Kaler Alo
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ যাওয়ার আগে কর্মীদের ভাষা শেখাবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৬:০২ পিএম

শিক্ষার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: মাউশি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ০৬:০২ পিএম

শিক্ষার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: মাউশি মহাপরিচালক

শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, শিক্ষাঙ্গনের পরিবেশ উন্নত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর, প্রতিষ্ঠান ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেছেন, শিক্ষা খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একটি পরিবারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা পরিবারের সবাইকে সমন্বিতভাবে কাজের আহ্বান
মাউশির মহাপরিচালক বলেন, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকেরা সবাই বৃহত্তর শিক্ষা পরিবারের অংশ। এই পরিবারের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব রয়েছে। শিক্ষা খাতের বিভিন্ন কার্যক্রম, উদ্যোগ ও অগ্রগতি সংশ্লিষ্ট অংশীজনের কাছে তুলে ধরার পাশাপাশি কোথাও কোনো ভুলত্রুটি থাকলে তা চিহ্নিত করে সংশোধনের সুযোগ তৈরি করাও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন শুধু একটি প্রতিষ্ঠান বা নির্দিষ্ট কোনো দপ্তরের পক্ষে এককভাবে নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য শিক্ষা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। সবাই সম্মিলিতভাবে কাজ করলে শিক্ষাঙ্গনের পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করা সহজ হবে।

ইশতেহারের ৪৩ বিষয় বাস্তবায়নে প্রয়োজন সহযোগিতা
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ও দিকনির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা কাজ করছে বলে জানান অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর নেতৃত্বে এবং শিক্ষা সচিবের নির্দেশনায় এসব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে শিক্ষা সংশ্লিষ্ট ৪৩টি বিষয় রয়েছে। এসব বিষয় বাস্তবায়নে শিক্ষা পরিবারের সবাইকে একযোগে কাজ করতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ থাকলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি সুন্দর শিক্ষাঙ্গন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য অর্জন সম্ভব হবে।

সাংবাদিকদের সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, অতীতেও শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমে সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা পাওয়া গেছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

সাংবাদিকদের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে নিজের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মাউশির মহাপরিচালক। তিনি বলেন, ২০০১ সাল থেকেই শিক্ষা খাতের বিভিন্ন কার্যক্রমে সাংবাদিকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সে সময় নিজেও সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কাজ করেছেন।

এই অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষা খাতের উন্নয়ন, সমস্যা চিহ্নিত করা এবং ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব উপলব্ধি করেছেন বলে জানান তিনি। তাঁর মতে, শিক্ষা খাতের অগ্রগতি ও সীমাবদ্ধতা যথাযথভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

কর্মমুখী শিক্ষায় গুরুত্ব
আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মকে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান নয়, বাস্তব জীবনে কাজে লাগানোর মতো দক্ষতা অর্জনের সুযোগও তৈরি করতে হবে।

শিক্ষা খাতের কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এ সময় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান ধারণ করে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা
ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

অনুষ্ঠানে শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা শিক্ষা খাতের অগ্রযাত্রায় নীতিনির্ধারক, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

কালের আলো/এসএ/এমএসআইপি

Link copied!