Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৭:৪০ পিএম

প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৭:৪০ পিএম

প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী

লেস্টার সিটির হয়ে অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচ খেলার পর প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নামবেন এই মিডফিল্ডার।

বুধবার (১১ নভেম্বর) সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দেবেন হামজা। দলীয় সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশেও থাকছে তিনটি পরিবর্তন।

প্রথমবার বাংলাদেশের নেতৃত্বে হামজা
ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশের জাতীয় দলের নেতৃত্বে এবারই প্রথম দেখা যাবে হামজাকে। লেস্টারের অনূর্ধ্ব-২৩ দলের নিয়মিত অধিনায়ক ছিলেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে ক্লাবটির মূল দলের হয়েও কয়েকটি ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন এই মিডফিল্ডার।

তবে জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি আগের দিনও নিশ্চিত ছিল না। শ্রীলঙ্কা ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে হামজা জানিয়েছিলেন, অধিনায়কত্ব নিয়ে তাঁর কোনো তাড়াহুড়ো নেই। কোচ যে সিদ্ধান্ত নেবেন, সেটিই তিনি মেনে নেবেন। শেষ পর্যন্ত কোচের সিদ্ধান্তেই বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন তিনি।

একাদশে ফিরছেন হামজা ও ফারহান
ভুটানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা চৌধুরী ও ফারহান আলী। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় তাঁরা তখন দলের সঙ্গে যোগ দিতে পারেননি। এবার দুজনই ফিরছেন শুরুর একাদশে। তাঁদের ফেরার কারণে একাদশের বাইরে থাকতে হচ্ছে জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদকে। ফলে মাঝমাঠ ও দলের আক্রমণ গঠনে পরিবর্তন আসবে।

শুরু থেকেই খেলবেন গোলদাতা ইব্রাহিম
আক্রমণভাগেও একটি পরিবর্তন আনছে বাংলাদেশ দল। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁকে শুরু থেকেই খেলানোর পরিকল্পনা রয়েছে। এবার নম্বর নাইন হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

ইব্রাহিমের একাদশে জায়গা পাওয়ায় বাইরে থাকতে হচ্ছে বিশ্বনাথ ঘোষকে। ভুটান ম্যাচের পরদিন অনুশীলনে চোট পেয়েছিলেন এই ডিফেন্ডার। সেই চোটের কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই।

গ্রুপসেরা হওয়ার সুযোগ বাংলাদেশের সামনে
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু গ্রুপ পর্বের শেষ লড়াই নয়, গ্রুপসেরা হওয়ারও সুযোগ। ভুটানকে ১-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ।

এখন শ্রীলঙ্কাকে হারাতে পারলে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে বাংলাদেশের। অন্যদিকে ম্যাচটি ড্র হলেও গ্রুপের প্রথম স্থান ধরে রাখবে দলটি। ফলে সেমিফাইনালের আগে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করার লক্ষ্য থাকবে হামজাদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান, জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), ফারহান আলী, রাকিব হোসেন, শমিত সোম, কাজেম শাহ ও মোহাম্মদ ইব্রাহিম।

হামজার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশের সমর্থকেরা। ক্লাব ও বয়সভিত্তিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবার জাতীয় দলের হয়ে কাজে লাগাতে পারবেন কি না, সেটিই দেখার বিষয়। একই সঙ্গে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য পূরণে তাঁর নেতৃত্বে বাংলাদেশ কেমন পারফরম্যান্স করে, সেদিকেও থাকবে সবার নজর।

কালের আলো/এসএ/এমএস
 

Link copied!