Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৪৫ পিএম

অর্থ আছে ব্যাংকে ঋণ নেই উদ্যোক্তাদের

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৪৫ পিএম

অর্থ আছে ব্যাংকে ঋণ নেই উদ্যোক্তাদের

ব্যাংকে জমছে টাকা, কিন্তু বিনিয়োগে মিলছে না অর্থায়ন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ভল্টে আমানতের পাহাড় বড় হলেও সেই অর্থের সুফল পাচ্ছেন না উদ্যোক্তারা। নতুন শিল্প স্থাপন, ব্যবসা সম্প্রসারণ কিংবা উৎপাদন বাড়াতে যখন অর্থের প্রয়োজন, তখন ঋণের দরজা কার্যত সংকুচিত। অথচ ব্যাংকগুলোর হাতে ঋণ দেওয়ার বিপুল সক্ষমতা অব্যবহৃত পড়ে রয়েছে। গত জুন শেষে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমন অব্যবহৃত ঋণ সক্ষমতার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা।

  • রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে এক বছরে আমানত বেড়েছে ৫১ হাজার ৭০০ কোটি টাকা 
  • ঋণ বিতরণ মাত্র ৩ হাজার কোটি 
  • বিনিয়োগে মন্দা, উচ্চ সুদ ও ঋণ অনুমোদনে সতর্কতায় বাড়ছে স্থবিরতা

সবচেয়ে বিস্ময়কর চিত্র আমানত ও ঋণ বিতরণের ব্যবধানে। গত এক বছরে ছয় ব্যাংকে আমানত বেড়েছে প্রায় ৫১ হাজার ৭০০ কোটি টাকা। অথচ ঋণ বিতরণ বেড়েছে মাত্র ৩ হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যাংকে যে পরিমাণ নতুন অর্থ জমা হচ্ছে, তার সামান্য অংশও ঋণ হিসেবে বাজারে যাচ্ছে না। ফলে একদিকে ব্যাংকে বাড়ছে অলস অর্থের স্তূপ, অন্যদিকে অর্থায়নের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে বেসরকারি খাতের বিনিয়োগ।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সাম্প্রতিক এক প্রতিবেদনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুনের তুলনায় চলতি বছরের জুন শেষে ছয় ব্যাংকের আমানত বেড়েছে প্রায় ১১ শতাংশ। বিপরীতে ঋণ প্রবৃদ্ধি ১ শতাংশেরও কম। শুধু তা-ই নয়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ৩ লাখ ২৮ হাজার ৮০৬ কোটি টাকা থাকা ঋণের স্থিতি চলতি বছরের জুনে কমে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ২২ হাজার ৭০০ কোটি টাকায়। ছয় মাসে ঋণের স্থিতি কমেছে প্রায় ১ দশমিক ৮৫ শতাংশ।

সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)—এই ছয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে প্রতিবেদনটি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক সম্প্রতি ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। ওই বৈঠকগুলোর তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে।

ঋণ দেওয়ার সুযোগ আছে, তবু অর্থ আটকে
ব্যাংকগুলোর ঋণ বিতরণের সক্ষমতা বোঝার অন্যতম সূচক ঋণ-আমানত অনুপাত বা এডিআর। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রচলিত ধারার ব্যাংকগুলো সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত এডিআর বজায় রাখতে পারে। অর্থাৎ প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে ৮৫ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।

কিন্তু রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের সম্মিলিত এডিআর মাত্র ৬০ শতাংশের কাছাকাছি। অর্থাৎ প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে ঋণ হিসেবে যাচ্ছে মাত্র ৬০ টাকা। নিয়মের মধ্যে আরও ২৫ টাকা ঋণ দেওয়ার সুযোগ থাকলেও তা কাজে লাগানো হচ্ছে না। এই ব্যবধানই ব্যাংকগুলোর বিপুল অব্যবহৃত ঋণ সক্ষমতার অন্যতম প্রতিফলন।

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ছয় ব্যাংকের প্রতিটির এডিআর কমেছে। এর মধ্যে সোনালী ব্যাংকের এডিআর সবচেয়ে কম, ৪৮ শতাংশ। গত ডিসেম্বরে যা ছিল ৫৮ শতাংশ। অন্যদিকে ৮১ শতাংশ এডিআর নিয়ে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে জনতা ব্যাংক।

পুরো ব্যাংক খাতের তুলনায়ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ বিতরণের চিত্র দুর্বল। চলতি বছরের মার্চে এসব ব্যাংকের আমানত প্রবৃদ্ধি ছিল প্রায় ১২ শতাংশ, যা ব্যাংক খাতের মধ্যে সর্বোচ্চ। কিন্তু ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ৪ শতাংশ। একই সময়ে পুরো ব্যাংক খাতের ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ১ শতাংশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এডিআর ছিল প্রায় ৬৭ শতাংশ। বিপরীতে বেসরকারি ব্যাংকগুলোর ৮০ শতাংশ এবং পুরো ব্যাংক খাতের ৭৬ শতাংশ।

দেশের ব্যাংক খাতের মোট আমানতের প্রায় ২৪ শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হাতে থাকলেও মোট ঋণের বিপরীতে তাদের অংশ মাত্র ১৯ শতাংশ। বিপরীতে ইসলামী ব্যাংকগুলোর হাতে মোট আমানতের ১৭ শতাংশ থাকলেও তারা বিতরণ করেছে মোট ঋণের ২৭ শতাংশ।

বিনিয়োগে মন্দা, ঋণ অনুমোদনে ভীতি
কেন ব্যাংকে অর্থ থাকলেও ঋণ বিতরণ বাড়ছে না? সংশ্লিষ্ট ব্যাংকারদের মতে, এর পেছনে শুধু ব্যাংকের সতর্কতা নয়, রয়েছে সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতির দুর্বলতাও। উচ্চ সুদহার, অর্থনৈতিক অনিশ্চয়তা, খেলাপি ঋণের চাপ, আমদানি সংকোচন এবং নতুন বিনিয়োগে উদ্যোক্তাদের অনাগ্রহ—সব মিলিয়ে ঋণের চাহিদা ও সরবরাহ উভয়ই বাধাগ্রস্ত হচ্ছে।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার বলেন, বড় ঋণের পরিবর্তে ছোট, কৃষি, নতুন ও নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ওপর তাঁরা বেশি গুরুত্ব দিচ্ছেন। এসব ঋণের ঝুঁকি তুলনামূলক কম হলেও পরিমাণের বিচারে তা বড় ঋণের বিকল্প হয়ে উঠতে পারছে না।

তাঁর মতে, প্রচুর ঋণ অবলোপন হচ্ছে, কিন্তু সেই অনুপাতে নতুন ঋণ বিতরণ হচ্ছে না। পাশাপাশি বিনিয়োগ মন্দার কারণে ঋণের চাহিদাও কমেছে। উচ্চ সুদহার ও অর্থনৈতিক অনিশ্চয়তায় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।

তিনি আরও বলেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও একধরনের ভীতি তৈরি হয়েছে। ভবিষ্যতে কোনো ঋণের কারণে জবাবদিহির মুখে পড়তে হতে পারে—এমন আশঙ্কায় অনেকে নতুন ঋণ অনুমোদনে সতর্ক থাকছেন। এ ছাড়া যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমে যাওয়া এবং গ্যাস-বিদ্যুতের সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তাও বিনিয়োগকে নিরুৎসাহিত করছে।

আমানত সংগ্রহে এগিয়ে, সেবায় পিছিয়ে
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ মনে করেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিস্তৃত শাখা নেটওয়ার্ক ও সাধারণ মানুষের আস্থার কারণে এসব ব্যাংকে আমানত বেশি জমা হয়। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শাখা থাকায় সহজেই সাধারণ মানুষ এসব ব্যাংকে টাকা রাখতে পারেন।

তবে ঋণ ও ব্যাংকিং সেবার ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলো তুলনামূলক এগিয়ে। দ্রুত সেবা, নমনীয়তা এবং গাড়ি-ফ্ল্যাট কেনাসহ বিভিন্ন ধরনের ঋণসেবা থাকায় বড় ব্যবসায়ীরা বেসরকারি ব্যাংকের দিকে বেশি ঝুঁকছেন।

নাজনীন আহমেদের মতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তবে সে জন্য দক্ষতা বাড়ানোর পাশাপাশি ঋণসেবার পরিধি বিস্তৃত করতে হবে এবং ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, খেলাপি ঋণ বাড়লে ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাওয়ার কথা। কিন্তু বর্তমানে ব্যাংকগুলোর হাতে অর্থ রয়েছে, অথচ বেসরকারি খাতে ঋণের চাহিদা দুর্বল। এর অর্থ, উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না অথবা বিনিয়োগের অনুকূল পরিবেশ পাচ্ছেন না।

অলস অর্থ কাজে লাগাতে সরকারের নির্দেশ
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিপুল অব্যবহৃত অর্থ উৎপাদন ও কর্মসংস্থানে কাজে লাগাতে তৎপর হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সম্প্রতি ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সচিব নাজমা মোবারেক ঋণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কৃষক, নারী উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে সক্ষম খাতগুলোতে ঋণ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

নাজমা মোবারেক বলেছেন, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমার তুলনায় অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এডিআর অনেক কম। ফলে বিদ্যমান আমানতের একটি অংশ ভালো ও আয় সৃষ্টিকারী ঋণে রূপান্তরের সুযোগ রয়েছে। তবে ঋণের পরিমাণ বাড়াতে গিয়ে কোনোভাবেই ঋণের মানদণ্ড শিথিল করা যাবে না।

কিন্তু অগ্রাধিকারপ্রাপ্ত খাতেও ঋণ বিতরণের চিত্র সন্তোষজনক নয়। গত ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জুন শেষে ছয় ব্যাংকের সিএমএসএমই খাতে ঋণের পরিমাণ ২ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় ৫৬ হাজার কোটি টাকা।

অবশ্য কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ব্যাংকগুলো। ২০২৫-২৬ অর্থবছরে ছয় ব্যাংক সম্মিলিতভাবে প্রায় ৪ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে, যা জাতীয় লক্ষ্যমাত্রার প্রায় ১০ শতাংশ। এ ক্ষেত্রে শুধু বিডিবিএল নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সামনে এখন বড় প্রশ্ন—আমানতের পাহাড় জমিয়ে লাভ কী, যদি সেই অর্থ অর্থনীতির চাকাকে সচল করতে না পারে? ব্যাংকের হিসাবে অর্থের প্রাচুর্য থাকলেও উদ্যোক্তাদের কাছে তার প্রবাহ নেই। বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে এই স্থবিরতা কাটানো না গেলে ব্যাংকের অলস অর্থের পাহাড় আরও বড় হবে, আর অর্থনীতির সম্ভাবনা আটকে থাকবে অর্থায়নের অভাবেই।

কালের আলো/আরআই/এমকে

Link copied!