Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০২:৩৮ এএম

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আমদানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০২:৩৮ এএম

পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আমদানি বন্ধ

ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আধুনিক সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) তথ্য অনুযায়ী, দেশে বার্ষিক প্রায় ৩৬ লাখ টন চাহিদার বিপরীতে পেঁয়াজ উৎপাদিত হয়েছে ৫০ লাখ ৯০ হাজার টনের বেশি। অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন প্রায় ৪১ দশমিক ৩৯ শতাংশ বেশি।

ডিএই বলছে, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক সংরক্ষণাগার ও কৃষক পর্যায়ে এয়ার-ফ্লো মেশিন বিতরণের ফলে মৌসুমের বাইরেও বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। এতে গত ১১ মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা গেছে। আমদানি না হওয়ায় এ সময়ে আনুমানিক ৩৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ৪ হাজার ৭৬৪ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে।

সংরক্ষণ সক্ষমতা বাড়ায় কমছে সংকট
সাধারণত দেশে পেঁয়াজের ফসল সংগ্রহোত্তর অপচয়ের হার ২০ থেকে ৩০ শতাংশ। তীব্র পচন কিংবা বৈরী আবহাওয়ায় এই হার ৫০ শতাংশ বা তারও বেশি হতে পারে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অফ-সিজনে সংরক্ষণের সীমাবদ্ধতার কারণে বাজারে সরবরাহ সংকট দেখা দেয়। তখন দাম বেড়ে যাওয়ায় আমদানির ওপর নির্ভরতা বাড়ে।

তবে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার ফলে এবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ডিএইর তথ্য অনুযায়ী, আধুনিক প্রযুক্তি ব্যবহারে ফসল সংগ্রহোত্তর অপচয় ১০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে সর্বোচ্চ ৪ থেকে ৫ লাখ টন পেঁয়াজ সংরক্ষণের আধুনিক সুবিধা গড়ে তোলা হয়েছে।

ডিএইর মহাপরিচালক এম আব্দুর রহিম বলেন, এখন আর পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই। আধুনিক সংরক্ষণ সুবিধা অফ-সিজনে সরবরাহ সংকট মোকাবিলার জন্য যথেষ্ট। ফলে সারা বছর পেঁয়াজের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই।

তিনি জানান, কৃষক পর্যায়ে এ পর্যন্ত ২৬ হাজার ৭০০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আরও ৪ হাজার মেশিন বিতরণের পরিকল্পনা রয়েছে।

উৎপাদন বেড়েছে, কমেছে আমদানিনির্ভরতা
কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হওয়ার বিপরীতে আমদানি হয়েছিল ৪ লাখ ৭৩ হাজার টন। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ৩৯ লাখ টন উৎপাদনের বিপরীতে আমদানির পরিমাণ ছিল প্রায় ৬ লাখ টন।

চলতি বছর ৩ লাখ হেক্টরেরও বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন দাঁড়িয়েছে ৫০ লাখ ৯০ হাজার টনের বেশি, যা আগের বছরের তুলনায় ৭ থেকে ১০ লাখ টন বেশি। ফসল কাটার প্রায় দুই সপ্তাহ আগে মার্চের শেষ দিকে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় প্রতি বিঘায় উৎপাদন ৭০ মণ থেকে বেড়ে ১০০ মণ পর্যন্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডিএই ২০২৫ সালের ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়া বন্ধ রেখেছে। ফলে চলতি বছরে নতুন করে পেঁয়াজ আমদানি হয়নি। তবে ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়ে ৮৬ হাজার ৩৬৮ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

এয়ার-ফ্লো মেশিনে কমছে সংরক্ষণ ক্ষতি
পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণের জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু চলাচল নিশ্চিত করে এয়ার-ফ্লো মেশিন। এ প্রযুক্তি ব্যবহারে সংরক্ষণের সময় পেঁয়াজের ওজন কমে যাওয়া ও পচন রোধ করা সম্ভব হচ্ছে।

ফরিদপুরের মধুখালী উপজেলার নদীয়া গ্রামের কৃষক মো. নাসির মিয়া জানান, গত ছয় মাসে এয়ার-ফ্লো মেশিনের সাহায্যে ১৪৫ মণ পেঁয়াজ সংরক্ষণ করেছেন তিনি। প্রচলিত পদ্ধতিতে প্রতি মণে প্রায় ১০ কেজি ওজন কমে গেলেও নতুন পদ্ধতিতে তা কমে ২ থেকে ২ দশমিক ৫ কেজিতে দাঁড়িয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফকিরপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আমিন বলেন, আধুনিক সংরক্ষণ সুবিধা কৃষকদের লাভবান করছে। এপ্রিল মাসে ফসল সংগ্রহের পর প্রতি মণ পেঁয়াজ ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়। কিন্তু সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সেই দাম বেড়ে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় ওঠে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামের কৃষক জাহাঙ্গীর মিয়া বলেন, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে বর্তমানে প্রায় ৪০ টাকা খরচ হচ্ছে। কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে সরকারের পেঁয়াজ রপ্তানির দিকেও মনোযোগ দেওয়া উচিত।

কৃষকদের দেওয়া হচ্ছে আর্থিক ও কারিগরি সহায়তা
বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনকারী এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সংরক্ষণ সক্ষমতা বাড়াতে অংশীদারত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণ অভিযোজন প্রকল্প নেওয়া হয়েছে।

প্রকল্প পরিচালক ড. মাহফুজুর রহমান বলেন, পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের মধ্যে সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ আমদানি বন্ধ রাখতে ভূমিকা রেখেছে।

তিনি জানান, এয়ার-ফ্লো মেশিন স্থাপনের জন্য প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে ২৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে মেশিন কেনার জন্য ১৯ হাজার, মাচা বা প্ল্যাটফর্ম তৈরির জন্য ৭ হাজার এবং বাড়িতে সাইনবোর্ড স্থাপনের জন্য ১ হাজার টাকা বরাদ্দ ছিল।

প্রকল্পের আওতায় বিতরণ করা মেশিনগুলোর মাধ্যমে কৃষকেরা ইতোমধ্যে প্রায় ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণ করেছেন। প্রতিটি মেশিনে প্রায় ১০ টন পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা রয়েছে।

পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নাটোর, নওগাঁ, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রংপুর ও বগুড়াসহ ১৬ জেলার ১০৭টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া প্রকল্পের আওতায় ৩ হাজার ৯০০ কৃষককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ড. মাহফুজুর রহমান জানান, দেশের ১৭টি পেঁয়াজ উৎপাদনকারী জেলায় মোট ২ লাখ পেঁয়াজচাষি রয়েছেন। সরকারি ও বেসরকারি উদ্যোগে তাঁদের মধ্যে ৫০ হাজার কৃষকের কাছে এই প্রযুক্তি পৌঁছে দেওয়া হয়েছে।

গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনেও উদ্যোগ
সারা বছর পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রীষ্মকালীন ও মুড়িকাটা জাতের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৪০ জেলার ১১০টি উপজেলা এবং ২৫টি হর্টিকালচার সেন্টারে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’ (ইআইভিটিএসপি)-এর দ্বিতীয় পর্যায়ের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে ১৩৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প নেওয়া হয়, যা ২০২৭ সালের জুন পর্যন্ত চলমান থাকবে।

প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বলেন, প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী প্লট ও দেশের ২৫টি হর্টিকালচার সেন্টারের সাহায্যে কৃষক পর্যায়ে মানসম্মত গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করা হবে। পাশাপাশি খরিপ মৌসুমে চাষের উপযোগী স্বল্পমেয়াদি গ্রীষ্মকালীন জাত, যেমন বারি-৫ পেঁয়াজের সম্প্রসারণ করা হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!