কাউকে বিনা চিকিৎসায় মরতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। সম্ভব হলে চলতি অর্থবছরেই সম্পূরক বাজেটের মাধ্যমে এ খাতে অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিমোফিলিয়া চিকিৎসায় বিশেষ বরাদ্দের উদ্যোগ
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম ব্যাপক পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। সম্ভব হলে চলতি অর্থবছরেই সম্পূরক বাজেটের মাধ্যমে এ খাতে বরাদ্দের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, রোগীদের সেবায় দেশের চিকিৎসকরা অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল। চিকিৎসকদের সহযোগিতায় সরকার সব পর্যায়ে সহায়তার হাত প্রসারিত করবে।
চিকিৎসক-নার্স সংকট নিরসনে নিয়োগ চলছে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় যেকোনো প্রয়োজনে চিকিৎসকরা সবসময় সাড়া দেন। দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম হলেও সীমিত জনবল নিয়েই তাঁরা নিরলসভাবে মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। এমনকি প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, বিশ্ব দরবারে আমরা প্রমাণ করতে চাই, আমরা পারি এবং পারব। স্বাস্থ্য খাতে ইতোমধ্যে অগ্রগতি অর্জিত হয়েছে। দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আগামী এক বছরের মধ্যে স্বাস্থ্য খাতে কী কী উন্নয়ন করা সম্ভব হয়েছে, তা দৃশ্যমানভাবে তুলে ধরা যাবে।
চিকিৎসক ও নার্সের সংকট নিরসনে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ সংকট কাটিয়ে উঠতে নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত সব পর্যায়ের কর্মীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। মানুষের কল্যাণ ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুতফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোসাইটির বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম। নির্দেশিকার ওপর বক্তব্য উপস্থাপন করেন সোসাইটির মহাসচিব ডা. মো. আদনান হাসান মাসুদ।
কালের আলো/এএইচ/এমএসআইপি







-20261126135523.jpg)










-20261124163219.jpg)

