কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে টালিউডে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি কলকাতায় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে তাঁকে দেখা যাওয়ার পর থেকেই বিয়ের গুঞ্জন ছড়ায়। বিভিন্ন সূত্রের বরাতে দাবি করা হচ্ছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে মিমি চক্রবর্তীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নভেম্বরে বাগদান বা আইনি বিয়ের গুঞ্জন
বিনোদন অঙ্গনের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, নভেম্বর মাসেই বাগদান সারতে পারেন মিমি। আবার কয়েকটি প্রতিবেদনে নভেম্বরেই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সম্ভাবনার কথা বলা হয়েছে। এরপর ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান আয়োজনের কথা শোনা যাচ্ছে।
সম্ভাব্য বিয়ের স্থান হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা কালিম্পংয়ের নাম। গুঞ্জন অনুযায়ী, সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে হবে। পরে কলকাতায় ফিরে টালিউডের বন্ধু, সহকর্মী ও পরিচিতজনদের জন্য বড় পরিসরে রিসেপশনের আয়োজন করতে পারেন তাঁরা।
পাত্র কে, তা নিয়েও আলোচনা
এর আগে সেপ্টেম্বরে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে মিমির সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে সিদ্ধার্থ নামের এক ব্যক্তির কথা উঠে আসে। তিনি বিনোদনজগতের কেউ নন বলে দাবি করা হয়েছে। কিছু প্রতিবেদনে তাঁকে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা বলা হলেও সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে তাঁর পেশা ও পরিচয় নিয়ে ভিন্ন তথ্যের কথা উল্লেখ করা হয়েছে। ফলে তাঁর পরিচয় এখনো নিশ্চিত নয়।
প্রকাশিত খবর অনুযায়ী, বেশ কয়েক বছর ধরেই সিদ্ধার্থের সঙ্গে মিমির সম্পর্ক রয়েছে। তবে ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রেখেছেন অভিনেত্রী। বিয়ে, সম্ভাব্য পাত্র কিংবা অনুষ্ঠানের তারিখ—কোনো বিষয়েই এখন পর্যন্ত প্রকাশ্যে নিশ্চিত করে কিছু জানাননি তিনি। তাই ৫ ডিসেম্বরের বিয়ের খবর আপাতত সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য ও বিনোদন অঙ্গনের সূত্রনির্ভর জল্পনাতেই সীমাবদ্ধ।
কালের আলো/এসএ/ইএকে
