Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১১:২৯ এএম

ভ্যাটের বোঝা সবচেয়ে বেশি দরিদ্রের কাঁধে

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১১:২৯ এএম

ভ্যাটের বোঝা সবচেয়ে বেশি দরিদ্রের কাঁধে

আয় কম, কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা কিনতে গিয়ে আয়ের বড় অংশই ভ্যাট হিসেবে দিতে হচ্ছে দরিদ্র পরিবারগুলোকে। দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশের সমপরিমাণ অর্থ ভ্যাট হিসেবে চলে যাচ্ছে সরকারি কোষাগারে। বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের আয়ের মাত্র ২ দশমিক ৮০ শতাংশ ভ্যাট দিতে হচ্ছে। অর্থাৎ আয়ের তুলনায় ধনীদের চেয়ে দরিদ্রদের ওপর ভ্যাটের বোঝা প্রায় সাত গুণ বেশি।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। শনিবার ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করা হয়। ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় পরিচালিত গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।

গবেষণায় বলা হয়েছে, প্রচলিত করব্যবস্থায় দরিদ্র পরিবারগুলোর আয় সাধারণত করযোগ্য সীমার নিচে থাকলেও ভোগের ওপর আরোপিত ভ্যাট তাদের আয়ের বড় অংশ কেড়ে নিচ্ছে। অন্যদিকে উচ্চ আয়ের পরিবারগুলোর ওপর আয়করের সম্ভাব্য দায় অনেক বেশি হলেও সেই অনুপাতে রাজস্ব আদায় হচ্ছে না। এতে দেশের করব্যবস্থায় বৈষম্যের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

আয়করের বড় অংশ দেওয়ার কথা ধনীদের
গবেষণা অনুযায়ী, দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুসারে সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশের বেশি দেওয়ার কথা এই পরিবারগুলোর। বিপরীতে নিম্ন আয়ের ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তিগত আয়কর দায় নেই।

এ অবস্থায় আয়করভিত্তি সম্প্রসারণের ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষের পরিবর্তে উচ্চ আয়ের পরিবারগুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে র‍্যাপিড।

গবেষণায় আরও উঠে এসেছে, দেশে ব্যক্তি আয়করের আওতায় সক্রিয় করদাতার সংখ্যা খুবই কম। মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারীদের মধ্যেও রিটার্ন জমা দেওয়ার হার সীমিত। ব্যক্তি ও অন্যান্য শ্রেণির ক্ষেত্রে রিটার্ন জমার হার ৪৩ দশমিক ১ শতাংশ। কোম্পানির ক্ষেত্রে এ হার মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ। ফলে করযোগ্য আয়ের বড় একটি অংশ কার্যকর করব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।

১ শতাংশ পরিবারের হাতে ৪৭ শতাংশ সম্পদ
আয়ের তুলনায় সম্পদের বণ্টনে বৈষম্য আরও প্রকট বলে জানিয়েছে র‍্যাপিড। গবেষণায় দেখা গেছে, দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ রয়েছে। শীর্ষ ১০ শতাংশ পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে মোট সম্পদের ৭৬ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে সবচেয়ে কম সম্পদ থাকা অর্ধেক পরিবারের হাতে রয়েছে মোট সম্পদের মাত্র ৩ দশমিক ৪ শতাংশ। শহরাঞ্চলে সম্পদের কেন্দ্রীভবন আরও বেশি। সেখানে সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৫৩ শতাংশের বেশি।

পরিবারের জমি, বাড়ি, আর্থিক সম্পদ ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য থেকে ঋণ বাদ দিয়ে নিট সম্পদের হিসাব করেছে গবেষক দল।

ভ্যাট আদায়ে ঘাটতি, বাড়তি কর নয় দক্ষতা বাড়ানোর পরামর্শ
ভোক্তারা পণ্য ও সেবা কেনার সময় ভ্যাট দিলেও তার পুরোটা সরকারি কোষাগারে জমা হচ্ছে না বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ভ্যাট সংগ্রহ ও সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব থাকলেও অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রির তথ্য গোপন এবং যথাযথভাবে ভ্যাট জমা না দেওয়ার কারণে রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি হচ্ছে।

এ পরিস্থিতিতে ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে আদায়ের দক্ষতা, কর পরিপালন এবং প্রশাসনিক নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে র‍্যাপিড। গবেষকদের মতে, বিদ্যমান ব্যবস্থার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে পারলে করহার না বাড়িয়েও উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত রাজস্ব সংগ্রহ সম্ভব।

গবেষণার ফল প্রকাশ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার।

র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং জনগণ করের বিনিময়ে কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেসব বিষয়ও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

করব্যবস্থায় সাত সুপারিশ
গবেষণায় রাজস্ব খাতের সংস্কারে সাতটি সুপারিশ তুলে ধরেছে র‍্যাপিড। এর মধ্যে রয়েছে উচ্চ আয়ের জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে আয়করভিত্তি সম্প্রসারণ, ভ্যাটের হার না বাড়িয়ে আদায়ের দক্ষতা ও কর পরিপালন নিশ্চিত করা এবং করপোরেট করছাড় ও বিশেষ সুবিধার যৌক্তিকতা পুনর্মূল্যায়ন।

এ ছাড়া সম্পদের ব্যাপক কেন্দ্রীভবন বিবেচনায় উত্তরাধিকার কর প্রবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা, কর আদায়ের নামে জবরদস্তি ও করদাতাদের হয়রানি বন্ধ, করের আওতা বাড়াতে স্থানীয় জনগোষ্ঠী ও পেশাজীবী সংগঠনের সঙ্গে কাজ এবং কর প্রশাসনের আধুনিকায়নের পাশাপাশি সরকারি ব্যয়ের গুণগত মান উন্নয়নের সুপারিশ করা হয়েছে।

গবেষকদের মতে, রাজস্ব ব্যবস্থায় ন্যায্যতা নিশ্চিত করতে হলে করের বোঝা কার ওপর কতটা পড়ছে, তা বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে উচ্চ আয়ের মানুষ ও সম্পদশালী গোষ্ঠীর কাছ থেকে যথাযথ কর আদায় এবং ভ্যাট ব্যবস্থায় অনিয়ম বন্ধ করা জরুরি।

কালের আলো/এএএন/জেএন

Link copied!