Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

মাদারীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১২:৫৮ পিএম

ইউএনওর বদলিতে ক্ষুব্ধ শিবচরবাসী, আদেশ পুনর্বিবেচনার দাবি

মাদারীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১২:৫৮ পিএম

ইউএনওর বদলিতে ক্ষুব্ধ শিবচরবাসী, আদেশ পুনর্বিবেচনার দাবি

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের বদলির খবরে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের অনেকে। বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে আরও অন্তত দুই বছর শিবচরে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বদলির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে পোস্ট দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের দাবি, তার উদ্যোগে শুরু হওয়া উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে শিবচরে রাখা প্রয়োজন।

উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকার প্রশংসা

৩৬তম বিসিএসের কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ২০২৫ সালের ২৪ আগস্ট শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। দায়িত্ব গ্রহণের পর অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার ভূমিকার কথা তুলে ধরছেন স্থানীয়রা। উপজেলা পরিষদ এলাকাকে সুন্দরভাবে সাজানোর উদ্যোগের কথাও উল্লেখ করছেন তারা।

স্থানীয় বাসিন্দা রিয়াজ রওনক বলেন, ‘একজন ভালো মনের ও জনবান্ধব ইউএনও এইচ এম ইবনে মিজান। তিনি যোগদানের পর থেকে শিবচরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার হাত ধরে শুরু হওয়া উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে অন্তত আরও দুই বছর শিবচরে প্রয়োজন। তার বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানাই। ব্যক্তি স্বার্থ নয়, এটি শিবচরের বৃহত্তর স্বার্থের দাবি।’

স্থানীয় বাসিন্দা কাওসার হামিদ খান বলেন, ‘এইচ এম ইবনে মিজান একজন মানবিক ও জনবান্ধব ইউএনও। শিবচরে যোগদানের পর থেকে তিনি উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগে শুরু হওয়া উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে অন্তত আরও দুই বছর শিবচরে প্রয়োজন। এ দাবি কোনো ব্যক্তিগত স্বার্থের নয়, বরং শিবচরের বৃহত্তর জনস্বার্থের।’

শিবচর বাজারের ব্যবসায়ী মো. মহিউদ্দিনও ইউএনওর বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তার ভাষ্য, এই কর্মকর্তা যোগদানের পর থেকে শিবচরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

বদলির সিদ্ধান্তে অসন্তোষ

সুশাসনের জন্য নাগরিক (সুজন) শিবচর শাখার সভাপতি আবুল খায়ের খান বলেন, এইচ এম ইবনে মিজান শিবচরে দায়িত্ব পালন করা ইউএনওদের মধ্যে অন্যতম জনবান্ধব কর্মকর্তা। অবৈধ ড্রেজার ও মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উপজেলা পরিষদ এলাকাকেও সুন্দরভাবে সাজিয়েছেন।

তিনি বলেন, ইউএনওর বেশ কিছু উন্নয়নমূলক কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। এ অবস্থায় তার বদলির আদেশ শিবচরের মানুষের জন্য মেনে নেওয়া কষ্টকর। বিষয়টি নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে।

যা বলছেন ইউএনও

বদলির বিষয়ে ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, ‘বদলির বিষয়টি আমার কাছেও কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। শিবচরের কেউ হয়তো চান না আমি এখানে থাকি। তবে মন্ত্রণালয় থেকে বদলির আদেশ এসেছে, সরকারি কর্মচারী হিসেবে এ বিষয়ে আমার কিছু করার নেই।’

তিনি আরও বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে শিবচরের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের অন্যতম বড় অর্জন। শিবচরের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, শিবচরের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউএনওর বদলির আদেশ পুনর্বিবেচনা করবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!