Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

পটুয়াখালী সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০১:১৬ পিএম

পতিত জমিতে সবজি চাষে সফল কৃষক ফারুক

পটুয়াখালী সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০১:১৬ পিএম

পতিত জমিতে সবজি চাষে সফল কৃষক ফারুক

পটুয়াখালীর দুমকি উপজেলায় বাড়ির আঙিনার পতিত জমি কাজে লাগিয়ে শীতকালীন সবজি চাষে সফলতার মুখ দেখছেন কৃষক মো. ফারুক হোসেন। মাত্র ২০ শতক জমিতে প্রায় আট হাজার টাকা বিনিয়োগ করে লাউ, মিষ্টিকুমড়া, লালশাক, করলা, লাফা ও শিমের আবাদ করেছেন তিনি। ইতোমধ্যে ক্ষেতের উৎপাদিত লাউ ও শাকসবজি বিক্রি করে আয়ও শুরু হয়েছে। কৃষি বিভাগের সহায়তা ছাড়াই নিজের উদ্যোগ, শ্রম ও পরিকল্পনায় গড়ে তুলেছেন এই সবজিক্ষেত।

ফারুক হোসেন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাড়ির পাশের অব্যবহৃত জমিকে উৎপাদনমুখী করতে তিনি সবজি চাষের উদ্যোগ নেন। প্রায় ২০ শতক জমিতে একসঙ্গে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি আবাদ করেছেন। এতে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদনের পাশাপাশি মৌসুমজুড়ে সবজি বিক্রির সুযোগ তৈরি হয়েছে।

মাচায় ঝুলছে লাউ, মাঠজুড়ে নানা সবজি
সরেজমিনে দেখা যায়, ফারুকের সবজিক্ষেতে মাচার ওপর বেড়ে উঠেছে লাউগাছ। গাছে ঝুলছে ছোট-বড় লাউ। পাশাপাশি জমির বিভিন্ন অংশে বেড়ে উঠছে মিষ্টিকুমড়া, করলা, লাফা ও শিমগাছ। ক্ষেতের একাংশে চাষ করা লালশাক ইতোমধ্যে বিক্রি করেছেন তিনি। প্রথম দফায় লাউ ও অন্যান্য শাকসবজিও বিক্রি করে আয় পেয়েছেন।

ফারুক হোসেন জানান, সবজি চাষে এখন পর্যন্ত তাঁর মোট খরচ হয়েছে প্রায় আট হাজার টাকা। জমি প্রস্তুত থেকে শুরু করে বীজ বপন, পরিচর্যা ও অন্যান্য কাজ নিজেই করেছেন। উৎপাদিত সবজি বিক্রি করে বিনিয়োগের টাকা উঠে আসার পাশাপাশি লাভের আশা করছেন তিনি।

এক ফসল তুলে জমিতে করবেন আরেক ফসল
ফারুকের পরিকল্পনা শুধু চলতি মৌসুমের সবজি চাষেই সীমাবদ্ধ নয়। তিনি জানান, লালশাক তুলে ফেলার পর ওই জমিতে ঢেরস চাষ করবেন। পর্যায়ক্রমে একেকটি ফসল সংগ্রহ করে সেই জমিতে নতুন সবজি আবাদ করতে চান। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি সবজি বাজারে বিক্রি করা সম্ভব হবে।

তবে নিজের উদ্যোগে সবজি চাষ শুরু করলেও এখন পর্যন্ত কৃষি বিভাগের কোনো ধরনের সহায়তা বা পরামর্শ পাননি বলে জানিয়েছেন ফারুক। প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা পেলে চাষের পরিধি আরও বাড়াতে পারবেন বলে আশা তাঁর।

অল্প জমিতে বাড়তি আয়ের সম্ভাবনা
স্বল্প জমি ও সীমিত পুঁজি নিয়েও পরিকল্পিত উদ্যোগ এবং পরিশ্রমের মাধ্যমে সবজি চাষে সফলতা পাওয়া সম্ভব—ফারুক হোসেনের উদ্যোগ তার একটি উদাহরণ। বাড়ির আশপাশের পতিত জমিতে মৌসুমি সবজি চাষ করে একদিকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ, অন্যদিকে বাড়তি আয়ের সুযোগ তৈরি করা যায়। তাঁর এই উদ্যোগ স্থানীয় অন্যদেরও অব্যবহৃত জমি চাষাবাদের আওতায় আনতে উৎসাহিত করতে পারে।

কালের আলো/এম/এএইচ

Link copied!