মাসের প্রথম সপ্তাহে বেতন হাতে পেয়ে কিছুটা স্বস্তি ফেরে সংসারে। বাড়িভাড়া, বিদ্যুৎ-গ্যাস বিল, বাজার, সন্তানের পড়াশোনা, চিকিৎসা—সবকিছুর হিসাব কষে শুরু হয় নতুন মাসের পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনা আর শেষ পর্যন্ত টেকে না। নিত্যপণ্যের বাড়তি দাম ও জীবনযাত্রার ব্যয়ের চাপে মাসের মাঝামাঝি সময়েই ফুরিয়ে যায় আয়ের বড় অংশ। বাকি দিনগুলো কাটাতে হয় ধারদেনা, বাকিতে কেনাকাটা কিংবা জমানো টাকা ভেঙে। মাসের শেষ সপ্তাহে অনেক পরিবারের বাজারের ব্যাগ ছোট হয়ে আসে। মাছ-মাংসের পরিবর্তে খাবারের তালিকায় জায়গা করে নেয় ডাল, আলু, ডিম ও কম দামের সবজি।
এমন পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও বেসরকারি চাকরিজীবী, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় বাড়ানোর কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ উঠেছে। ফলে একই বাজারে একই দামে পণ্য কিনতে গিয়ে আয়ভেদে মানুষের সংকট আরও প্রকট হচ্ছে। বিশেষ করে নির্দিষ্ট বেতনের ওপর নির্ভরশীল মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো সংসারের খরচ সামলাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ। বিপরীতে মজুরি বৃদ্ধির হার মাত্র ৭ দশমিক ৬৩ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতির হার বেশি। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায়। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার এখন ঋণ করে সংসার চালাচ্ছে।
বেতন ৪৫ হাজার, ছয় সদস্যের সংসারেও টানাপোড়েন
রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে নিত্যপণ্য কিনতে এসে নিজের সংসারের এমন চিত্র তুলে ধরেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মইনুল ইসলাম (৪৮)। তিনি বলেন, মাসে ৪৫ হাজার টাকা বেতন পান। এই আয় দিয়ে ছয় সদস্যের পরিবারের খরচ চালাতে গিয়ে তাঁকে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে।
তিনি বলেন, খেয়ে-পরে বেঁচে থাকতে এখন প্রয়োজনের তুলনায় কম পরিমাণে পণ্য কিনতে হচ্ছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ায় তাঁদের কিছুটা স্বস্তি থাকলেও বেসরকারি চাকরিজীবীদের পরিস্থিতি ভিন্ন। আগে মাসের বেতন দিয়ে ৩০ দিন ভালোভাবে চলতে পারতেন। এখন সপ্তাহ পার হতেই সংসারের বাজেট শেষ হয়ে যাচ্ছে।
মইনুল ইসলামের ভাষ্য, বাসাভাড়া, চিকিৎসা, বিদ্যুৎ ও গ্যাস বিলসহ প্রায় সব খাতেই ব্যয় বেড়েছে। অথচ গত পাঁচ বছরে তাঁর আয় বাড়েনি। ফলে সংসারের প্রয়োজন মেটাতে গিয়ে প্রতিনিয়ত খরচ কমানোর চেষ্টা করতে হচ্ছে।
আয় বাড়ার আগেই বেড়েছে ব্যয়ের পাহাড়
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব এখন শুধু নিম্ন আয়ের মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। মধ্যবিত্ত পরিবারগুলোর জীবনযাত্রার হিসাবেও বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে যেসব পরিবার মাসের শুরুতেই পুরো মাসের বাজারের পরিকল্পনা করত, এখন তাদের অনেকেই সপ্তাহভিত্তিক বাজার করতে বাধ্য হচ্ছে।
সংসারের খরচ কমাতে অনেক পরিবার মাছ-মাংস কেনা কমিয়ে দিয়েছে। কেউ সন্তানের বিনোদন ও বাড়তি শিক্ষা ব্যয় কমাচ্ছেন, কেউ চিকিৎসা পিছিয়ে দিচ্ছেন। আবার অনেকে সঞ্চয় ভেঙে দৈনন্দিন খরচ মেটাচ্ছেন। ফলে বর্তমানের ব্যয় সামলাতে গিয়ে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তাও ঝুঁকিতে পড়ছে।
মূল্যস্ফীতির সঙ্গে মজুরি বৃদ্ধির ব্যবধান সাধারণ মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে। বাজারে পণ্যের দাম যে হারে বাড়ছে, মানুষের আয় সে হারে বাড়ছে না। ফলে কাগজে-কলমে আয় অপরিবর্তিত কিংবা সামান্য বাড়লেও বাস্তবে সেই আয় দিয়ে আগের মতো পণ্য ও সেবা কেনা সম্ভব হচ্ছে না।
শুধু মূল্যস্ফীতি কমালেই হবে না, ফিরিয়ে আনতে হবে ক্রয়ক্ষমতা
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, সরকারের সামনে বড় চ্যালেঞ্জ শুধু মূল্যস্ফীতির হার কমানো নয়, মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনা।
তিনি বলেন, এজন্য বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে হবে। অযৌক্তিক মুনাফা ও মজুতদারি নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত মধ্যবর্তী ব্যয় কমাতে হবে। একই সঙ্গে বাজারে কার্যকর প্রতিযোগিতা নিশ্চিত করা জরুরি।
এসএম নাজের হোসাইনের মতে, শ্রমজীবী মানুষের মজুরি পুনর্নির্ধারণ, বেসরকারি খাতে আয় বৃদ্ধির পরিবেশ তৈরি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কারণ, মূল্যস্ফীতির অভিঘাত এখন আর শুধু বাজারের দামের তালিকায় সীমাবদ্ধ নেই। এটি মানুষের খাবারের পাতে, সন্তানের শিক্ষায়, চিকিৎসা গ্রহণের সিদ্ধান্তে এবং ভবিষ্যতের সঞ্চয়ে সরাসরি আঘাত করছে।
তিনি আরও বলেন, মাসের শুরুতে যে আয় দিয়ে ৩০ দিনের সংসার চালানোর পরিকল্পনা করা হয়, তা দিয়ে অনেক পরিবারকে ১৫ থেকে ২০ দিন পার করতেই হিমশিম খেতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বাড়ানোর কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বৃষ্টির অজুহাতে বাড়তি দামে সবজি
এদিকে গত দুই দিনের (১৮ নভেম্বর ও ১৯ নভেম্বর) টানা বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে বলে দাবি করছেন বিক্রেতারা। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে অধিকাংশ সবজির দাম কিছুটা বাড়তি দেখা গেছে। এতে সীমিত আয়ের ক্রেতাদের বাজার করতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে।
বাজারে প্রতি পিস ফুলকপি বিক্রি হয়েছে ৪০ টাকায়। প্রতি কেজি পটোল ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, ধুন্দল ৮০ টাকা, মুলা ৮০ টাকা এবং শসা ৮০ টাকায় বিক্রি হয়েছে।
এ ছাড়া মানভেদে প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকা, নতুন টমেটো ১৬০ টাকা, পুরোনো টমেটো ১৮০ থেকে ২০০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা এবং শালগম ৮০ টাকায় বিক্রি হয়েছে।
বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সবজি সরবরাহে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। তবে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে সবজির দামে দ্রুত স্বস্তি ফেরার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাছ-মাংসের বাজারেও নাগালের বাইরে দাম
সবজির পাশাপাশি মাছ, মাংস ও ডিমের বাজারেও ক্রেতাদের স্বস্তি নেই। খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম ১৪০ টাকা।
অন্যদিকে বাজারভেদে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। খাসির মাংসের দাম কেজিপ্রতি ১ হাজার ৩০০ টাকা।
মাছের বাজারেও চড়া দাম রয়েছে। প্রতি কেজি তেলাপিয়া ও পাঙাশ ১৮০ টাকা, রুই ৩৪০ থেকে ৩৮০ টাকা, সামুদ্রিক বাইলা ও পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, টেংরা ৬০০ টাকা এবং কই মাছ ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
ফলে সীমিত আয়ের অনেক পরিবারের জন্য নিয়মিত মাছ-মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। সংসারের অন্যান্য খরচ মেটাতে গিয়ে খাবারের বাজেট কমাতে বাধ্য হচ্ছেন তাঁরা।
ঋণনির্ভর সংসারে বাড়ছে ভবিষ্যতের অনিশ্চয়তা
অর্থনীতিসংশ্লিষ্টদের পর্যবেক্ষণে, দীর্ঘদিন ধরে আয় ও ব্যয়ের এই ব্যবধান চলতে থাকলে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা আরও দুর্বল হয়ে পড়বে। বিশেষ করে যেসব পরিবার ইতোমধ্যে ঋণ করে সংসার চালাচ্ছে, তাদের ওপর চাপ বাড়বে। একদিকে দৈনন্দিন খরচ মেটাতে ঋণ নিতে হচ্ছে, অন্যদিকে সেই ঋণ পরিশোধের জন্য পরবর্তী মাসের আয়ের একটি অংশ আগেই ব্যয় হয়ে যাচ্ছে।
এতে একটি চক্রের মধ্যে আটকে পড়ছে পরিবারগুলো। মাসের শুরুতে বেতন পাওয়ার পর পুরোনো ঋণ পরিশোধ, বাড়িভাড়া ও অন্যান্য বিল মেটাতেই আয়ের বড় অংশ চলে যাচ্ছে। এরপর নতুন করে বাজার ও সংসারের খরচ চালাতে আবারও ধারদেনার আশ্রয় নিতে হচ্ছে।
সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ এখন সাধারণ মানুষের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি কিংবা নির্দিষ্ট কিছু খাতে সুবিধা দেওয়ার পাশাপাশি বেসরকারি চাকরিজীবী, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি, পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ জরুরি। অন্যথায় মাসের শুরুতে পাওয়া বেতন দিয়ে মাস শেষ করার স্বাভাবিক হিসাবটুকুও অনেক পরিবারের কাছে ক্রমেই অসম্ভব হয়ে উঠবে।
কালের আলো/এসএ/জেএন













-20261121140412.jpg)





