Kaler Alo
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ যাওয়ার আগে কর্মীদের ভাষা শেখাবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৬:৪৫ পিএম

ডিসেম্বর ঘিরে নিরাপত্তার মহাপ্রস্তুতি, সীমান্তে কড়া পাহারা

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৬:৪৫ পিএম

ডিসেম্বর ঘিরে নিরাপত্তার মহাপ্রস্তুতি, সীমান্তে কড়া পাহারা

ডিসেম্বর ঘিরে রাজনীতির মাঠে উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে দেশের নিরাপত্তাব্যবস্থায়ও জোর প্রস্তুতি শুরু হয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সম্ভাব্য তৎপরতা, নাশকতার আশঙ্কা এবং সীমান্তে আত্মগোপনে থাকা দলটির নেতাদের গতিবিধি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত করা হয়েছে নজরদারির জাল। স্থলপথে অবৈধ পারাপার ঠেকাতে বাড়ানো হয়েছে বিজিবির তৎপরতা, বিমানবন্দরগুলোতে জোরদার করা হয়েছে ইমিগ্রেশন নজরদারি। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠন করা হয়েছে বিশেষ টিম। দুর্গম এলাকায় নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন, জরুরি পরিস্থিতিতে দ্রুত অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টারও।

  • শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনৈতিক উত্তাপ 
  • পলাতক নেতাদের গতিবিধিতে নজর
  • বিমানবন্দরে বিশেষ সতর্কতা
  • মাঠে পুলিশ-গোয়েন্দাদের বিশেষ টিম

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারেন কিংবা দেশের ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমান্তবর্তী জেলা, স্থলবন্দর, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতাই নয়, সীমান্ত এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক করা হচ্ছে। অর্থের বিনিময়ে অবৈধ পারাপারে সহায়তাকারী দালাল চক্রের সদস্যদের চিহ্নিত করে নজরদারিতে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, ডিসেম্বরের রাজনৈতিক কর্মসূচি ও সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগাম নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বাড়তি টহলের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন যন্ত্র ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। অন্যদিকে বিমানবন্দরের ইমিগ্রেশনে সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাইয়ে বিশেষ সতর্কতা জারি রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করছে।

বিমানবন্দরে বিশেষ সতর্কতা
রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেন বিমানবন্দর ব্যবহার করে অবৈধভাবে দেশত্যাগ কিংবা প্রবেশ করতে না পারেন, সে জন্য দেশের সব বিমানবন্দরে সতর্কতা বাড়ানো হয়েছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগকে সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দরগুলোর ইমিগ্রেশনে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়েছে। কোনো ব্যক্তি ভুয়া পাসপোর্ট, জাল পরিচয়পত্র কিংবা ছদ্মবেশ ব্যবহার করে ইমিগ্রেশন পার হওয়ার চেষ্টা করলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। আন্তর্জাতিক যাত্রীদের আগাম তথ্য যাচাইয়ের বিষয়েও গোয়েন্দা সংস্থাগুলো পরিকল্পনা করছে।

একই সঙ্গে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলোতে বিজিবি ও পুলিশের যৌথ টহল বাড়ানো হয়েছে। যেসব সীমান্ত এলাকা দিয়ে অতীতে চোরাচালান ও অবৈধ পারাপারের ঘটনা ঘটেছে, সেসব স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসানো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরও অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচল সম্পর্কে প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত পুলিশের এক কর্মকর্তা জানান, পুলিশ সদর দপ্তর থেকে সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট সদস্যরা। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর রয়েছেন।

পুলিশ-গোয়েন্দাদের সমন্বয়ে বিশেষ টিম
সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রকাশ করা না হলেও এসব দলের সদস্যরা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বিশেষ টিমগুলো সমন্বিতভাবে কাজ করছে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণের পাশাপাশি মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা, অবৈধ তৎপরতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানী ঢাকা ছাড়াও গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে। রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসমাগমস্থলকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ডিসেম্বর মাসে সম্ভাব্য কর্মসূচি ও রাজনৈতিক তৎপরতা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সীমান্তজুড়ে নিরাপত্তার বিস্তৃত বলয়
দেশের দীর্ঘ সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ময়মনসিংহ অঞ্চলের ২৪৩ কিলোমিটার সীমান্তের নিরাপত্তায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিজিবির তিনটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্তের বিভিন্ন স্থানে বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহৃত হচ্ছে। এর পাশাপাশি নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা এবং ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় টহল কার্যক্রম আরও কার্যকর করতে বিশেষ ধরনের অল টেরেইন ভেহিকেল (এটিভি) ব্যবহার করা হচ্ছে।

যশোরের বেনাপোল সীমান্তেও বাড়ানো হয়েছে সতর্কতা। আওয়ামী লীগের কয়েকজন নেতার সীমান্ত এলাকা পরিদর্শনের গুঞ্জন এবং সীমান্তের ওপারে বিভিন্ন কর্মসূচির খবরকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্যান্য সীমান্ত এলাকাতেও।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় অবৈধ পারাপারের ঝুঁকি রয়েছে, সেসব স্থানে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

নজরদারিতে ড্রোন ও আধুনিক প্রযুক্তি
সীমান্তের দুর্গম অঞ্চল, চরাঞ্চল এবং জনবসতিপূর্ণ এলাকায় নিরাপত্তা পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকায় মানুষের চলাচল ও সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় সরাসরি টহল দেওয়া কঠিন, সেখানে প্রযুক্তিনির্ভর নজরদারিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মতে, প্রচলিত টহলের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়লে সীমান্তের সার্বিক পরিস্থিতি সম্পর্কে দ্রুত ধারণা পাওয়া সম্ভব। এতে সন্দেহজনক তৎপরতা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া সহজ হবে।

এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে তথ্য বিনিময়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতিতে প্রস্তুত হেলিকপ্টার
দুর্গম ও প্রত্যন্ত এলাকায় জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পৌঁছে দিতে হেলিকপ্টার প্রস্তুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী দ্রুত জনবল ও বিশেষায়িত দল স্থানান্তরের সক্ষমতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে যোগাযোগব্যবস্থা দুর্বল এমন সীমান্তবর্তী এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় এ প্রস্তুতিকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্পর্শকাতর সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক
সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠপর্যায়ে তৎপর রয়েছেন। এর অংশ হিসেবে গত রবিবার কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

পরিদর্শনকালে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি জোরদার, নিয়মিত টহল এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে সীমান্তবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতামূলক সভা করা হচ্ছে। অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল চক্রের সদস্যদের চিহ্নিত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। অর্থের বিনিময়ে কেউ যাতে অবৈধভাবে কাউকে সীমান্ত পার করে দিতে না পারে, সে বিষয়ে স্থানীয় পর্যায়ে সতর্কতা বাড়ানো হয়েছে।

ডিসেম্বরকে সামনে রেখে সম্ভাব্য রাজনৈতিক উত্তেজনা মোকাবিলায় দেশের নিরাপত্তাব্যবস্থায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সীমান্ত, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে কেন্দ্র করে চলছে বহুমাত্রিক নজরদারি। রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার ওপর নির্ভর করছে নিরাপত্তা তৎপরতার পরবর্তী পদক্ষেপ। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সমন্বিত নিরাপত্তাব্যবস্থাকেই এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালের আলো/আরআই/এমকে

Link copied!