নাটোরের সিংড়া উপজেলায় রানীভবানী খালের ওপর নির্মিত রথবাড়ী সেতুর পাটাতন ভেঙে দুই বছর ধরে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। প্রায় ৭০ থেকে ৭৫ বছর আগে নির্মিত সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১০ থেকে ১২ গ্রামের বাসিন্দা। দুর্ঘটনা এড়াতে সেতুর দুই পাশে বাঁশের বেড়া দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন ঝুঁকি নিয়ে বাঁশের চাটাই দিয়ে সেতু পারাপার হচ্ছেন।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, তেরবাড়িয়া-চৌগ্রাম পাকা সড়কের রানীভবানী খালের ওপর অবস্থিত রথবাড়ী সেতুটির পাটাতন ভেঙে গেছে। সেতুর দুই পাশে বাঁশের বেড়া দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে রেখেছেন স্থানীয়রা। পথচারীদের চলাচলের জন্য সেতুর ওপর বাঁশের চাটাই তৈরি করা হয়েছে। এ পথ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
সেতু দিয়ে যানবাহন চলাচল করতে না পারায় ভ্যান, রিকশা ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনকে প্রায় চার কিলোমিটার ঘুরে নাটোর-বগুড়া মহাসড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে যাতায়াতের সময় ও খরচ বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, আগের তুলনায় তিন থেকে চার গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে।
ঝুঁকি নিয়েই পারাপার
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সেতুটি প্রায় ৭০ থেকে ৭৫ বছর আগে নির্মাণ করা হয়েছিল।
ফটিকাহার মহল্লার বাসিন্দা ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন গিয়াস বলেন, রথবাড়ী সেতুটি অনেক পুরোনো। পাটাতন ভেঙে যাওয়ায় দুই বছর ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সেতুর দুই পাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। সেতুর কংক্রিট খুলে খুলে পড়ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
মাড়িয়াপাড়ার কৃষক তৌহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। প্রতিদিন অনেক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে সেতু পার হয়ে স্কুল-কলেজে যায়। একই সঙ্গে দুর্ঘটনার আশঙ্কা নিয়েই কৃষকদের ধান, সারসহ বিভিন্ন মালপত্র বহন করতে হচ্ছে।
মাড়িয়াপাড়া গ্রামের ৭৫ বছর বয়সী মজিবুর রহমান বলেন, সেতুটি পাকিস্তান আমলে নির্মাণ করা হয়েছিল। এরপর আর সংস্কার করা হয়নি। রানীভবানী খালের ওপর নির্মিত এই সেতু দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অটোভ্যানচালক গোলাপ হোসেন বলেন, সেতু ভেঙে যাওয়ায় বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হয়। এতে ভাড়া বেড়ে যাওয়ায় যাত্রী কমেছে। ফলে আগের মতো আয় হচ্ছে না।
ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডেও প্রভাব
ছোট চৌগ্রামের ব্যবসায়ী আছমত আলী বলেন, সপ্তাহের সোমবার ও শুক্রবার হাটবারে সহজে ও কম খরচে জামতলী ও রণবাঘা হাটে যাওয়া যেত। এখন সেতু ভেঙে যাওয়ায় যাতায়াতে বেশি সময় ও ভাড়া লাগছে। পণ্য পরিবহনেও বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।
তেরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও রথবাড়ী গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় ১০ থেকে ১২ গ্রামের মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। এমনকি চৌগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে মরদেহ দাফনের জন্য রথবাড়ী ও চৌগ্রাম স্কুলপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষকে অনেক দূর ঘুরে যেতে হচ্ছে।
নতুন সেতুর প্রস্তাব জমা
এ বিষয়ে সিংড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. খলিলুর রহমান বলেন, তিনি চার মাস আগে সিংড়া কার্যালয়ে যোগ দিয়েছেন। এরই মধ্যে সেতুটি সরেজমিনে পরিদর্শন করেছেন। সেখানে নতুন সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি















-20261119145050.jpg)
-20261121140412.jpg)



