লেখালেখির মতো সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের ওপর অতিরিক্ত নির্ভরতা মানুষের চিন্তাভাবনা ও শেখার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) মিডিয়া ল্যাবের একদল গবেষকের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ৫৪ শিক্ষার্থীর ওপর কয়েক মাস ধরে পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, কোনো প্রযুক্তিগত সহায়তা ছাড়া রচনা লেখা শিক্ষার্থীদের তুলনায় এআই ব্যবহারকারীদের মস্তিষ্কের স্নায়বিক সংযোগ কম ছিল। একই সঙ্গে নিজের লেখা মনে রাখার ক্ষেত্রেও তাঁরা পিছিয়ে ছিলেন।
যেভাবে পরিচালিত হয় গবেষণা
গবেষণায় এমআইটি, ওয়েলেসলি কলেজ, হার্ভার্ড ইউনিভার্সিটি, টাফ্টস ইউনিভার্সিটি ও নর্থইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের প্রথমে তিনটি দলে ভাগ করা হয়। প্রথম দলকে চ্যাটজিপিটি, দ্বিতীয় দলকে প্রচলিত সার্চ ইঞ্জিন এবং তৃতীয় দলকে কোনো প্রযুক্তিগত সহায়তা ছাড়াই নির্দিষ্ট বিষয়ে রচনা লিখতে বলা হয়।
গবেষণার চতুর্থ সেশনে অংশগ্রহণকারীদের কাজের ধরন পরিবর্তন করা হয়। যাঁরা আগে এআই ব্যবহার করেছিলেন, তাঁদের এবার কোনো প্রযুক্তির সহায়তা ছাড়া লিখতে বলা হয়। অন্যদিকে, শুরুতে যাঁরা কোনো টুল ব্যবহার করেননি, তাঁদের এআই ব্যবহারের সুযোগ দেওয়া হয়।
এআই ব্যবহারকারীদের মস্তিষ্কের সংযোগ কম
লেখার সময় শিক্ষার্থীদের মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণে ইলেকট্রোএনসেফালোগ্রাফি বা ইইজি প্রযুক্তি ব্যবহার করেন গবেষকেরা। পরে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং পদ্ধতিতে তাঁদের লেখা বিশ্লেষণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও মতামতও সংগ্রহ করা হয়।
গবেষণায় দেখা যায়, লেখার সময় কোন ধরনের সহায়তা নেওয়া হচ্ছে, তার ওপর মস্তিষ্কের স্নায়বিক সংযোগের ধরন নির্ভর করে। কোনো বাহ্যিক সহায়তা ছাড়া রচনা লেখা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী স্নায়বিক সম্পৃক্ততা দেখা গেছে। সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই সম্পৃক্ততা ছিল মাঝারি। আর এআই টুলের ওপর নির্ভরশীল শিক্ষার্থীদের মস্তিষ্কের সংযোগ ছিল সবচেয়ে কম।
গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, লেখার সময় বাহ্যিক সহায়তার পরিমাণ যত বেড়েছে, মস্তিষ্কের কার্যক্রম ও স্নায়বিক সংযোগের মাত্রা তত কমেছে।
নিজের লেখাই মনে রাখতে পারছেন না এআই ব্যবহারকারীরা
শুধু মস্তিষ্কের কার্যক্রম নয়, লেখার বিষয়বস্তু মনে রাখার সক্ষমতাও যাচাই করেছেন গবেষকেরা। রচনা লেখা শেষ হওয়ার পরপরই অংশগ্রহণকারীদের নিজেদের লেখা থেকে কয়েকটি বাক্য উদ্ধৃত করতে বলা হয়।
এ পরীক্ষায় এআই ব্যবহারকারীদের স্মৃতিশক্তির দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। একটি সেশনে এআইয়ের সহায়তা নেওয়া ৮৩ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণকারী নিজেদের রচনা থেকে সঠিকভাবে বাক্য উদ্ধৃত করতে ব্যর্থ হন। বিপরীতে সার্চ ইঞ্জিন ব্যবহারকারী এবং কোনো প্রযুক্তিগত সহায়তা ছাড়া লেখা শিক্ষার্থীদের মনে রাখার সক্ষমতা তুলনামূলকভাবে বেশি ছিল।
গবেষণার ফলাফল ইঙ্গিত দেয়, লেখালেখিতে এআইয়ের অতিরিক্ত নির্ভরতা মানুষের নিজস্ব চিন্তা, শেখা ও তথ্য মনে রাখার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তবে ৫৪ শিক্ষার্থীর ওপর পরিচালিত এই গবেষণার ফলাফলকে সব বয়সী বা সব ধরনের এআই ব্যবহারকারীর ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কালের আলো/এসএ/জেএন







-20261121124413.jpg)
-20261121124015.jpg)







-20261119145050.jpg)



