Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১১:১০ এএম

গবেষণা

সম্পদের ৭৬ শতাংশ ধনীদের হাতে, করের বোঝা গরিবের

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১১:১০ এএম

সম্পদের ৭৬ শতাংশ ধনীদের হাতে, করের বোঝা গরিবের

দেশের করব্যবস্থায় ধনী পরিবারের তুলনায় দরিদ্র পরিবারের ওপর ভ্যাটের বোঝা প্রায় সাত গুণ বেশি। সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবার তাদের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ ভ্যাট হিসেবে দেয়। বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে আয়ের মাত্র ২ দশমিক ৮০ শতাংশ ভ্যাট দিতে হয়। অর্থাৎ আয়ের অনুপাতে দরিদ্র পরিবারগুলোকে ধনীদের তুলনায় অনেক বেশি ভ্যাটের চাপ বহন করতে হচ্ছে।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক গবেষণাটিতে নেতৃত্ব দেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।

গ্রামাঞ্চলের দরিদ্রদের ওপর ভ্যাটের চাপ বেশি
গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলের সবচেয়ে দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের ২৩ শতাংশের বেশি ভ্যাট হিসেবে দেয়। শহরাঞ্চলে এ হার ১৬ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে দেশের সবচেয়ে দরিদ্র ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তিগত আয়কর নেই। কারণ, তাদের আয় করযোগ্য সীমার নিচে। বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের ১১ দশমিক ০৩ শতাংশ ব্যক্তিগত আয়কর হিসেবে দেয়।

গবেষণায় বলা হয়েছে, দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশের বেশি দেওয়ার কথা এই পরিবারগুলোর।

আয়কর আদায়ে বড় ঘাটতি
গবেষণায় উঠে এসেছে, কর আদায়ের ক্ষেত্রে দেশে বড় ধরনের ঘাটতি রয়েছে। মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। টিআইএনধারীদের মধ্যে ব্যক্তি ও অন্যান্য শ্রেণির রিটার্ন জমার হার ৪৩ দশমিক ১ শতাংশ। কোম্পানির ক্ষেত্রে এ হার ২৩ দশমিক ৬ শতাংশ।

সম্পদের বড় অংশ শীর্ষ ১০ শতাংশের হাতে
আয়বৈষম্যের পাশাপাশি দেশে সম্পদবৈষম্যও প্রকট বলে উল্লেখ করা হয়েছে গবেষণায়। এতে বলা হয়েছে, দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ। শীর্ষ ১০ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট সম্পদের ৭৬ দশমিক ৪ শতাংশ। বিপরীতে সবচেয়ে কম সম্পদ থাকা অর্ধেক পরিবারের হাতে রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ।

কর-জিডিপি অনুপাত বাড়ানোর সুযোগ
র‍্যাপিডের প্রাক্কলন অনুযায়ী, নতুন কর আরোপ বা করের হার না বাড়িয়েও বিদ্যমান আইন কার্যকর করা, করের আওতা সম্প্রসারণ এবং কর ফাঁকি বন্ধের মাধ্যমে কর-জিডিপি অনুপাত ৭ দশমিক ৩ শতাংশ থেকে প্রায় ১৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করা সম্ভব।

গবেষণায় ২০২১-২২ অর্থবছরের হিসাব তুলে ধরে বলা হয়েছে, অনাদায়ি ব্যক্তিগত আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাটের পরিমাণ ছিল জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ। এর মধ্যে সম্ভাব্য ব্যক্তিগত আয়কর ছিল জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ, যার বিপরীতে আদায় হয়েছে মাত্র ০ দশমিক ৯৮ শতাংশ। অন্যদিকে অভ্যন্তরীণ ভ্যাটের সম্ভাব্য আদায় ছিল জিডিপির ৩ দশমিক ৮২ শতাংশ, তবে প্রকৃত আদায় হয়েছে ১ দশমিক ৮০ শতাংশ।

র‍্যাপিডের মতে, ব্যবসায়িক নিবন্ধনের ঘাটতি, বিক্রয় গোপন এবং সংগৃহীত ভ্যাট সরকারি কোষাগারে জমা না দেওয়ার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে।

করব্যবস্থা সংস্কারের সুপারিশ
গবেষকরা উচ্চ আয়ের মানুষের ওপর গুরুত্ব দিয়ে আয়করভিত্তি সম্প্রসারণ, ভ্যাট আদায়ব্যবস্থার উন্নতি, করপোরেট কর ছাড় পর্যালোচনা এবং উত্তরাধিকার কর চালুর বিষয়টি বিবেচনার সুপারিশ করেছেন। পাশাপাশি কর প্রশাসনের আধুনিকায়ন, করদাতাদের হয়রানি ও দুর্নীতি বন্ধ এবং সরকারি ব্যয়ের মান উন্নয়নের ওপর জোর দিয়েছেন তাঁরা।

এ বিষয়ে র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং করের বিনিময়ে জনগণ কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেগুলোও সমান গুরুত্বপূর্ণ।

গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে শনিবার স্থানীয় একটি হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়মা হক বিদিশা ও ইআরএফ সভাপতি দৌলত আক্তার উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!