Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৬:০২ পিএম

৩৭৩ ক্রীড়াবিদকে এক লাখ টাকা করে ভাতা দেবে সরকার

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০৬:০২ পিএম

৩৭৩ ক্রীড়াবিদকে এক লাখ টাকা করে ভাতা দেবে সরকার

খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। এ কার্যক্রমের আওতায় আপাতত ৩৭৩ জন ক্রীড়াবিদকে এক লাখ টাকা করে ভাতা দেওয়া হবে। পর্যায়ক্রমে এ সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২২ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ক্রীড়া উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্রীড়াবিদদের যথাযথ মূল্যায়ন, আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করা গেলে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।

তিনি বলেন, ক্রীড়াবিদদের আর্থসামাজিক উন্নয়নে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং দেশের ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের সম্মান, স্বীকৃতি ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনার পরিকল্পনা

আমিনুল হক বলেন, যারা কার্যক্রমে অংশ নিচ্ছেন, তারা ক্রীড়া ভাতার আওতায় রয়েছেন। যারা অংশ নিতে পারছেন না বা অংশগ্রহণে আগ্রহী নন, তাদের ভাতা থেকে বাদ দেওয়া হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে নির্দিষ্টভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে আনুষ্ঠানিকভাবে এ ভাতা দেওয়া হবে।

তিনি জানান, আপাতত ৩৭৩ জনকে ভাতার আওতায় আনা হচ্ছে। তাদের ভাতা প্রদানের কার্যক্রম ১ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ

প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড এবং নতুন কুঁড়ি স্পোর্টস। এসব উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হচ্ছে।

তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে ১০টি ইভেন্টে কার্যক্রম শুরু হয়েছে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, হ্যান্ডবলসহ বিভিন্ন খেলায় প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার পাশাপাশি আর্চারি, শুটিং, জিমন্যাস্টিকস, বক্সিং ও হকির মতো খেলাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রায় চার হাজার ৫৯৯টি ইউনিয়নে ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, দাবা ও অ্যাথলেটিকসসহ ১০টি ইভেন্টে দল গঠন করা হয়েছে।

জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকের লক্ষ্য

আমিনুল হক বলেন, জাতীয় দলের খেলোয়াড়দের বছরব্যাপী প্রশিক্ষণের মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছর পর অলিম্পিক, কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের মতো প্রতিযোগিতায় শুধু অংশগ্রহণ নয়, পদকের জন্য লড়াই করার লক্ষ্য নিয়ে পরিকল্পনা করা হয়েছে। আগামী জানুয়ারি থেকে এ পরিকল্পনার কার্যক্রম শুরু হবে।

জেলা পর্যায়ে বছরব্যাপী খেলাধুলা চালু রাখতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মাধ্যমে একটি ক্রীড়া ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। জেলা ক্রীড়া সংস্থার অধীনে বিভিন্ন খেলায় লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শিক্ষাক্রমেও যুক্ত হচ্ছে খেলাধুলা

প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে খেলার মাঠ ও সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহী করে তুলতে সরকার কাজ করছে। জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমের সিলেবাসে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, খেলাধুলাকে বছরে একবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সীমাবদ্ধ না রেখে স্কুল পর্যায়ে বছরব্যাপী চর্চার ব্যবস্থা করতে চায় সরকার।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!