Kaler Alo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১১:৪১ এএম

আইসিইউতে অ্যান্টিবায়োটিক সংকটের ভয়াবহ চিত্র

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ১১:৪১ এএম

আইসিইউতে অ্যান্টিবায়োটিক সংকটের ভয়াবহ চিত্র

দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সাধারণ অ্যান্টিবায়োটিকে অনেক জীবাণু আর মরছে না। ফলে বাড়ছে সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগীদের চিকিৎসার জটিলতা। বিশেষ করে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে শনাক্ত হওয়া জীবাণুর ৯৩ শতাংশই একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। অন্যদিকে অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে দেশে বছরে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) গবেষণায় উঠে এসেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের এই উদ্বেগজনক চিত্র। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নজরদারি প্রতিবেদন প্রকাশ করা হয়। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের আটটি বিভাগ থেকে সংগ্রহ করা নমুনা বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

গবেষণায় মোট ৯৯ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮৫ হাজার ৫২০টি নমুনায়, অর্থাৎ প্রায় ৮৬ শতাংশে জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। বিশ্লেষণে দেখা গেছে, দেশের মোট সংক্রমণের ৫৫ শতাংশ ঘটছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর কারণে। চিকিৎসাবিজ্ঞানে একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী জীবাণুকে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট বা এমডিআর বলা হয়।

এক বছরে বেড়েছে প্রতিরোধী জীবাণুর হার
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে এমডিআর জীবাণুর হার ছিল ৪৬ শতাংশ। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর হার বেড়েছে ৯ শতাংশীয় পয়েন্ট। আইসিইউতেও পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে ২০২৫ সালে প্রতিরোধী জীবাণুর হার ছিল ৮৯ শতাংশ, যা ২০২৬ সালে বেড়ে ৯৩ শতাংশ হয়েছে।

এর অর্থ, আইসিইউতে প্রতি ১০০টি শনাক্ত জীবাণুর মধ্যে ৯৩টিই একাধিক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। ফলে গুরুতর অসুস্থ রোগীদের সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ওষুধ নির্বাচন চিকিৎসকদের জন্য কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে রক্তের নমুনায় শনাক্ত জীবাণুর ক্ষেত্রে প্রতিরোধক্ষমতার হার বেশি হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে।

প্রচলিত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমছে
গবেষণায় দেখা গেছে, সংক্রমণ ঘটানো জীবাণুর ৭৮ শতাংশই গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ই. কোলাই ও কে. নিউমোনিয়া। এসব জীবাণু প্রস্রাব, রক্ত ও শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটাতে পারে।

১৪টি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণুর সংবেদনশীলতা পরীক্ষা করে ১ হাজার ১১৮টি জীবাণু ও ওষুধের ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। এতে ৭৯৫টি ক্ষেত্রে জীবাণুর সংবেদনশীলতা পাওয়া গেছে ৬০ শতাংশ বা তার কম। সব ধরনের নমুনা মিলিয়ে ৫২ শতাংশ ফলাফল ছিল রেড জোনে। অর্থাৎ এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা খুব কম অথবা ঝুঁকিপূর্ণ।

নমুনার ধরন অনুযায়ী রেড জোনের হারেও বড় পার্থক্য দেখা গেছে। প্রস্রাবের নমুনায় এ হার ৪৬ শতাংশ, মলের নমুনায় ৬৭ শতাংশ, রক্তে ৭২ শতাংশ, শ্বাসতন্ত্রের সংক্রমণে ৭৩ শতাংশ এবং ত্বক ও নরম টিস্যুর সংক্রমণে ৮২ শতাংশ। তবে আইসিইউতে এ হার ৯০ শতাংশ। আইসিইউ রোগীদের রক্তের নমুনায় তা বেড়ে ৯৩ শতাংশে পৌঁছেছে।

শক্তিশালী অ্যান্টিবায়োটিকও হারাচ্ছে কার্যকারিতা
প্রতিবেদনে বলা হয়েছে, সিপ্রোফ্লক্সাসিনের মতো বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা অনেক জীবাণুর বিরুদ্ধে কমে গেছে। টাইফয়েডের জীবাণু সালমোনেলা টাইফির বিরুদ্ধে ওষুধটির কার্যকারিতা মাত্র ২২ শতাংশ। আমাশয়ের জীবাণু শিগেলার বিরুদ্ধে তা আরও কম, মাত্র ৯ শতাংশ।

তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাও উদ্বেগজনকভাবে কমেছে। ই. কোলাই ও কে. নিউমোনিয়ার বিরুদ্ধে এসব ওষুধের কার্যকারিতা ২৬ থেকে ৫৫ শতাংশ। আইসিইউতে এ হার আরও কমে ১০ শতাংশের নিচে নেমেছে।

কার্বাপেনেম গ্রুপের শক্তিশালী অ্যান্টিবায়োটিক ইমিপেনেম ও মেরোপেনেমের কার্যকারিতাও কমেছে। আইসিইউতে গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এসব ওষুধের কার্যকারিতা মাত্র ৪ থেকে ৩৩ শতাংশ। ফলে গুরুতর সংক্রমণের চিকিৎসায় একসময় নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত এসব ওষুধের ব্যবহার নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শেষ ভরসার অ্যান্টিবায়োটিকেও বাড়ছে ঝুঁকি
গবেষণায় কিছু ক্ষেত্রে আশার তথ্যও পাওয়া গেছে। কলিস্টিন এখনো অনেক প্রতিরোধী জীবাণুর বিরুদ্ধে কার্যকর। গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এর কার্যকারিতা ৮৮ থেকে ৯৭ শতাংশ। অ্যাসিনেটোব্যাকটার জীবাণুর বিরুদ্ধে কলিস্টিনের কার্যকারিতা ৯৪ শতাংশ। তবে ওষুধটিকে শেষ ভরসার অ্যান্টিবায়োটিক হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে অ্যাসিনেটোব্যাকটার জীবাণুর ক্ষেত্রে পরীক্ষিত ১৩টি অ্যান্টিবায়োটিকের মধ্যে ১২টির বিরুদ্ধেই প্রতিরোধী অবস্থা পাওয়া গেছে। অর্থাৎ এ ধরনের জীবাণুর সংক্রমণে কার্যকর চিকিৎসা নিশ্চিত করা আরও কঠিন হয়ে উঠছে।

কিছু নির্দিষ্ট সংক্রমণে কয়েকটি অ্যান্টিবায়োটিক এখনো ভালো কার্যকারিতা দেখাচ্ছে। টাইফয়েডের জীবাণুর বিরুদ্ধে সেফট্রিয়াক্সোন ৯৭ শতাংশ কার্যকর। প্রস্রাবের ই. কোলাইয়ের বিরুদ্ধে ফসফোমাইসিনের কার্যকারিতা ৯৬ শতাংশ এবং নাইট্রোফুরানটয়েনের ৮১ শতাংশ। কলেরার জীবাণুর বিরুদ্ধে টেট্রাসাইক্লিনের কার্যকারিতা ৯৬ শতাংশ।

অ্যান্টিবায়োটিক ব্যবহারে বড় ধরনের অসংগতি
জীবাণুর প্রতিরোধক্ষমতা বাড়লেও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ধরনে প্রয়োজনীয় পরিবর্তন আসেনি। গবেষণায় ১৯ হাজার ৩৮৬টি অ্যান্টিবায়োটিক ব্যবহারের রেকর্ড বিশ্লেষণ করে দেখা গেছে, চিকিৎসকদের ব্যবস্থাপত্রে ৭৫ শতাংশই ছিল ওয়াচ গ্রুপের অ্যান্টিবায়োটিক। এসব ওষুধের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতা তৈরি হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।

অন্যদিকে সাধারণ সংক্রমণের চিকিৎসায় ব্যবহারের জন্য নির্ধারিত অ্যাকসেস গ্রুপের অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছিল মাত্র ১৬ শতাংশ। এ গ্রুপের ওষুধের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধক্ষমতা তৈরির ঝুঁকি তুলনামূলক কম।

হাসপাতালের আইসিইউতে মেরোপেনেমের ব্যবহার ছিল ৩১ শতাংশ। সাধারণ ওয়ার্ডে সেফট্রিয়াক্সোনের ব্যবহার ছিল ৩৯ শতাংশ। অথচ গবেষণায় দেখা গেছে, অনেক জীবাণুর বিরুদ্ধে এসব অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ইতিমধ্যে কমে গেছে।

বছরে মৃত্যু ১ লাখ ২৫ হাজার, নিয়ন্ত্রণে উদ্যোগ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানিয়েছেন, অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে বছরে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষের মৃত্যু হয়। এ পরিস্থিতি মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত বিক্রি বন্ধ এবং ব্যবস্থাপত্র ছাড়া এসব ওষুধ বিক্রি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। সংশ্লিষ্টদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ, অপ্রয়োজনীয় ব্যবহারের প্রবণতা এবং চিকিৎসার নির্ধারিত কোর্স অসম্পূর্ণ রাখার কারণে জীবাণুর প্রতিরোধক্ষমতা বাড়ছে।

এ ছাড়া হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতা এবং পরিচ্ছন্নতার ঘাটতিও প্রতিরোধী জীবাণুর বিস্তারে ভূমিকা রাখছে। এসব ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

পরীক্ষাভিত্তিক চিকিৎসা ও সচেতনতার তাগিদ
প্রতিবেদনে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ঝুঁকি কমাতে জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। চিকিৎসকেরা যাতে সংক্রমণের ধরন ও পরীক্ষার ফল অনুযায়ী সঠিক অ্যান্টিবায়োটিক নির্বাচন করতে পারেন, সে জন্য হাসপাতাল ও পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ করে আইসিইউতে কালচার পরীক্ষার ফলের ভিত্তিতে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় ও শক্তিশালী অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে সাধারণ সংক্রমণে উপযুক্ত অ্যাকসেস গ্রুপের ওষুধ ব্যবহারে গুরুত্ব দিতে বলা হয়েছে।

এ ছাড়া হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগী ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার করার সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ, ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি বন্ধ এবং পরীক্ষাভিত্তিক চিকিৎসা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে সাধারণ সংক্রমণের চিকিৎসাও আরও কঠিন হয়ে উঠতে পারে।

কালের আলো/এসএ/এমএএইচ

Link copied!