Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ধর্ম ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৬:৪৫ পিএম

সন্তানকে আদর্শ মানুষ করতে ঘরেই গড়ে তুলুন ইসলামি পরিবেশ

ধর্ম ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৬:৪৫ পিএম

সন্তানকে আদর্শ মানুষ করতে ঘরেই গড়ে তুলুন ইসলামি পরিবেশ

পরিবার মানুষের জীবনের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান। একটি শিশু কীভাবে কথা বলবে, অন্যের সঙ্গে কেমন আচরণ করবে কিংবা কোন মূল্যবোধকে গুরুত্ব দেবে—তার বড় অংশই শেখে পরিবারের পরিবেশ থেকে। তাই সন্তানের চরিত্র গঠন ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবারে ইসলামি মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইসলামে পরিবারকে ইমান, আখলাক ও দায়িত্ববোধ গড়ে তোলার প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তোমরা নিজেদের ও তোমাদের পরিবার-পরিজনকে আগুন থেকে রক্ষা করো।’ (সুরা তাহরিম, আয়াত: ৬)

মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্বাধীন ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৯৩)

অর্থাৎ পরিবারের সদস্যদের শিক্ষা, প্রতিপালন ও কল্যাণ নিশ্চিত করা অভিভাবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দৈনন্দিন জীবনে কয়েকটি অভ্যাস গড়ে তুললেই পরিবারে ইসলামি মূল্যবোধের চর্চা আরও সহজ হতে পারে।

১. উপদেশ দেওয়ার আগে নিজে আদর্শ হোন
সন্তানের চরিত্র গঠনে মা-বাবার ভূমিকা সবচেয়ে বেশি। কারণ শিশুরা শুধু উপদেশ শুনে শেখে না, বরং বড়দের আচরণ পর্যবেক্ষণ করেও অনেক কিছু আয়ত্ত করে।

তাই মা-বাবাকে নিজেদের জীবনে সত্যবাদিতা, নিয়মিত নামাজ, শিষ্টাচার, ক্ষমাশীলতা ও অন্যের প্রতি সম্মান প্রদর্শনের অভ্যাস গড়ে তুলতে হবে। মুখে ভালো কথা বলে কাজে তার বিপরীত আচরণ করলে সন্তানের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

২. স্নেহ ও শাসনের মধ্যে ভারসাম্য রাখুন
সন্তান প্রতিপালনে ভালোবাসা, শাসন ও খোলামেলা যোগাযোগের সমন্বয় জরুরি। মহানবী (সা.) শিশুদের প্রতি অত্যন্ত কোমল ছিলেন। একবার তিনি নাতি হাসানকে চুম্বন করলে এক ব্যক্তি বিস্ময় প্রকাশ করেন। জবাবে নবীজি (সা.) বলেন, ‘যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৯৭)

তাই সন্তানকে শাসন করতে গিয়ে তার মনে যেন ভীতি তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আবার অতিরিক্ত প্রশ্রয় দিয়ে দায়িত্বহীন করে তোলাও ঠিক নয়। সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনা, প্রশ্নের উত্তর দেওয়া এবং ভুল করলে অপমান না করে বুঝিয়ে বলা প্রয়োজন।

পরিবারে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সন্তান নির্ভয়ে নিজের অনুভূতি ও সমস্যার কথা মা-বাবাকে জানাতে পারে।

৩. ঘরে গড়ে তুলুন ইবাদত ও জ্ঞানচর্চার পরিবেশ
পরিবারের সদস্যরা একসঙ্গে নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও দোয়া-জিকিরের অভ্যাস গড়ে তুললে তা সন্তানের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে।

মহানবী (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও এবং দশ বছর বয়সে নামাজের ব্যাপারে তাদের শাসন করো।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫)

ধর্মীয় শিক্ষার পাশাপাশি সন্তানকে প্রয়োজনীয় জাগতিক জ্ঞানেও দক্ষ করে তুলতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান?’ (সুরা জুমার, আয়াত: ৯)

তাই ঘরে বই পড়া, গঠনমূলক আলোচনা এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি করা জরুরি। এতে সন্তান চিন্তাশীল ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

৪. পারস্পরিক সম্মান ও ক্ষমার চর্চা করুন
একটি সুখী পরিবারের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ভালোবাসা। স্বামী-স্ত্রী, মা-বাবা এবং সন্তান—সবার সঙ্গে সবার আচরণে সৌজন্য থাকা প্রয়োজন।

মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে তার পরিবারের কাছে সর্বোত্তম।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৮৯৫)

পরিবারে মতবিরোধ বা ভুল-বোঝাবুঝি হওয়া স্বাভাবিক। তবে এসব কারণে দীর্ঘদিন সম্পর্ক তিক্ত করে রাখা উচিত নয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ। তবে যে ক্ষমা করে দেয় এবং সংশোধন করে, তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে।’ (সুরা শুরা, আয়াত: ৪০)

তাই পরিবারের সদস্যদের মধ্যে ক্ষমা, ধৈর্য ও সহমর্মিতার চর্চা বাড়াতে হবে।

৫. সততা, আমানতদারি ও পরিমিত ব্যয়ের শিক্ষা দিন
সন্তানকে ছোটবেলা থেকেই সত্য বলা, প্রতিশ্রুতি রক্ষা করা এবং অন্যের অধিকার সম্মান করার শিক্ষা দিতে হবে। মিথ্যা, প্রতারণা কিংবা অন্যের হক নষ্ট করা যে অন্যায়—এ বিষয়গুলো তার মধ্যে স্পষ্টভাবে প্রতিষ্ঠা করা জরুরি।

মহানবী (সা.) বলেছেন, ‘যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান পূর্ণাঙ্গ নয় এবং যে অঙ্গীকার রক্ষা করে না, তার দ্বিন পূর্ণাঙ্গ নয়।’ (মুসনাদে আহমদ, হাদিস: ১২৫৬৭)

পরিবারের আয়-ব্যয়ের ক্ষেত্রেও ইসলামি নীতি অনুসরণ করা প্রয়োজন। হালাল উপার্জন, অপচয় পরিহার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস ঘর থেকেই শুরু হওয়া উচিত।

পবিত্র কোরআনে মুমিনদের ব্যয়ের বিষয়ে বলা হয়েছে, ‘তারা যখন ব্যয় করে, তখন অপব্যয় করে না, কার্পণ্যও করে না; বরং এ দুয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করে।’ (সুরা ফুরকান, আয়াত: ৬৭)

৬. সন্তানকে সামাজিক দায়িত্ববোধ শেখান
পরিবারে মূল্যবোধের শিক্ষা শুধু ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ রাখা উচিত নয়। সন্তানকে প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল হওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার মতো সামাজিক দায়িত্বও শেখাতে হবে।

মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে, তার ভাইয়ের জন্যও তা পছন্দ করে।’ (সহিহ বুখারি, হাদিস: ১৩)

এই শিক্ষার মাধ্যমে সন্তান অন্যের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল হয়ে উঠতে পারে। পরিবার থেকে পাওয়া নৈতিক শিক্ষা একসময় সমাজের কল্যাণেও ভূমিকা রাখে।

সব মিলিয়ে পরিবারে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা কোনো এক দিনের কাজ নয়। মা-বাবার আদর্শ আচরণ, সন্তানের প্রতি ভালোবাসা, ইবাদত, জ্ঞানচর্চা ও সামাজিক দায়িত্ববোধের নিয়মিত অনুশীলনের মধ্য দিয়েই একটি সুন্দর পরিবার গড়ে ওঠে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!