Kaler Alo
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৪:১১ পিএম

স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো ও বিদ্যুৎ খাতে একনেকের ১০ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৪:১১ পিএম

স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো ও বিদ্যুৎ খাতে একনেকের ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অর্থায়ন যেভাবে হবে

অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা ব্যয় করা হবে। প্রকল্প ঋণ থেকে আসবে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা। এ ছাড়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থাকবে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

স্বাস্থ্য খাতে দুটি প্রকল্প

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন।

অন্যটি হলো যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন। এ প্রকল্পে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিন প্রকল্প

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি নতুন প্রকল্প—পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

এ ছাড়া নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনের প্রস্তাব অনুমোদন পেয়েছে।

সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা খাত

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে।

অন্যদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের চতুর্থ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি নতুন প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

অন্যটি চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

পেকুয়ায় বন্যা নিয়ন্ত্রণ ও সেচব্যবস্থার উন্নয়ন

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদন পেয়েছে।

৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাত প্রকল্প

এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত আরও সাতটি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন; বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প; কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্প এবং ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প।

এ ছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প রয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

Link copied!