Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

মাহমুদ আহমদ:

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৩:৩৩ পিএম

যত্নে থাকুক পরিবারের প্রবীণ সদস্যরা

মাহমুদ আহমদ:

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৩:৩৩ পিএম

যত্নে থাকুক পরিবারের প্রবীণ সদস্যরা

একজন পিতা-মাতা নিজের জীবনের চেয়েও সন্তানকে বেশি ভালোবাসেন। পরম আদর-স্নেহ দিয়ে তাঁরা সন্তানকে লালন-পালন করেন। জীবনের সবকিছু উজাড় করে দেন সন্তানের জন্য। সমস্ত প্রতিকূলতার মধ্যেও সন্তানকে বুকে আগলে রাখেন নিঃস্বার্থভাবে। এসবই করেন শুধুমাত্র ভালোবাসার টানে। মায়া, মমতা, আদর, যত্ন ও নিখাদ ভালোবাসার এক অদ্ভুত চক্রে আবর্তিত এই সম্পর্ক।

বৃদ্ধ বয়সে যখন তাঁরা অসহায় হয়ে পড়েন, তখন তাঁদের সর্বোচ্চ সেবা করা সন্তানের দায়িত্ব। একজন সন্তান হিসেবে আমরা কি আজ সেই দায়িত্ব পালন করছি?

সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেক পিতা-মাতার কতই না প্রাণপণ চেষ্টা! সন্তানের চিন্তায় বাবা-মায়ের উৎকণ্ঠার শেষ নেই। পিতা-মাতার এই ঋণ শোধ করার নয়। বর্তমান যুগের সন্তানরা যেন কেমন হয়ে যাচ্ছে। মা-বাবার দিকে নজর দেওয়ার সময়ই যেন তাঁদের নেই। এ কারণেই বৃদ্ধাশ্রমগুলোতে এখন আসন খালি পাওয়া যায় না।

অথচ ইসলাম পিতা-মাতার খেদমত করার মাধ্যমে জান্নাত লাভের উপায় বর্ণনা করেছে। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক।’ জিজ্ঞাসা করা হলো, কে ধ্বংস হবে, হে আল্লাহর রাসুল! তিনি বললেন, ‘যে ব্যক্তি তার মাতা-পিতার দুজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু তাঁদের সেবা করে জান্নাতে যেতে পারল না।’ (সহিহ মুসলিম)

পিতা-মাতা উভয়ের সন্তুষ্টির মধ্যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত। হাদিসে এসেছে, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং তাঁদের অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত।’ (সুনানে তিরমিজি)

পিতা-মাতা অমুসলিম হলেও তাঁদের সঙ্গে সদাচরণের কথা ইসলামে বলা হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) ইসলাম গ্রহণের পর তাঁর মায়ের কাছ থেকে অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন। তখন মায়ের সঙ্গে কী ধরনের আচরণ করবেন, তা জিজ্ঞাসা করলে হজরত রাসুলুল্লাহ (সা.) বললেন, অবশ্যই তোমাকে তাঁর সঙ্গে সদাচরণ করতে হবে। তা ছাড়া হজরত রাসুলুল্লাহ (সা.)-এর কাছে তাঁর দুধমা হালিমা এলে তিনি তাঁর সম্মানে নিজের গায়ের চাদর বিছিয়ে দিতেন।

বর্তমান সময়ে এমন অগণিত ঘটনা ঘটছে, যেখানে সন্তান পিতা-মাতাকে ঘর থেকে বের করে দিচ্ছেন, রাস্তায় ফেলে চলে যাচ্ছেন এবং তাঁদের কোনো খোঁজখবর রাখছেন না। অথচ জীবনের শেষ প্রহরে সন্তানকে কাছে পাওয়ার জন্য বৃদ্ধ পিতা-মাতা ছটফট করতে থাকেন। হয়তো মুখ ফুটে বলতে পারেন না। আমাদের সমাজের অধিকাংশ সন্তানই চাকরি, সন্তানের লেখাপড়া ও পারিবারিক কলহের কারণে বাবা-মায়ের কাছ থেকে দূরে থাকেন। প্রতিটি সন্তানের ভেবে দেখা দরকার, বাহ্যিক এই দূরত্ব তাঁদের নৈতিক দায়িত্ব থেকেও দূরে সরিয়ে রাখছে না তো?

মহানবি (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তিনি বললেন, ‘সময়মতো নামাজ আদায় করা।’ এরপর জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, ‘মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা।’ (সহিহ বুখারি) আমরা যদি আমাদের পিতা-মাতা ও পরিবারের প্রবীণদের সম্মান করি, তাহলে সমাজ যেমন হবে আলোকিত, তেমনি প্রতিটি পরিবার হবে সুদৃঢ় আর ভবিষ্যৎ হবে উজ্জ্বল।

যদিও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে পারিবারিক বন্ধন অত্যন্ত সুদৃঢ়। কিন্তু সময়ের পরিক্রমায় এই বন্ধনগুলো ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। একান্নবর্তী পরিবারগুলো ভেঙে ছোট হয়ে যাচ্ছে। এর ফলে প্রবীণরা আরও বেশি একাকিত্বের যন্ত্রণা ও অবহেলার শিকার হচ্ছেন।

বাবা-মায়ের প্রতি সন্তানদের যে দায়িত্ব ও কর্তব্য, তা অধিকাংশ সন্তানই পালন করেন না। সন্তানরা নিজেদের অবস্থান ধরে রাখতে না পারার কারণে ছেলের বউরাও শ্বশুর-শাশুড়ির প্রতি অন্যায় আচরণ করেন এবং তাঁদের অবহেলার চোখে দেখেন।

দেখা যায়, শিক্ষিত-অশিক্ষিত ছেলেরা তাঁদের প্রিয়তমা স্ত্রীর কুপরামর্শে মা-বাবার স্বর্গীয় সাহচর্য ছিন্ন করতে বাধ্য হন, যা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। বর্তমান সমাজে এর অন্যতম কারণ ইসলামী সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়।

আমাদের দেশে প্রবীণদের সুরক্ষায় ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ বিদ্যমান। আইনে সন্তানদের দ্বারা পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। তা না করলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

পবিত্র কোরআনের সুরা বনি ইসরাইলের ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ‘শুধু আমারই ইবাদত কর এবং পিতা-মাতার প্রতি সদয় আচরণ কর। তাঁদের মধ্যে কোনো একজন অথবা উভয়েই যদি বার্ধক্যে উপনীত হন, তবে তাঁদের প্রতি কখনো কোনো প্রকার বিরক্তি বা নিন্দার ভাব প্রকাশ করবে না এবং তাঁদের সঙ্গে ভালোভাবে কথা বলবে।’

আবার সুরা আনকাবুতের ১০ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘আমি পিতা-মাতার প্রতি সদয় হতে নির্দেশ প্রদান করেছি। আর যদি তাঁরা জ্ঞানের অভাবে আমার সঙ্গে অন্য কাউকে শরিক করেন এবং তা মান্য করতে বলেন, তবে তা করো না। তুমি আমার দিকেই প্রত্যাবর্তন করবে এবং আমিই তোমাকে তোমার কৃতকর্মের কথা জানাব।’

মানুষ যতই বয়সে প্রবীণ হোক, তাঁদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা কখনো মরে যায় না। প্রবীণেরা চান সমাজে সম্মান, অংশগ্রহণ ও ভালোবাসা। তাঁরা চান নিজেদের অভিজ্ঞতা দিয়ে তরুণদের পথ দেখাতে। পরিবার ও সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সন্তানসন্ততির ভালোবাসা পাওয়া এবং নিজেকে কার্যকর মনে করা—এসবই প্রবীণদের প্রত্যাশা।

আমরা সাধারণত দেখতে পাই, ছেলেমেয়েরা বড় হয়ে বিয়ে-শাদি করার পর নিজেদের পরিবার ও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অথবা পরিবেশ-পরিস্থিতির কারণে অনেক সময় ব্যস্ত হয়ে পড়তে বাধ্য হন। আবার কর্মক্ষেত্র, ক্যারিয়ার, নিজের সন্তানের ভবিষ্যৎসহ বহুবিধ কারণে ছেলেমেয়েদের মা-বাবা বা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের কাছ থেকে দূরে, কোনো কোনো ক্ষেত্রে দেশ ছেড়ে অন্য দেশে অবস্থান করতে হয়। সে ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠরা অনেকটাই একাকিত্বে ভুগতে থাকেন বা নিজেদের অসহায় মনে করেন। ছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ থেকেও তাঁরা বঞ্চিত হন।

ভবিষ্যতে সাহায্য-সমর্থনের প্রয়োজন হলে নিজ সন্তানের কাছ থেকে তা না পাওয়ার ভয়ও তাঁদের মধ্যে কাজ করে। সে ক্ষেত্রে ছেলেমেয়েরা তাঁদের নৈতিক দায়বদ্ধতা থেকে পিতা-মাতাকে নিয়মিত আর্থিক সহায়তা দিতে পারেন। সম্ভাব্য সব যোগাযোগমাধ্যম ব্যবহার করে তাঁদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন। সম্ভব হলে তাঁদের দেখতে যাওয়া, চিকিৎসার ব্যবস্থা করা কিংবা সেবার জন্য লোক রেখে দেওয়ার উদ্যোগও নিতে পারেন।

হাদিসে বর্ণিত আছে, যখন কোনো সন্তান তার আপন মা-বাবার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায়, তখন সৃষ্টিকর্তা প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার আমলনামায় একটি ‘মকবুল হজ’-এর সওয়াব লিখে দেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসুলাল্লাহ (সা.)! যদি কোনো ব্যক্তি দৈনিক একশবার এভাবে তাকান, তবুও কি তিনি এই সওয়াব পাবেন? তিনি জবাবে বললেন, ‘হ্যাঁ।’ আল্লাহ অতি মহান, অতি পবিত্র।

হাদিসে আরও বর্ণিত আছে, ‘তার নাসিকা ধূলিসাৎ হোক, তার নাসিকা ধূলিসাৎ হোক, তার নাসিকা ধূলিসাৎ হোক।’ এ কথা রাসুল (সা.) তিনবার বললেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসুলাল্লাহ! কে সে, যার নাসিকা ধূলিসাৎ হোক? তিনি বললেন, ‘যে ব্যক্তি তার মা-বাবার একজনকে অথবা উভয়কে তাঁদের বার্ধক্য অবস্থায় পেল, অথচ তাঁদের খেদমত করে বেহেশতে প্রবেশ করতে পারল না।’

মহানবি (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তিনি বললেন, ‘সময়মতো নামাজ আদায় করা।’ এরপর জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, ‘মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা।’ (সহিহ বুখারি)

আমরা যদি আমাদের পিতা-মাতা ও পরিবারের প্রবীণদের সম্মান করি, তাহলে সমাজ যেমন হবে আলোকিত, তেমনি প্রতিটি পরিবার হবে সুদৃঢ় আর ভবিষ্যৎ হবে উজ্জ্বল।

আল্লাহ তাআলা আমাদের প্রকৃত ইসলামের শিক্ষা অনুসরণ করে চলার তাওফিক দান করুন। আমিন।

লেখক: প্রাবন্ধিক ও ইসলামী চিন্তাবিদ।
masumon83@yahoo.com

Link copied!