Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১১:১৮ এএম

তৃতীয় টার্মিনাল ঘিরে জটিলতা, পুরোনো অবকাঠামো নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১১:১৮ এএম

তৃতীয় টার্মিনাল ঘিরে জটিলতা, পুরোনো অবকাঠামো নিয়ে উদ্বেগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট সেখান থেকে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল আন্তর্জাতিক যাত্রী পরিবহনে কার্যত অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে নতুন টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনা এবং এ খাতের আয় ভাগাভাগির প্রস্তাব নিয়েও আপত্তি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীদের স্টিয়ারিং কমিটি।

বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট সিদ্ধান্ত বা বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। এর মধ্যে তৃতীয় টার্মিনালের পরিচালনা, পুরোনো টার্মিনালগুলোর ব্যবহার এবং রাজস্ব ভাগাভাগির শর্ত নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, পরিকল্পনা অনুযায়ী সব আন্তর্জাতিক ফ্লাইট নতুন টার্মিনালে স্থানান্তর করা হলে পুরোনো দুটি টার্মিনালের বড় অবকাঠামো অব্যবহৃত পড়ে থাকতে পারে। একই সঙ্গে যাত্রীসংখ্যা বাড়ার সঙ্গে নতুন টার্মিনালের সক্ষমতা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে।

গ্রাউন্ড হ্যান্ডলিং পুরোপুরি চায় বিমান
গত ২৪ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের কাছে স্মারকলিপি দিয়েছে বিমান স্টিয়ারিং কমিটি। সেখানে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় বিমান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানকে অংশীদার না করার অনুরোধ জানানো হয়েছে।

কমিটির বক্তব্য, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং অত্যন্ত স্পর্শকাতর একটি সেবা। জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। তাই এ দায়িত্ব বিমানের হাতে রাখার পক্ষে তারা।

স্মারকলিপিতে কমিটি জানিয়েছে, নিজস্ব আয় থেকেই বিমানের কর্মীদের বেতন-ভাতাসহ যাবতীয় ব্যয় নির্বাহ করা হয়। রাষ্ট্রের কাছ থেকে আর্থিক সহযোগিতা না পেলেও গত বছর ভ্যাট ও কর বাবদ সরকারকে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা দিয়েছে সংস্থাটি।

কমিটির দাবি, বিদেশি কোনো প্রতিষ্ঠানকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সুযোগ দেওয়া হলে এ খাতের আয় দেশের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া তৃতীয় টার্মিনালের হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিমানের মতামত বা আলোচনার সুযোগ রাখা হয়নি বলেও অভিযোগ করেছে তারা।

আয়ের অর্ধেক হারানোর শঙ্কা
বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল ব্যবহারকারী এয়ারলাইনসগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেয় বিমান। এ খাত থেকে সংস্থাটির বছরে প্রায় ৫০০ কোটি টাকা আয় হয়।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, তৃতীয় টার্মিনালের খসড়া পরিচালনা চুক্তিতে রাজস্ব ভাগাভাগি সমান হারে করার শর্ত রয়েছে। অর্থাৎ, নতুন টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে বিমান সর্বোচ্চ ৫০ শতাংশ অংশ পেতে পারে। এতে এ খাত থেকে বিমানের আয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের আওতায় বিমানবন্দরে এয়ারলাইনসগুলোর মালামাল ওঠানো-নামানো, যাত্রীদের কাছে ব্যাগেজ পৌঁছে দেওয়া এবং উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ও মেরামতের মতো সেবা দেওয়া হয়। এ খাতের আয় বিমানের নিয়মিত পরিচালন ব্যয় ও জনবলের বেতন-ভাতা পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিমান কর্মকর্তাদের আশঙ্কা, গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে আয় কমে গেলে কর্মীদের বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধেও চাপ বাড়বে। সংস্থাটির বহরে যুক্ত হওয়া উড়োজাহাজের ঋণ এখনো পরিশোধাধীন। এর মধ্যে বোয়িং ও এয়ারবাস থেকে আরও ৩৫টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চলছে। ফলে ভবিষ্যতে আর্থিক চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা।

পুরোনো টার্মিনাল নিয়ে প্রশ্ন
তৃতীয় টার্মিনাল চালু হলে সব আন্তর্জাতিক ফ্লাইট সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। পুরোনো প্রথম ও দ্বিতীয় টার্মিনাল ব্যবহারের ক্ষেত্রে হজ ফ্লাইট ও অনিয়মিত ফ্লাইট পরিচালনার কথা বিবেচনায় রয়েছে। তবে বছরের অধিকাংশ সময় এসব টার্মিনাল কীভাবে ব্যবহার করা হবে, তা এখনো স্পষ্ট নয়।

একটি বিশেষ সংস্থার সতর্কবার্তায়ও পুরোনো টার্মিনালগুলোর ভবিষ্যৎ ব্যবহার নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন টার্মিনাল পুরোপুরি চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল আন্তর্জাতিক যাত্রী পরিবহনে ব্যবহার না করার পরিকল্পনা বাস্তবায়িত হলে বড় অবকাঠামো অব্যবহৃত পড়ে থাকতে পারে। এতে রক্ষণাবেক্ষণ ও রাজস্ব আয়—দুই ক্ষেত্রেই ক্ষতির আশঙ্কা রয়েছে।

সিভিল অ্যাভিয়েশন অথরিটির তথ্যের বরাতে ওই চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালে শাহজালাল বিমানবন্দরের বিদ্যমান টার্মিনালগুলো দিয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ যাত্রী যাতায়াত করেছেন। অন্যদিকে তৃতীয় টার্মিনালের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ১ কোটি ২০ লাখ। যাত্রীসংখ্যা বাড়তে থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই নতুন টার্মিনালের সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এতে যাত্রীসেবার মান কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

প্রথম ও দ্বিতীয় টার্মিনালের সম্মিলিত বার্ষিক যাত্রী ধারণক্ষমতা প্রায় ৮০ লাখ। আন্তর্জাতিক যাত্রী পরিবহনে এ দুটি টার্মিনাল ব্যবহার না হলে এত বড় অবকাঠামো কার্যকরভাবে কাজে লাগানো কঠিন হবে। বিশ্বের অনেক বিমানবন্দরে নতুন টার্মিনাল চালুর পরও পুরোনো টার্মিনালগুলো আন্তর্জাতিক যাত্রী পরিবহনে ব্যবহারের নজির রয়েছে।

চুক্তির অপেক্ষায় তৃতীয় টার্মিনাল
জাপানি ঋণ ও সহযোগিতায় নির্মিত তৃতীয় টার্মিনালের পরিচালনাগত কিছু দায়িত্ব জাপানি সংস্থার হাতে থাকার কথা রয়েছে। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রম শুরু হতে পারে।

টার্মিনাল চালুর প্রস্তুতি হিসেবে ইমিগ্রেশন বুথ, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপনের কাজ চলছে। পাশাপাশি পরীক্ষামূলক পরিচালনার প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির খসড়া সিভিল অ্যাভিয়েশন অথরিটির মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, খসড়া চুক্তিতে শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দর চালু না করার শর্তও রয়েছে। পাশাপাশি তৃতীয় টার্মিনালের রাজস্ব সমান হারে ভাগাভাগির বিষয়টি আলোচনায় রয়েছে। এসব শর্ত চূড়ান্ত হলে বিমান ও নতুন টার্মিনালের পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে দায়িত্ব ও আয়ের বণ্টন কীভাবে হবে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সিদ্ধান্তের অপেক্ষায় সংশ্লিষ্টরা
অ্যাভিয়েশন বিশ্লেষক উইং কমান্ডার (অব.) এ টি এম নজরুল ইসলাম বলেন, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে। প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে না বলে শোনা যাচ্ছে। তবে পুরোনো টার্মিনাল দুটি কী কাজে ব্যবহার করা হবে, সে বিষয়ে স্পষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, তৃতীয় টার্মিনালের প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি। চুক্তি স্বাক্ষরের পর কবে থেকে কার্যক্রম শুরু করা যাবে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানা যাবে।

সিভিল অ্যাভিয়েশন অথরিটির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে। তবে হজ ফ্লাইট সারা বছর পরিচালিত হয় না। ফলে এত বড় অবকাঠামো শুধু এই কাজে ব্যবহার করা হবে, এমন সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। পুরোনো টার্মিনালগুলো অন্য কোনো কাজে ব্যবহার করা যায় কি না, তা নিয়ে ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের উদাহরণও তুলে ধরেছেন ওই কর্মকর্তা। সেখানে নতুন টার্মিনাল চালুর পাশাপাশি পুরোনো টার্মিনালগুলোও বিমানবন্দরের বিভিন্ন কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে। শাহজালাল বিমানবন্দরের ক্ষেত্রেও পুরোনো অবকাঠামোর কার্যকর ব্যবহার নিশ্চিত করা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

কালের আলো/এমএসআইপি/জেএন

Link copied!