Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৬:৪৪ পিএম

কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে অবদানের স্বীকৃতি, আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৬:৪৪ পিএম

কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে অবদানের স্বীকৃতি, আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী

আন্তর্জাতিক বিজ্ঞানাঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। বাংলাদেশি-মার্কিন পদার্থবিজ্ঞানী অধ্যাপক এম জাহিদ হাসান পেয়েছেন যুক্তরাষ্ট্রের আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস) ২০২৭ সালের ডেভিসন-জার্মার অ্যাটমিক অর সারফেস ফিজিকস পুরস্কার। কোয়ান্টাম পদার্থের বিভিন্ন টপোলজিক্যাল অবস্থা আবিষ্কার এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

আধুনিক সারফেস সায়েন্সের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁর গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে নতুন সম্ভাবনার পথ তৈরি করেছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

টপোলজিক্যাল পদার্থের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান
কোয়ান্টাম পদার্থের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন অধ্যাপক জাহিদ হাসান। টপোলজিক্যাল ইনসুলেটর ও ভাইল সেমিমেটালের মতো বিশেষ ধরনের পদার্থের বৈশিষ্ট্য শনাক্ত ও বোঝার ক্ষেত্রে তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

টপোলজিক্যাল ইনসুলেটর এমন একধরনের পদার্থ, যার ভেতরের অংশ বিদ্যুৎ অপরিবাহী হলেও পৃষ্ঠ দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। অর্থাৎ একই পদার্থের অভ্যন্তর ও বাইরের অংশে বিদ্যুৎ পরিবহনের আচরণ আলাদা। জাহিদ হাসান ও তাঁর গবেষক দলের কাজ ত্রিমাত্রিক টপোলজিক্যাল ইনসুলেটরের অস্তিত্ব ও বৈশিষ্ট্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এর ফলে কোয়ান্টাম পদার্থের নতুন নতুন বৈশিষ্ট্য অনুসন্ধানের সুযোগ তৈরি হয়েছে।

ভাইল সেমিমেটাল গবেষণায় নতুন দিগন্ত
জাহিদ হাসানের আরেকটি উল্লেখযোগ্য গবেষণার ক্ষেত্র ভাইল সেমিমেটাল। এ ধরনের পদার্থে স্ফটিকের ভেতরে ইলেকট্রন ভরহীন ফার্মিয়ন কণার মতো আচরণ করে।

১৯২৯ সালে জার্মান পদার্থবিজ্ঞানী হারমান ভাইল গাণিতিকভাবে এ ধরনের কণার ধারণা দিয়েছিলেন। বহু বছর পর কোয়ান্টাম পদার্থে এসব কণার অস্তিত্ব শনাক্ত হওয়ার মধ্য দিয়ে পদার্থবিজ্ঞানে নতুন একটি গবেষণাক্ষেত্রের সূচনা হয়। এ ক্ষেত্রে জাহিদ হাসানের গবেষণা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২০১৯ সালে এ আবিষ্কারসংক্রান্ত গবেষণার পেটেন্টও করা হয়। পরবর্তী সময়ে ভাইল সেমিমেটালসহ নতুন ধরনের কোয়ান্টাম পদার্থ নিয়ে গবেষণার পরিধি আরও বিস্তৃত হয়েছে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে প্রশংসিত গবেষণা
জাহিদ হাসানের পুরস্কারপ্রাপ্তিতে আনন্দ প্রকাশ করেছেন প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান জেমস ওলসেন। তিনি বলেন, অধ্যাপক হাসানের বৈজ্ঞানিক সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা এই মর্যাদাপূর্ণ পুরস্কারের চেতনাকে ধারণ করে। তাঁর যুগান্তকারী গবেষণার স্বীকৃতিতে বিভাগের সবাই আনন্দিত। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় জাহিদ হাসান বলেন, ‘এ পুরস্কারের দীর্ঘ ঐতিহ্যের অংশ হতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি।’

ঢাকায় জন্ম, উচ্চশিক্ষা যুক্তরাষ্ট্রে
এম জাহিদ হাসানের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ও ফলিত পদার্থবিজ্ঞানে পিএইচডি করেন। পিএইচডি গবেষণার সময় যুক্তরাষ্ট্রের এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরিতেও কাজ করেন তিনি।

২০০২ সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে যোগ দেন জাহিদ হাসান। ২০১৭ সালে তাঁকে বিশ্ববিদ্যালয়টির ইউজিন হিগিন্স অধ্যাপক করা হয়। ২০০৮ সাল থেকে তিনি প্রিন্সটনের ল্যাবরেটরি ফর টপোলজিক্যাল কোয়ান্টাম ম্যাটার অ্যান্ড অ্যাডভান্সড স্পেকট্রোস্কপির প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রিন্সটন ম্যাটেরিয়ালস ইনস্টিটিউট ও প্রিন্সটন কোয়ান্টাম ইনিশিয়েটিভের সঙ্গেও যুক্ত রয়েছেন।

এর আগেও পেয়েছেন গুরুত্বপূর্ণ স্বীকৃতিট
গবেষণায় অবদানের জন্য এর আগে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন জাহিদ হাসান। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স পুরস্কার ও ডেভিড এ শার্লি পুরস্কার। তিনি আমেরিকান ফিজিক্যাল সোসাইটি এবং আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের ফেলো।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ডেভিসন-জার্মার পুরস্কার পারমাণবিক পদার্থবিজ্ঞান ও সারফেস ফিজিকসে অসাধারণ গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। পদার্থবিজ্ঞানী ক্লিনটন ডেভিসন ও লেস্টার জার্মারের নামে এ পুরস্কারের নামকরণ করা হয়েছে। ইলেকট্রনের বিচ্ছুরণ নিয়ে তাঁদের গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পুরস্কারটির অর্থমূল্য ৫ হাজার মার্কিন ডলার। বিশ্বের যেকোনো দেশের বিজ্ঞানী এ সম্মাননার জন্য বিবেচিত হতে পারেন।

জাহিদ হাসানের আগে ২০২৬ সালে এ পুরস্কার পেয়েছেন হারম্যান বাটেলান। ২০২৫ সালে পুরস্কারটি পান গো-চিং ওয়াং। এ ছাড়া ২০২৪ সালে নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী আন লুইলিয়ে এবং ২০২৩ সালে ফেং লিউ এ সম্মাননায় ভূষিত হন।

কালের আলো/এসএ/টিসি

Link copied!