Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৩:০৭ পিএম

বেকার ও নিষ্ক্রিয় ১ কোটি ৫ লাখ তরুণ

কালের আলো রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৩:০৭ পিএম

বেকার ও নিষ্ক্রিয় ১ কোটি ৫ লাখ তরুণ

দেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকাশক্তি হওয়ার কথা যুবসমাজের। কর্মক্ষমতা, উদ্ভাবনী চিন্তা ও নতুন দক্ষতা দিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কথা যাদের, সেই তরুণদের একটি বিশাল অংশই এখন কর্মসংস্থান ও উৎপাদন প্রক্রিয়ার বাইরে। কারও কাজ নেই, কেউ আবার শিক্ষা, চাকরি কিংবা কোনো ধরনের প্রশিক্ষণের সঙ্গেও যুক্ত নন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ-২০২৪ অনুযায়ী, দেশে ১৫ থেকে ২৯ বছর বয়সি বেকার তরুণের সংখ্যা ২০ লাখ। এর বাইরে শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে রয়েছেন আরও ৮৫ লাখ ৬০ হাজার তরুণ-তরুণী। সব মিলিয়ে ১ কোটি ৫ লাখ ৬০ হাজার তরুণ উৎপাদনশীল কর্মকাণ্ডের বাইরে রয়েছেন।

এই বিপুল জনগোষ্ঠীর ২ কোটি ১১ লাখ ২০ হাজার কর্মক্ষম হাত অর্থনীতিতে কোনো অবদান রাখতে পারছে না। অথচ তাদের জীবনযাপনের জন্য প্রয়োজন হচ্ছে বিপুল পরিমাণ খাদ্য ও অন্যান্য সম্পদ। হিসাব অনুযায়ী, জনপ্রতি দৈনিক ৩৩০ গ্রাম চালের হিসাবে এই জনগোষ্ঠীর জন্য বছরে প্রায় ১২ লাখ ৭২ হাজার টন চাল প্রয়োজন হয়। অর্থনীতির সম্ভাবনাময় এই জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে যুক্ত করতে না পারা দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

২০ লাখ তরুণের হাতে কাজ নেই
বিবিএসের তথ্য অনুযায়ী, দেশে ১৫ বছর ও তদূর্ধ্ব কর্মক্ষম জনসংখ্যা ১২ কোটি ১৮ লাখ ২০ হাজার। এর মধ্যে শ্রমশক্তিতে রয়েছেন ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার মানুষ। তাঁদের মধ্যে কর্মে নিয়োজিত ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার এবং বেকার ২৬ লাখ ২০ হাজার।

এই বেকার জনগোষ্ঠীর মধ্যে ১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণের সংখ্যা ২০ লাখ। মোট শ্রমশক্তির ৩৪ দশমিক ৬২ শতাংশ বা ২ কোটি ৪৮ লাখ ৩০ হাজার মানুষের বয়স এই সীমার মধ্যে। তাঁদের মধ্যে কর্মে নিয়োজিত রয়েছেন ২ কোটি ২৮ লাখ ৩০ হাজার।

বিবিএসের জরিপের সংজ্ঞা অনুযায়ী, সপ্তাহে অন্তত এক ঘণ্টা মজুরি, বেতন, মুনাফা কিংবা পরিবারের নিজস্ব ভোগের জন্য পণ্য বা সেবা উৎপাদনের কাজে যুক্ত থাকলে তাঁকে আর বেকার হিসেবে গণ্য করা হয় না। অর্থাৎ সপ্তাহে মাত্র এক ঘণ্টা কাজের সুযোগ পেলেও কেউ বেকার থাকেন না। অথচ ২০ লাখ তরুণ সেই ন্যূনতম কাজের সুযোগটুকুও পাচ্ছেন না।

শিক্ষা, কাজ ও প্রশিক্ষণের বাইরে আরও ৮৫ লাখ
বেকার তরুণদের বাইরেও বড় একটি জনগোষ্ঠী রয়েছে, যারা শিক্ষা, কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণ—কোনোটির সঙ্গেই যুক্ত নন। বিবিএসের হিসাবে, এমন তরুণ-তরুণীর সংখ্যা প্রায় ৮৫ লাখ ৬০ হাজার। তাঁদের কাজ নেই, আবার কাজ খোঁজার আগ্রহ বা চেষ্টাও নেই। ফলে জরিপের সংজ্ঞা অনুযায়ী তাঁরা বেকার হিসেবেও বিবেচিত হচ্ছেন না।

২০২৩ সালের তুলনায় এই নিষ্ক্রিয় জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৫ লাখ বেড়েছে। তাঁদের প্রায় ৫৮ শতাংশ শহরাঞ্চলে বসবাস করেন। এই জনগোষ্ঠীতে নারীর সংখ্যা পুরুষের প্রায় দ্বিগুণ।

বেকার ২০ লাখ এবং শিক্ষা, কর্ম ও প্রশিক্ষণের বাইরে থাকা ৮৫ লাখ ৬০ হাজার তরুণ-তরুণী—দুই শ্রেণি মিলিয়ে ১ কোটি ৫ লাখ ৬০ হাজার মানুষ দেশের উৎপাদন প্রক্রিয়ার বাইরে রয়েছেন। কর্মক্ষম বয়সে থেকেও তাঁদের বড় অংশ অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারছেন না।

সবচেয়ে বেশি বেকার বিশ্ববিদ্যালয় স্নাতক
বেকারত্বের চিত্রে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারের সংখ্যা বেশি। বিবিএসের হিসাবে, দেশের মোট বেকার জনগোষ্ঠীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ৮ লাখ ৮৫ হাজার। মাধ্যমিক উত্তীর্ণ বেকারের সংখ্যা ৭ লাখ ৪৯ হাজার এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ৪ লাখ ৭ হাজার।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন এমন বেকারের সংখ্যা ৩ লাখ ৭২ হাজার। আনুষ্ঠানিক শিক্ষা নেই—এমন বেকার রয়েছেন ১ লাখ ৭৩ হাজার।

শিক্ষার উচ্চ স্তরে পৌঁছেও বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান না হওয়া দেশের শিক্ষা ও শ্রমবাজারের মধ্যে অসামঞ্জস্যের বিষয়টি সামনে এনেছে। কর্মমুখী শিক্ষা, বাস্তবমুখী দক্ষতা এবং চাকরির বাজারের চাহিদার সঙ্গে পাঠ্যক্রমের সমন্বয় না থাকায় উচ্চশিক্ষিতদের একটি বড় অংশ চাকরির উপযোগী দক্ষতা অর্জন করতে পারছেন না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রামের চেয়ে শহরে বেকারত্ব বেশি
বেকারত্বের হার শহরাঞ্চলে তুলনামূলক বেশি। দেশের প্রায় ৭০ দশমিক ২৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করলেও জাতীয় পর্যায়ে বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশের বিপরীতে গ্রামে এই হার ৩ দশমিক ৪ শতাংশ এবং শহরে ৪ দশমিক ৪ শতাংশ।

যুব শ্রমশক্তির ক্ষেত্রেও শহরাঞ্চলে বেকারত্বের হার বেশি। শহরে এই হার ১১ দশমিক ৬ শতাংশ, যেখানে গ্রামে ৭ দশমিক ১২ শতাংশ। শহরাঞ্চলের যুব বেকারদের মধ্যে নারীর সংখ্যা বেশি হলেও গ্রামাঞ্চলে বেকার পুরুষের সংখ্যা বেশি।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে। এ বিভাগে বেকারের সংখ্যা প্রায় ৭ লাখ। সর্বনিম্নে রয়েছে সিলেট বিভাগ, যেখানে বেকার ১ লাখ ১৪ হাজার। বেকারত্বের সংখ্যার দিক থেকে দ্বিতীয় থেকে সপ্তম অবস্থানে রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ।

প্রশিক্ষণের সুযোগ সীমিত
যুবকদের দক্ষতা বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তর, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বিভিন্ন সংস্থা নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তবে বিপুলসংখ্যক তরুণের তুলনায় এসব প্রশিক্ষণের আওতা এখনো সীমিত। প্রশিক্ষণের মান এবং প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ নিয়েও প্রশ্ন রয়েছে।

বিবিএসের জরিপ অনুযায়ী, ২০২৩ সালের ১২ মাসে দেশের মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ পুরুষ এবং শূন্য দশমিক ১৮ শতাংশ নারী বৃত্তিমূলক প্রশিক্ষণ পেয়েছেন। অর্থাৎ কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর তুলনায় দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত।

বিশেষজ্ঞদের মতে, শুধু প্রশিক্ষণ দিলেই হবে না; সেই প্রশিক্ষণের সঙ্গে শ্রমবাজারের বাস্তব চাহিদার মিল থাকতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য চাকরি কিংবা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি।

প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সরকারের উদ্যোগ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে ৮০ লাখের বেশি যুবক-যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের মেয়াদে প্রশিক্ষণ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮০ জন।

সম্প্রতি চালু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণ কর্মসূচিতে ১ হাজার ৬০০ শিক্ষার্থীর মধ্যে ৭২২ জন সরাসরি কাজে যুক্ত হয়েছেন। এ ছাড়া ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা ৬২ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আয় করেছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

প্রশিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে বিনা জামানতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ১১ লাখ ১৪ হাজার ৬৪৪ জনের মধ্যে ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে প্রায় ২৫ লাখ যুবক স্বাবলম্বী হয়েছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে কর্মসংস্থান। এ লক্ষ্যেই ফ্রিল্যান্সিং, এআই প্রযুক্তি ও কেয়ারগিভার প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তারুণ্যের সম্ভাবনা কাজে লাগানোই বড় চ্যালেঞ্জ
বিশাল যুব জনগোষ্ঠী বাংলাদেশের অর্থনীতির জন্য বড় সম্ভাবনা। কিন্তু এই জনগোষ্ঠীকে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে না পারলে জনমিতিক সুবিধা কাজে লাগানো কঠিন হবে। বরং দীর্ঘমেয়াদে এই নিষ্ক্রিয়তা অর্থনীতির ওপর চাপ তৈরি করতে পারে।

এ জন্য শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থায় পরিবর্তন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর দক্ষতা তৈরি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি জরুরি। পাশাপাশি প্রশিক্ষণ শেষে চাকরি বা আত্মকর্মসংস্থানের বাস্তব সুযোগ নিশ্চিত করতে হবে। দেশের বিপুল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে যুক্ত করতে পারলেই তারুণ্যের শক্তি অর্থনীতির প্রবৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

কালের আলো/এসএ/জেএন

Link copied!