Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০১:৩৪ পিএম

ঋণের এক-তৃতীয়াংশই হাওয়া! ৯০ শতাংশ আদায় নিয়েই শঙ্কা

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০১:৩৪ পিএম

ঋণের এক-তৃতীয়াংশই হাওয়া! ৯০ শতাংশ আদায় নিয়েই শঙ্কা

ব্যাংকে ঋণ আছে, কিন্তু সেই অর্থ ফেরত আসবে কি না, তা নিয়েই এখন গভীর অনিশ্চয়তা। দেশের ব্যাংক খাতের বিতরণ করা প্রতি ১০০ টাকার ঋণের মধ্যে প্রায় ৩৩ টাকাই খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ ঋণ আদায়ের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় সঞ্চিতি সংরক্ষণেও তৈরি হয়েছে বিশাল ঘাটতি। এমনকি ঋণের ক্ষতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত মূলধনও নেই অনেক ব্যাংকের। ফলে ঋণখেলাপির বোঝা, মূলধন সংকট ও তারল্যের অসম বণ্টনে দেশের ব্যাংক খাত এখন গভীর ঝুঁকিতে। আর ব্যাংকনির্ভর অর্থনীতিতে এই সংকটের প্রভাব ছড়িয়ে পড়ছে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানেও।

  • ব্যাংক খাতে খেলাপি ঋণ ৩২.৭৮ শতাংশ
  • প্রভিশন ঘাটতি প্রায় ২ লাখ কোটি টাকা; ঝুঁকিতে অর্থনীতি
  • গভীর সংকটে ব্যাংক খাত

নলেজ হাব ইনস্টিটিউটের ‘ব্যাংকিং খাত মূল্যায়ন ও নীতি পর্যালোচনা: জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র। প্রতিবেদন অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। অর্থাৎ ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন অনাদায়ি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট নূর ইয়ানা জান্নাত। অনুষ্ঠানে নলেজ হাবের প্রেসিডেন্ট খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণের তুলনায় ঘাটতি রয়েছে প্রায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা। অন্যদিকে ৮৪৫টি মামলায় আদালতের স্থগিতাদেশের কারণে আটকে আছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা। ফলে একদিকে ঋণ আদায় হচ্ছে না, অন্যদিকে সম্ভাব্য লোকসান সামাল দিতে গিয়ে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তিও দুর্বল হয়ে পড়ছে।

সংকটের গভীরতা আরও স্পষ্ট হয়েছে মূলধনের হিসাবে। ২০২৫ সালের শেষে ব্যাংক খাতের মূলধন সংরক্ষণ অনুপাত ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে নেমে আসে। অর্থাৎ ঋণ থেকে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় মূলধন সক্ষমতা নিয়েও বড় প্রশ্ন তৈরি হয়েছে।

নলেজ হাবের কম্পোনেন্ট লিড শাহ মো. আহসান হাবিব বলেন, খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। তবে এর চেয়েও বড় উদ্বেগ হলো, খেলাপি ঋণের বড় অংশই সন্দেহজনক ও মন্দ ঋণের পর্যায়ে রয়েছে। তাঁর মূল্যায়ন অনুযায়ী, এসব ঋণের ৮০ থেকে ৯০ শতাংশ আদায় অনিশ্চিত।

তিনি আরও বলেন, বর্তমান খেলাপি ঋণের বড় অংশের পেছনে শুধু ব্যবসায়িক ঝুঁকি নয়, পরিচালনগত অনিয়ম ও অপরাধের বিষয়ও রয়েছে। এসব অনিয়ম মোকাবিলা শুধু ব্যাংকের পক্ষে সম্ভব নয়। এর নেতিবাচক প্রভাব পড়ছে ভালো ব্যবসায়ী ও আর্থিকভাবে সুস্থ ব্যাংকগুলোর ওপরও।

সবচেয়ে বিপর্যস্ত ইসলামী ব্যাংকগুলো
ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের চিত্রে বড় বৈষম্য দেখা গেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৪৩ দশমিক ২ শতাংশ। বেসরকারি ব্যাংকে ৩১ দশমিক ৬ শতাংশ। বিদেশি ব্যাংকগুলো তুলনামূলক ভালো অবস্থানে থাকলেও সেখানেও খেলাপি ঋণের হার ৬ দশমিক ৫ শতাংশ।

সবচেয়ে নাজুক পরিস্থিতি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোতে। এসব ব্যাংকের মোট ঋণের ৫৮ দশমিক ৯ শতাংশই খেলাপি। একই সঙ্গে আমানত কমেছে ১ দশমিক ৭ শতাংশ। ঋণ-আমানত অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ১২৭ দশমিক ৭ শতাংশে। অর্থাৎ আমানতের তুলনায় ঋণের পরিমাণ অনেক বেশি, যা এসব ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

আমানত বাড়লেও ঋণ পাচ্ছে না ব্যবসা খাত
ব্যাংকে আমানত বাড়ছে, কিন্তু সেই অর্থের প্রবাহ বাড়ছে না বেসরকারি খাতে। গত আগস্টে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। অথচ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা আরও কমে ৪ দশমিক ০৯ শতাংশে নেমে আসে।

অন্যদিকে, গত আগস্টে ব্যাংকগুলোর প্রয়োজনের অতিরিক্ত তারল্য সম্পদের পরিমাণ ছিল ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা। তবে সামগ্রিকভাবে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য থাকলেও দুর্বল ব্যাংকগুলোর নিজস্ব তারল্যসংকট রয়ে গেছে।

ঋণপ্রাপ্তিতে পিছিয়ে নারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা
ব্যাংক খাতের সংকটের প্রভাব পড়ছে আর্থিক অন্তর্ভুক্তিতেও। গত মার্চে মোট ঋণের মাত্র ১৫ দশমিক ৮৭ শতাংশ পেয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) খাত। অথচ এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ২৫ দশমিক ৫০ শতাংশ।

নারী উদ্যোক্তাদের অবস্থাও হতাশাজনক। মোট ব্যাংকঋণের মাত্র ৭ দশমিক ২৮ শতাংশ পেয়েছেন তাঁরা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১৫ শতাংশ। অর্থাৎ নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের ক্ষেত্রেও ব্যাংক খাত প্রত্যাশা পূরণ করতে পারছে না।

দ্রুত সংস্কার না হলে বাড়বে সংকট
ব্যাংক খাতের পরিস্থিতি সামাল দিতে কয়েকটি জরুরি সুপারিশ করেছে নলেজ হাব। এর মধ্যে রয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীনভাবে ঋণ পর্যালোচনা এবং আগামী বছরের মার্চের মধ্যে ব্যাংকভিত্তিক মূলধন পুনরুদ্ধার অথবা রেজল্যুশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।

প্রতিবেদনে ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬, আমানত সুরক্ষা আইন ২০২৬ এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ঘোষিত ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামোর বিষয়ও পর্যালোচনা করা হয়েছে। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়ে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। একই মাসে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখে। গত ৩০ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২৮ শতাংশ। 

কালের আলো/টিইকে/এমকে
 

Link copied!