ফাইবার বা খাদ্যআঁশ শরীরের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে। ফাইবারসমৃদ্ধ খাবারের মধ্যে খেজুর অন্যতম। প্রতি ১০০ গ্রাম খেজুরে প্রায় ৭ থেকে ৮ গ্রাম ফাইবার থাকে। একটি খেজুরেও পাওয়া যায় প্রায় ১ দশমিক ৬ গ্রাম খাদ্যআঁশ।
তবে প্রাকৃতিকভাবে মিষ্টি হওয়ায় ডায়াবেটিসসহ বিভিন্ন কারণে অনেকেই খেজুর খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকেন। তাঁদের জন্য ফাইবারের বিকল্প উৎস হতে পারে কয়েকটি পরিচিত খাবার। মসুর ডাল, অ্যাভোকাডো, চিয়া সিড ও নাশপাতির মতো খাবারে প্রচুর ফাইবার রয়েছে।
মসুর ডাল
ফাইবারের ভালো উৎস মসুর ডাল। এক কাপ রান্না করা মসুর ডালে প্রায় ১৫ গ্রাম ফাইবার পাওয়া যায়, যা একটি খেজুরের তুলনায় অনেক বেশি। শুধু খাদ্যআঁশই নয়, মসুর ডালে রয়েছে প্রোটিন, ফোলেট, আয়রন ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান।
প্রতিদিনের খাদ্যতালিকায় মসুর ডাল রাখতে পারেন বিভিন্নভাবে। স্যুপ, স্ট্যু ও সালাদের পাশাপাশি নিরামিষ খাবারেও এটি যোগ করা যায়। এতে খাবারের পুষ্টিমান বাড়ার পাশাপাশি ফাইবারের চাহিদা পূরণেও সহায়তা মিলবে।
অ্যাভোকাডো
ফাইবারসমৃদ্ধ আরেকটি খাবার অ্যাভোকাডো। একটি আস্ত অ্যাভোকাডোতে প্রায় ১৪ গ্রাম ফাইবার থাকে। এতে দ্রবণীয় ও অদ্রবণীয়—দুই ধরনের খাদ্যআঁশই রয়েছে। এসব উপাদান হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে।
এ ছাড়া অ্যাভোকাডোতে রয়েছে মনোআনস্যাচুরেটেড ফ্যাট বা স্বাস্থ্যকর চর্বি, যা হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী। পাশাপাশি এতে পটাশিয়াম ও ফোলেটের মতো পুষ্টি উপাদানও পাওয়া যায়।
চিয়া সিড
আকারে ছোট হলেও পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড। এতে থাকা দ্রবণীয় ফাইবার হজমপ্রক্রিয়া ধীর করতে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে। একই সঙ্গে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও ভূমিকা রাখে।
মাত্র দুই টেবিল চামচ চিয়া সিড থেকে দৈনিক ফাইবারের চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করা সম্ভব। এ ছাড়া এতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্ট।
দই কিংবা ওটমিলের সঙ্গে চিয়া সিড মিশিয়ে খাওয়া যায়। চাইলে সারা রাত দুধে ভিজিয়ে রেখে তৈরি করতে পারেন চিয়া পুডিং। প্যানকেকের ব্যাটার বা মাফিন তৈরির উপকরণ হিসেবেও এটি ব্যবহার করা যায়।
নাশপাতি
ফাইবারের চাহিদা পূরণে নাশপাতিও ভালো বিকল্প। তবে এ ফল খাওয়ার সময় খোসা ফেলে না দেওয়াই ভালো। কারণ নাশপাতির খোসায় উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যআঁশ থাকে।
এর খোসায় পেকটিন নামের এক ধরনের দ্রবণীয় ফাইবার রয়েছে, যা হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে। পাশাপাশি কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও হৃদ্স্বাস্থ্যের জন্যও পেকটিন উপকারী হতে পারে।
ফাইবারের ঘাটতি পূরণে প্রতিদিনের খাদ্যতালিকায় এসব খাবার পরিমিত পরিমাণে রাখা যেতে পারে। তবে ডায়াবেটিস থাকলে শুধু কোনো খাবারের ফাইবারের পরিমাণ নয়, সেটিতে থাকা মোট কার্বোহাইড্রেট ও খাবারের পরিমাণের দিকেও নজর দেওয়া জরুরি।সূত্র:ভেরি ওয়েল হেলথ
কালের আলো/এসএ/এমএস







-20261121124413.jpg)
-20261121124015.jpg)







-20261119145050.jpg)



