Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৪:০৪ পিএম

অসুস্থতা জয় করে পর্দায় ফিরলেন, প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৪:০৪ পিএম

অসুস্থতা জয় করে পর্দায় ফিরলেন, প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে টিউমার, অস্ত্রোপচার ও কেমোথেরাপির কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ নয় মাসের বিরতি শেষে তাঁর অভিনীত নতুন নাটক ‘অংশীদার’ মুক্তি পেয়েছে। নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। বিশেষ করে তাঁর পর্দায় ফেরাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

গত ২৬ অক্টোবর ‘অংশীদার’ নাটকের শুটিংয়ে অংশ নেন তানিয়া বৃষ্টি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটি গত শনিবার (২১ নভেম্বর)  প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।

নারীর অধিকার ও আত্মমর্যাদার গল্প
পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অংশীদার’। নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।

মুক্তির পর দর্শকের প্রশংসায়
নাটকটি মুক্তির পর অল্প সময়েই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। এখন পর্যন্ত এর ভিউ দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজারে। নাটকের গল্পের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পেয়েছেন অনেক দর্শক। বিশেষ করে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে নাটকের বক্তব্য দর্শকদের আবেগাপ্লুত করেছে।

সুমাইয়া নামের এক দর্শক মন্তব্য করেছেন, নাটকটি দেখে তিনি কেঁদে ফেলেছেন। তাঁদের পরিবারেও তিন বোন, কোনো ভাই নেই। ছেলের সন্তান না থাকলে সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে—এমন বাস্তবতা তাঁকে কষ্ট দেয় বলে জানান তিনি।

ফারজানা নামের আরেক দর্শক লিখেছেন, নাটকের গল্পের সঙ্গে তাঁদের পারিবারিক বাস্তবতার অনেক মিল রয়েছে। তাঁরা দুই বোন। বাবা মারা যাওয়ার পর আত্মীয়স্বজনের নানা রূপ দেখেছেন। তবে বাবা জীবিত থাকতেই তাঁদের নামে সম্পত্তির দলিল করে দিয়েছিলেন।

তানিয়ার ফিরে আসায় ভক্তদের উচ্ছ্বাস
দীর্ঘ বিরতির পর তানিয়া বৃষ্টিকে নতুন নাটকে দেখে আনন্দ প্রকাশ করেছেন দর্শকেরা। অনেকে তাঁর সুস্থতা ও দীর্ঘ অভিনয়জীবন কামনা করেছেন। একজন দর্শক লিখেছেন, প্রিয় অভিনেত্রীকে আবার নাটকে ফিরে পেয়ে ভালো লাগছে। আরেকজন তাঁর সুস্থতা কামনা করে নিয়মিত নতুন কাজ উপহার দেওয়ার প্রত্যাশা জানিয়েছেন।

দর্শকদের এমন সাড়ায় উচ্ছ্বসিত নাটকটির নির্মাতা ইকসান রনি। তাঁর ভাষ্য, ‘অংশীদার’ মূলত সমাজের বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার ও আত্মমর্যাদার বিষয়টি তুলে ধরতে চেয়েছেন তাঁরা। মাত্র ২২ ঘণ্টায় দর্শকেরা নাটকটি যেভাবে গ্রহণ করেছেন, তা পুরো দলের জন্য বড় অনুপ্রেরণা।

অসুস্থতার পর অভিনয়ে ফেরার গল্প
এর আগে গত বছরের শেষ দিকে তানিয়া বৃষ্টির সঙ্গে কাজ করার পরিকল্পনা করেছিলেন নির্মাতা। কিন্তু হঠাৎ তাঁর অসুস্থতার খবর পাওয়ায় সেই কাজ আর এগোয়নি। পরে প্রায় এক মাস ধরে তাঁদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। গল্পটি পড়ে তানিয়া নিজেই কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

শুটিংয়ের আগে দুই দিন প্রস্তুতিও নিয়েছিলেন তাঁরা। নির্মাতা জানান, অভিনয়ে ফেরার জন্য তানিয়া বেশ উদ্গ্রীব ছিলেন। শুটিংয়ে তাঁকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। ‘অংশীদার’ নাটকে নিজের চরিত্রেও তিনি ভালো অভিনয় করেছেন বলে মনে করেন নির্মাতা।

দীর্ঘ চিকিৎসা ও বিরতির পর তানিয়া বৃষ্টির এই প্রত্যাবর্তন তাই শুধু নতুন নাটকে অভিনয় নয়, তাঁর ভক্তদের কাছে প্রিয় অভিনেত্রীকে আবার পর্দায় ফিরে পাওয়ার আনন্দও।

কালের আলো/এসএ/জেএন

Link copied!