Kaler Alo
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ যাওয়ার আগে কর্মীদের ভাষা শেখাবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৬:৩৪ পিএম

মুনীর চৌধুরী: জাতীয়তাবাদের গণ্ডি ছাড়িয়ে এক বহুমাত্রিক বুদ্ধিজীবী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৬:৩৪ পিএম

মুনীর চৌধুরী: জাতীয়তাবাদের গণ্ডি ছাড়িয়ে এক বহুমাত্রিক বুদ্ধিজীবী

নাট্যকার, ভাষাসংগ্রামী, শিক্ষক কিংবা শহীদ বুদ্ধিজীবী—মুনীর চৌধুরীকে সাধারণত এসব পরিচয়ের মধ্য দিয়েই স্মরণ করা হয়। কিন্তু তাঁর জীবন ও কর্মের পরিসর ছিল আরও বিস্তৃত। বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, পাকিস্তান রাষ্ট্রের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন, রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ, আবার একই রাষ্ট্রের ভাষানীতি ও সাংস্কৃতিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে অবস্থান—সব মিলিয়ে তাঁর জীবন ছিল নানা মতাদর্শ, দ্বন্দ্ব ও পরিবর্তনের এক জটিল অধ্যায়।

১৯২৫ সালের ২৭ নভেম্বর জন্ম নেওয়া আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী ছিলেন একাধারে নাট্যকার, গল্পকার, শিক্ষক, সমালোচক, ভাষাতাত্ত্বিক ও সাংস্কৃতিক সংগঠক। জীবনের বিভিন্ন সময়ে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে অপহৃত হয়ে শহীদ হন তিনি। বাংলাদেশের সাহিত্য, নাটক ও ভাষাচর্চায় তাঁর অবদান আজও গুরুত্বপূর্ণ। তবে তাঁকে শুধু একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাঁর জীবন ও কর্মের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় না।

ভাষা আন্দোলন ও কারাজীবন
মুনীর চৌধুরীর রাজনৈতিক ও সাংস্কৃতিক সক্রিয়তার উল্লেখযোগ্য সূচনা ঘটে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। ১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রথম ছাত্রসভায় তিনি বক্তৃতা দেন। পরবর্তী সময়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নেন। আন্দোলনের পক্ষে প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়ার কারণে জননিরাপত্তা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়। ১৯৫৪ সাল পর্যন্ত কারাবন্দী থাকতে হয় তাঁকে।

কারাগারে থাকার সময়ই তিনি রচনা করেন তাঁর বিখ্যাত নাটক ‘কবর’। ১৯৫৩ সালে লেখা এই নাটক ভাষা আন্দোলনের প্রতিবাদ, শাসকের দমননীতি এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে নাট্যরূপ দেয়। বাংলা নাটকের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি হিসেবে বিবেচিত।

১৯৫৯ সালে পাকিস্তান সরকারের গঠিত ‘পূর্ববঙ্গ ভাষা কমিটি’র সুপারিশেরও সমালোচনা করেন তিনি। তাঁর মতে, ওই কমিটির সুপারিশ ছিল অবৈজ্ঞানিক ও সাম্প্রদায়িক। আবার ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলনের সময় পাকিস্তান সরকারের দেওয়া ‘সিতারা-ই-ইমতিয়াজ’ খেতাব বর্জন করেন। এসব ঘটনা তাঁর ভাষা ও সংস্কৃতির প্রশ্নে অবস্থানের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

রাজনৈতিক অবস্থানের পরিবর্তন ও নানা বিতর্ক
তবে মুনীর চৌধুরীর জীবনের আরেকটি দিকও রয়েছে, যা প্রচলিত পরিচয়ের সঙ্গে সব সময় মেলে না। কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য ১৯৪৯ সালে রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়েছিলেন তিনি। ১৯৫৬ সালে রকফেলার স্কলারশিপ নিয়ে ভাষাতত্ত্ব পড়তে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যান। পরবর্তী সময়ে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের সরকারের নীতির পক্ষে বেতারের কথিকা রচনা করেন এবং ব্যুরো অব ন্যাশনাল রিকনস্ট্রাকশনের প্রকাশনার সঙ্গেও যুক্ত হন।

১৯৫৮ সালে আইয়ুব খানের সফরসঙ্গী হয়ে করাচি যান তিনি। পরের বছর পাকিস্তান লেখক সংঘের কেন্দ্রীয় কমিটিতে মনোনীত হন। সংগঠনটির প্রাথমিক লক্ষ্য ছিল পাকিস্তান রাষ্ট্রের উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি এবং আধুনিক মননে ইসলামি আদর্শের প্রচার। এই সংগঠনের উদ্যোগে তাঁর নেতৃত্বে ‘পরিক্রমা’ নামে একটি পত্রিকাও প্রকাশিত হয়।

পাকিস্তান আর্টস কাউন্সিলের ঢাকা শাখার সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন মুনীর চৌধুরী। ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের সময় নিয়মিত বেতার অনুষ্ঠানে অংশ নেন। ১৯৬৬ সালে পাকিস্তান সরকারের রাষ্ট্রীয় খেতাব ‘সিতারা-ই-ইমতিয়াজ’ এবং ‘মীর-মানস’ বইয়ের জন্য দাউদ সাহিত্য পুরস্কার গ্রহণ করেন। ১৯৬৯ সালে পাকিস্তান পাবলিকেশন্স থেকে ‘সংগ্রাম ও সংহতি’ শীর্ষক বই সম্পাদনা করেন। দৈনিক পাকিস্তানেও তাঁর অনুবাদ ও প্রবন্ধ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

এই ঘটনাগুলো তাঁর জীবনের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। একদিকে ভাষা আন্দোলনে অংশগ্রহণ ও পাকিস্তানি শাসনের বিভিন্ন নীতির সমালোচনা, অন্যদিকে একই রাষ্ট্রের প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কাঠামোর সঙ্গে সম্পৃক্ততা—দুটি দিকই তাঁর জীবনে পাশাপাশি ছিল।

বিরোধের মধ্যেও সক্রিয় ছিলেন মুনীর চৌধুরী
মুনীর চৌধুরীর জীবনকে শুধু সমর্থন ও বিরোধিতার সরল রেখায় ব্যাখ্যা করা কঠিন। তাঁর রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে দুই বিপরীত পক্ষ থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।

ভাষা আন্দোলনে অংশ নেওয়ার কারণে পাকিস্তান প্রশাসন তাঁকে গ্রেপ্তার করে। বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। এমনকি পরিবারের সদস্যদের বিশ্ববিদ্যালয়ের বাসা ছাড়তে বাধ্য করা হয়েছিল। অন্যদিকে কারাগার থেকে মুক্তির জন্য রাজনীতি না করার শর্ত মেনে নেওয়ায় তাঁর সাবেক রাজনৈতিক সহযোদ্ধাদের একাংশ তাঁকে সমালোচনা করেন।

হার্ভার্ডে পড়তে যাওয়ার পরও দুই ধরনের সন্দেহের মুখে পড়েন তিনি। পাকিস্তান সরকার কমিউনিস্ট সন্দেহে তাঁর বিষয়ে অনুসন্ধান চালায়। আবার বামপন্থী ও জাতীয়তাবাদী মহলের কেউ কেউ তাঁকে মার্কিন শক্তির ঘনিষ্ঠ হিসেবে সমালোচনা করেন।

রবীন্দ্রনাথকে ঘিরেও তাঁর অবস্থানে পরিবর্তন দেখা যায়। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রগতিশীল লেখক ও শিল্পীদের একটি অংশের মতো তিনিও একসময় রবীন্দ্রনাথকে প্রগতিবিরোধী হিসেবে বিবেচনা করেছিলেন। কিন্তু ১৯৬১ সালে রবীন্দ্রজন্মশতবর্ষ উদ্‌যাপনে সরকারি বাধা অতিক্রম করে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৬৭ সালে রেডিও ও টেলিভিশনে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধের পক্ষে তৎকালীন তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ১৯ নাগরিকের বিবৃতির খসড়াও তৈরি করেন এবং তাতে স্বাক্ষর করেন।

মুক্তিযুদ্ধের সময় তাঁর অবস্থান নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। পাকিস্তান সরকারের পক্ষে দেওয়া একটি বিবৃতির কারণে তাঁর জ্যেষ্ঠ পুত্র আহমেদ মুনীরকে বন্ধুদের কাছ থেকে শুনতে হয়েছিল, তাঁর বাবা পাকিস্তানি বাহিনীর সহযোগী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেও তাঁর সমালোচনা করা হয়। অথচ একই সময়ে পাকিস্তানের সামরিক প্রশাসক টিক্কা খান রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাঁকে সতর্ক করে চিঠি পাঠিয়েছিলেন। এসব ঘটনা তাঁর জীবনের রাজনৈতিক জটিলতা ও ব্যক্তিগত দ্বন্দ্বের গভীরতা তুলে ধরে।

নাটক, সাহিত্য ও ভাষাচর্চায় অনন্য অবদান
রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্কের বাইরে মুনীর চৌধুরীর সবচেয়ে বড় শক্তির জায়গা ছিল তাঁর সৃজনশীলতা ও কর্মদক্ষতা। চল্লিশের দশকে আলীগড় বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় উর্দু ভাষা ও সাহিত্যের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। ঢাকায় ফিরে যুক্ত হন প্রগতি লেখক ও শিল্পী সংঘ, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং কমিউনিস্ট রাজনীতির সঙ্গে।

১৯৪৪ থেকে ১৯৪৮ সালের মধ্যে লেখা তাঁর গল্পগুলোতে উঠে আসে এ অঞ্চলের সাধারণ মানুষের জীবন, সংকট ও পরিবর্তিত জীবনবোধ। তাঁর গল্পপাঠ শুনে প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘জিনিয়াস’ বলে অভিহিত করেছিলেন বলে জানা যায়।

পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট রাজনীতি থেকে সরে এসে তিনি একাডেমিক ও সাহিত্যিক কর্মকাণ্ডে মনোযোগ দেন। নাটক রচনার পাশাপাশি মঞ্চপরিকল্পনা, নির্দেশনা এবং অভিনয়েও যুক্ত হন। সাম্প্রদায়িক দাঙ্গাবিরোধী একাঙ্কিকা ‘মানুষ’, কালজয়ী নাটক ‘কবর’, ‘চিঠি’, ‘দণ্ডধর’ ও ‘দণ্ডকারণ্য’ তাঁর উল্লেখযোগ্য রচনা।

১৯৬২ সালে পানিপথের তৃতীয় যুদ্ধের দ্বিশতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে প্রকাশিত হয় তাঁর নাটক ‘রক্তাক্ত প্রান্তর’। পাকিস্তান সরকারের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত হলেও নাটকটি কেবল রাষ্ট্রীয় প্রচারণার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। শৈল্পিক দক্ষতা ও নাট্যগুণের কারণে এটি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সৃষ্টি হয়ে ওঠে।

নাট্যচর্চায় শিক্ষার্থীদেরও যুক্ত করতেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁদের ব্যক্তিগত জীবন, সংকট ও দ্বন্দ্ব অনেক সময় তাঁর নাটকের বিষয়বস্তু হয়ে উঠত। ফলে তাঁর নাটকে সমকালীন পূর্ববঙ্গের মানুষের জীবন ও বাস্তবতা বিশেষ গুরুত্ব পেয়েছে।

বাংলা ভাষা ও প্রযুক্তিতে নতুন অবদান
ভাষাতত্ত্বে অর্জিত জ্ঞানকে বাংলা ভাষা ও বর্ণমালার চর্চায় কাজে লাগিয়েছিলেন মুনীর চৌধুরী। ষাটের দশকে বাংলা বর্ণমালা ও বানানপদ্ধতি সংস্কারের নামে ভাষার স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবর্তনের উদ্যোগের বিরুদ্ধে তিনি বুদ্ধিবৃত্তিক ভূমিকা রাখেন।

বাংলা লেখার প্রযুক্তিগত উন্নয়নেও তাঁর অবদান রয়েছে। দীর্ঘদিনের গবেষণা ও পরিশ্রমের মাধ্যমে তিনি ‘মুনীর অপটিমা’ টাইপরাইটার বিন্যাস উদ্ভাবন করেন। বাংলা টাইপিং প্রযুক্তির বিকাশের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সংযোজন।

তাঁর সাহিত্যকর্মে রাজনৈতিক সচেতনতা থাকলেও নাটকগুলো কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের স্লোগানে পরিণত হয়নি। কমিউনিস্ট চিন্তাধারা, ভাষা আন্দোলন, পাশ্চাত্য সাহিত্য-শিল্পের অভিজ্ঞতা এবং সমকালীন শাসনব্যবস্থায় ব্যক্তির দায়বদ্ধতা—বিভিন্ন উপাদান তাঁর চিন্তা ও সাহিত্যবোধকে সমৃদ্ধ করেছে।

পূর্ববঙ্গের স্বতন্ত্র জীবন ও সংস্কৃতির অনুসন্ধান
মুনীর চৌধুরীর সাহিত্যকর্মে পূর্ববঙ্গের মানুষের নিজস্ব জীবনবোধ ও সাংস্কৃতিক পরিচয় বিশেষভাবে ফুটে উঠেছে। তাঁর রচনায় পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক শোষণ, ঔপনিবেশিক শাসনের প্রভাব, পশ্চিম এশীয় মূল্যবোধ এবং পশ্চিমবঙ্গকেন্দ্রিক সাংস্কৃতিক প্রভাবের বাইরে পূর্ববঙ্গের স্বতন্ত্র অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা দেখা যায়।

তাঁর নাটকের চরিত্রগুলো মূলত এ অঞ্চলের পরিচিত মানুষ। ‘মানুষ’ নাটকের আব্বা, আম্মা, ফরিদ, জুলেখা কিংবা ‘কবর’ নাটকের মুর্দা ফকির ও ভাষা আন্দোলনে শহীদ ছাত্রদের ছায়ামূর্তি—সব চরিত্রেই উঠে এসেছে সমাজের বাস্তবতা। ‘চিঠি’ ও ‘দণ্ডকারণ্য’ নাটকের চরিত্রগুলোও পূর্ববঙ্গের মানুষের জীবনসংগ্রাম ও দ্বন্দ্বের প্রতিনিধিত্ব করে।

মুসলমান চরিত্রকে কেন্দ্র করে সাহিত্য রচনা করলেও তাঁর দৃষ্টিভঙ্গি ছিল উদার ও অসাম্প্রদায়িক। মুসলমান পরিচয় ধারণ করেও একটি জনগোষ্ঠীর জীবনকে ধর্মীয় গণ্ডির বাইরে মানবিক ও ধর্মনিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন তিনি। তাঁর রচনায় পূর্ববঙ্গের মানুষের নিজস্ব সাংস্কৃতিক স্বর ও জীবনযাপনের বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে উঠেছে।

মুক্তিযুদ্ধের দুই দিন আগে শহীদ হন
মুক্তিযুদ্ধের উত্তাল সময়েও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন মুনীর চৌধুরী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে ইংরেজি বিভাগের প্রধান এবং কলা অনুষদের ডিনের দায়িত্ব গ্রহণ করেন তিনি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তাঁকে অপহরণ করে হত্যা করা হয়। বাংলাদেশের বিজয়ের মাত্র দুই দিন আগে তাঁর মৃত্যু দেশের সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে আসে।

স্বাধীনতার পর তাঁকে বাঙালি জাতীয়তাবাদী চিন্তাচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হয়েছে। ভাষা আন্দোলন, সাংস্কৃতিক প্রতিরোধ এবং বাংলাদেশের স্বতন্ত্র সাহিত্যিক পরিচয় নির্মাণে তাঁর অবদান এ স্বীকৃতির ভিত্তি তৈরি করেছে। তবে তাঁর জীবনের সব ঘটনা একক জাতীয়তাবাদী বয়ানের মধ্যে ব্যাখ্যা করা যায় না।

মুনীর চৌধুরীর জীবন ছিল সময়, রাজনীতি, সংস্কৃতি ও ব্যক্তিগত বাস্তবতার নানা টানাপোড়েনে গড়ে ওঠা এক বহুমাত্রিক অধ্যায়। পাকিস্তান রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকেও তিনি ভাষা ও সংস্কৃতির স্বাতন্ত্র্য প্রতিষ্ঠায় কাজ করেছেন; কখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন, আবার কখনো সেই রাষ্ট্রের নীতির বিরোধিতা করেছেন। তাঁর জীবনের এই বৈপরীত্যগুলোকে পাশাপাশি রেখে বিচার করলেই তাঁর কর্ম ও চিন্তার ব্যাপ্তি বোঝা সম্ভব।

তাঁকে কোনো একক রাজনৈতিক বা সাংস্কৃতিক পরিচয়ের মধ্যে আটকে না রেখে সময়ের বাস্তবতা, ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সামগ্রিক কর্মকাণ্ডের আলোকে পাঠ করা প্রয়োজন। নাট্যকার মুনীর চৌধুরী যেমন একাধিক ট্র্যাজেডির স্রষ্টা, তেমনি তাঁর নিজের জীবনও ছিল নানা দ্বন্দ্ব ও বেদনাময় পরিণতির এক ট্র্যাজিক অধ্যায়। তাঁর সবচেয়ে বড় উত্তরাধিকার হয়তো এই যে, তিনি কোনো নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ না থেকে সাহিত্য, ভাষা, শিক্ষা ও সংস্কৃতির নানা ক্ষেত্রে নিজের সক্রিয়তা বজায় রেখেছিলেন।

কালের আলো/এসএ/জেএন

Link copied!