Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১০:৫৯ এএম

শীতের অপেক্ষায় আটকে কোটি টাকার পুঁজি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১০:৫৯ এএম

শীতের অপেক্ষায় আটকে কোটি টাকার পুঁজি

রাজনৈতিক অস্থিরতা, ডলারের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপে এমনিতেই কঠিন সময় পার করছেন দেশের ব্যবসায়ীরা। এর মধ্যে শীত মৌসুমকে ঘিরে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন ঢাকার কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর ব্যবসায়ী ও কারখানার মালিকেরা। কয়েক মাস ধরে দিনরাত পরিশ্রম করে তৈরি করেছেন নানা ধরনের শীতের পোশাক। কিন্তু নভেম্বরের শেষ দিকে এসেও কাঙ্ক্ষিত শীতের দেখা না মেলায় শুরু হয়নি প্রত্যাশিত বেচাকেনা। ফলে গুদাম ও শোরুমে বিপুল পরিমাণ পোশাক মজুদ থাকলেও পুঁজি হারানোর আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি থেকেই দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লী। কিন্তু এবার সেই চেনা চিত্র নেই। শীতের পোশাক বিক্রির গুরুত্বপূর্ণ মৌসুম শুরু হলেও ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম। এতে ব্যবসায়ী ও কারখানার মালিকদের মধ্যে দেখা দিয়েছে লোকসানের শঙ্কা।

শীতের পোশাকে প্রস্তুত হাজারো শোরুম
কেরানীগঞ্জের আগানগর, শুভাঢ্যা, আলম মার্কেট, জেলা পরিষদ মার্কেট ও তানাকা মার্কেট ঘুরে দেখা গেছে, শীতের পোশাক তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে বিভিন্ন কারখানায়। ছোট-বড় প্রায় ১০ হাজার শোরুমে সাজিয়ে রাখা হয়েছে নানা রং, নকশা ও মাপের শীতবস্ত্র।

এসব পোশাকের মধ্যে রয়েছে ছেলেদের জ্যাকেট, ব্লেজার, হুডি, সোয়েটার, ফুলহাতা টি-শার্ট ও মাফলার। পাশাপাশি মেয়েদের জন্য রয়েছে শাল ও কার্ডিগান। শিশুদের জন্যও তৈরি করা হয়েছে নানা নকশার শীতের পোশাক। সব বয়সী মানুষের চাহিদা বিবেচনায় রেখেই সাজানো হয়েছে শোরুমগুলো।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ভালো মান ও তুলনামূলক কম দামের কারণে সারা দেশে কেরানীগঞ্জে তৈরি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের অভ্যন্তরীণ তৈরি পোশাকের চাহিদার প্রায় ৭০ শতাংশ এখান থেকে পূরণ হয় বলেও তাঁদের দাবি।

উৎপাদন খরচ বেড়েছে, কমেছে ঝুঁকি নেওয়ার সাহস
স্থানীয়ভাবে পোশাক তৈরির পাশাপাশি চীন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে শীতবস্ত্র আমদানি করেন এখানকার ব্যবসায়ীরা। ফলে দেশীয় ও বিদেশি পোশাকের বড় সংগ্রহ রয়েছে বিভিন্ন মার্কেটে। তবে কাঁচামাল, সুতা, কাপড় ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেশি।

অন্যদিকে ডলারের মূল্যবৃদ্ধি ও ঋণপত্র বা এলসি খোলার জটিলতায় আমদানি ব্যয়ও বাড়ছে। সব মিলিয়ে পোশাকের উৎপাদন ও আমদানিতে বাড়তি অর্থ বিনিয়োগ করতে হচ্ছে ব্যবসায়ীদের। এ পরিস্থিতিতে গত বছরের তুলনায় এবার অনেকেই পোশাক তৈরি ও আমদানির পরিমাণ কিছুটা কমিয়েছেন। তারপরও যে পরিমাণ পণ্য প্রস্তুত ও আমদানি করা হয়েছে, তা বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত।

ব্যবসায়ীদের আশঙ্কা, বাজারে কাঙ্ক্ষিত চাহিদা তৈরি না হলে বাড়তি খরচের চাপ সামাল দেওয়া কঠিন হবে। ন্যায্য দামে পণ্য বিক্রি করতে না পারলে লোকসানের মুখে পড়তে পারেন অনেকেই।

ঋণ ও ধারদেনায় পুঁজি আটকে যাওয়ার ভয়
স্থানীয় পোশাক প্রস্তুতকারক ও ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম জানান, শীত মৌসুম সামনে রেখে কারখানায় পর্যাপ্ত পোশাক তৈরি করেছেন তাঁরা। বাজারজাতের প্রস্তুতিও সম্পন্ন। কিন্তু নভেম্বর প্রায় শেষ হতে চললেও শীতের তীব্রতা না থাকায় পাইকারি ক্রেতারা আসছেন না। প্রতি বছর এ সময়ে বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতাদের ভিড়ে ব্যবসায়ীদের ব্যস্ত সময় কাটলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। দ্রুত আবহাওয়ার পরিবর্তন না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

একই উদ্বেগ প্রকাশ করেন পাইকারি ব্যবসায়ী আব্দুল কাদের। তিনি জানান, ব্যাংকঋণ ও উচ্চ সুদে ধারদেনা করে এবার শীতের পোশাকের বড় মজুদ গড়ে তুলেছেন। কারখানার সব পণ্য শোরুমে তোলা হলেও ক্রেতার অভাবে বিক্রি হচ্ছে না বললেই চলে।

তিনি বলেন, প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি থেকেই পাইকারি বিক্রি পুরোদমে শুরু হয়। কিন্তু এবার ক্রেতা না আসায় কর্মচারীদের বেতন, দোকানভাড়া ও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। বিক্রি শুরু হতে দেরি হলে আর্থিক চাপ আরও বাড়বে।

আমদানি ব্যবসায়ও বাড়ছে অনিশ্চয়তা
বিদেশি পোশাকের আমদানিকারক জাহাঙ্গীর হাসান বলেন, ডলারের দাম বৃদ্ধি ও এলসি-সংক্রান্ত জটিলতার কারণে আমদানি ব্যয় প্রতিবছরই বাড়ছে। ঝুঁকি কমাতে এবার আগের তুলনায় আমদানির পরিমাণ কিছুটা কমিয়েছেন তাঁরা। তবু শীতের বেচাকেনা শুরু না হওয়ায় উদ্বেগ কাটছে না।

তাঁর ভাষ্য, ব্যবসা পরিচালনা দিন দিন কঠিন হয়ে উঠছে। কয়েক দিনের মধ্যে বিক্রি বাড়বে বলে আশা করছেন তাঁরা। তবে এবার শীতের ব্যবসা প্রত্যাশা অনুযায়ী না হলে পুঁজি হারিয়ে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়তে পারে।

ব্যবসায়ী জামাল বলেন, কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর প্রধান তিনটি ব্যবসায়িক মৌসুমের একটি হলো শীতকাল। এ মৌসুমের আয়ের ওপর অনেক ব্যবসায়ীর সারা বছরের আর্থিক হিসাব নির্ভর করে। তাই শীতকে কেন্দ্র করে তাঁরা বড় ধরনের প্রস্তুতি নেন। এখনো মৌসুমি ক্রেতাদের আনাগোনা শুরু না হলেও আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতাদের ভিড় বাড়বে বলে আশা করছেন তিনি।

চলতি সপ্তাহে বিক্রি বাড়ার প্রত্যাশা
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি হাজি আনোয়ার হোসেন জানান, শীতের তীব্রতা এখনো তেমন না থাকায় দূরদূরান্তের ক্রেতারা কেরানীগঞ্জে আসা শুরু করেননি। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবও ব্যবসায় পড়েছে।

তবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে বলে জানান তিনি। তাঁর আশা, চলতি সপ্তাহ থেকেই শীতের প্রকোপ বাড়বে। তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতাদের আনাগোনা বাড়বে এবং বেচাকেনাও জমে উঠবে।

ব্যবসায়ীদের প্রত্যাশা, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ক্রেতাদের উপস্থিতি বাড়বে। তবে সেই অপেক্ষায় আটকে আছে তাঁদের বিনিয়োগ, ঋণ পরিশোধের হিসাব এবং সারা বছরের ব্যবসায়িক পরিকল্পনা। শীতের পোশাক বিক্রির মৌসুম দ্রুত জমে না উঠলে অনেক উদ্যোক্তার জন্য বড় আর্থিক সংকট তৈরি হতে পারে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!