গ্রামীণ ব্যাংকের মালিকানা কাঠামোতে বড় পরিবর্তন এসেছে। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক এখন ঋণগ্রহীতা সদস্যরা। বাকি ১০ শতাংশের মালিক সরকার। প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের নামে ব্যাংকটির কোনো ব্যক্তিগত শেয়ার নেই। অর্থাৎ, যে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল, তারাই এখন এর প্রধান মালিক।
২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির মালিকানা ও পরিচালনা কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় ১৩ সদস্যের পরিচালনা পর্ষদে গ্রাহকদের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন পরিচালক। সরকারের মনোনীত পরিচালকের সংখ্যা কমিয়ে একজন করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে।
জোবরা গ্রাম থেকে যাত্রা
১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়। তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গ্রামের ৪২ জন দরিদ্র নারীকে মহাজনি ঋণের শোষণ থেকে মুক্ত করতে নিজের অর্থ থেকে ২৭ ডলার সমপরিমাণ টাকা ঋণ দেন। সেই অভিজ্ঞতা থেকেই জামানত ছাড়াই দরিদ্র মানুষের কাছে ঋণ পৌঁছে দেওয়ার ধারণা বাস্তব রূপ পেতে শুরু করে।
১৯৭৯ সালে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রকল্পটি টাঙ্গাইলে সম্প্রসারিত হয়। পরে ১৯৮৩ সালের ২ অক্টোবর সরকারি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
সরকারের মালিকানা কমে ১০ শতাংশ
ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩০০ কোটি টাকা। নতুন মালিকানা কাঠামো অনুযায়ী, এর ৯০ শতাংশের মালিক ঋণগ্রহীতা সদস্য এবং ১০ শতাংশের মালিক সরকার।
এর আগে ২০১৩ সালের আইন অনুযায়ী সরকারের মালিকানা ছিল ২৫ শতাংশ এবং সদস্যদের ছিল ৭৫ শতাংশ। ২০১১ সালে সরকারের মালিকানা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছিল। নতুন কাঠামোয় সরকারের অংশ কমিয়ে আবার ১০ শতাংশে নামানো হয়েছে।
পরিচালনা পর্ষদেও এসেছে পরিবর্তন। আগে ১৩ সদস্যের পর্ষদে সরকারের মনোনীত পরিচালক ছিলেন তিনজন। এখন সেই সংখ্যা কমিয়ে একজন করা হয়েছে। চেয়ারম্যান সরাসরি সরকার নিয়োগ করবে না; পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন। এ ছাড়া ঋণগ্রহীতা সদস্যদের ভোটে নির্বাচিত ৯ পরিচালকের পাশাপাশি তাঁদের মনোনীত তিনজন পরিচালক থাকবেন।
সদস্যদের আমানতেই পরিচালিত ঋণ কার্যক্রম
গ্রামীণ ব্যাংকের ঋণ বিতরণের প্রধান উৎস এর সদস্যদের জমা রাখা অর্থ। ২০২৫ সালের শেষে সদস্যদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৪১৬ কোটি ৯৯ লাখ টাকা। একই সময়ে ব্যাংকটির ঋণ স্থিতি ছিল ১৭ হাজার ৩৭৮ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ ঋণের তুলনায় আমানতের পরিমাণ ৩৮ কোটি ৮৯ লাখ টাকা বেশি।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে ঋণ বিতরণের শতভাগের বেশি অর্থ সদস্যদের আমানতের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। ফলে সদস্যদের সঞ্চয়ই ব্যাংকটির ঋণ কার্যক্রমের অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে।
এক কোটির বেশি সদস্য, অধিকাংশই নারী
২০২৫ সালের শেষে গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮ লাখ ২০ হাজার। তাঁদের মধ্যে ৯৬ দশমিক ৬৭ শতাংশ নারী। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। এ কার্যক্রম পরিচালিত হচ্ছে ২ হাজার ৫৬৮টি শাখার মাধ্যমে। ব্যাংকটিতে বর্তমানে কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ২৪ হাজার ২১৭ জন।
ক্ষুদ্রঋণের পাশাপাশি গৃহঋণ, শিক্ষাঋণ, কৃষিঋণ, ব্যবসায়িক ঋণ ও পশুপালন ঋণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। সদস্যদের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণমূলক কর্মসূচিও পরিচালনা করা হয়। ২০২০ সালে শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৫২ কোটি চারা রোপণ করা হয়েছে।
লভ্যাংশ ও বিভিন্ন তহবিলে বরাদ্দ
গ্রামীণ ব্যাংক মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার পাশাপাশি বিভিন্ন তহবিলে অর্থ বরাদ্দ করে। ২০২৪ সালের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ বাবদ ৩৭ কোটি ৮ লাখ ৫৩ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া সাধারণ রিজার্ভ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলসহ বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে। ২০২৫ সালের জন্যও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।
ব্যাংকের ক্ষতি হলে ক্ষতিগ্রস্ত হবেন সদস্যরাই
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। এর মালিক যেহেতু গ্রাহকেরা, তাই প্রতিষ্ঠানটির কোনো ক্ষতি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ঋণগ্রহীতা সদস্যরা। তাঁদের অধিকাংশই গ্রামের দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। একই সঙ্গে ব্যাংকের ক্ষতি হলে সরকারেরও ক্ষতি হবে।
এদিকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে সাম্প্রতিক সময়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব অগ্নিসংযোগ বন্ধ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস।
কালের আলো/এসএ/এমএসআইপি


-20261126054159.jpg)













-20261124163219.jpg)



