুল রশিদ খাঁ বলেন, এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, বিদ্যালয়ের উত্তর পাশে খালের ওপর ২৪০ ফুটের একটি বাঁশের সাঁকো রয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্ন দপ্তরে সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু অজ্ঞাত কারণে সেই উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে না।

পুল ভেঙে যাওয়ার পর শুরু দুর্ভোগ

আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন জানান, আগে ওই স্থানে একটি পুল ছিল। সেটি ভেঙে যাওয়ার পর থেকেই এলাকাবাসীর দুর্ভোগ শুরু হয়। পুলটি পুনর্নির্মাণের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ অব্যাহত রয়েছে।

পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, খালের ওপর একটি সেতু নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট দূর হবে। একই সঙ্গে শিক্ষার্থীরা নিরাপদে ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে।

দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!