নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা রোধে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি ও টহল।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, জোরালো টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় তিনি নিরাপত্তা ব্যবস্থা ও অভিযানিক প্রস্তুতি পর্যালোচনা করেন। পরিদর্শন করেন বিলোনিয়া ও আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট এবং কয়েকটি সীমান্ত ফাঁড়ি। যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা
গত ১ থেকে ২১ নভেম্বরের মধ্যে থানা, হাসপাতাল, পরিবহন সেবা, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় ধারাবাহিক হামলা ও ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয়, সমুদ্রবন্দর, শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সহিংসতা রোধ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় ঢাকা ও দেশের আরও ছয়টি জেলায় এখন পর্যন্ত ১০১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন সদস্য। এ ছাড়া ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের অভিযান সমন্বয়ে প্রযুক্তিনির্ভর নজরদারিও চালু করেছে বাহিনীটি। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
গোপালগঞ্জে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি
গোপালগঞ্জের দুটি থানায় অগ্নিসংযোগের ঘটনার পর জেলা পরিদর্শনে গিয়ে নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
গোপালগঞ্জের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এই এলাকার শান্তিপ্রিয় মানুষকে নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’
জেলার দুটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে আইজিপি প্রশ্ন করেন, পুলিশের থানাতেই যদি আগুন দেওয়া হয়, তাহলে পুলিশ কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবে।
নয় জেলায় আনসারের ৫৩ প্লাটুন
শিল্পাঞ্চল, সরকারি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিতে নয়টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৫৩ প্লাটুন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
অন্যদিকে, রাজধানীতে নাশকতা, অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক পাচার, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।
রোববার অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় অভিযান জোরদার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
পুলিশে সংস্কার ও প্রযুক্তিনির্ভর নজরদারির উদ্যোগ
তাৎক্ষণিক নিরাপত্তা অভিযানের পাশাপাশি পুলিশ সদরদপ্তর বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিচ্ছে। গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে গঠিত আটটি উপকমিটির সুপারিশের ভিত্তিতে এ কার্যক্রম নেওয়া হচ্ছে।
সংস্কার প্রস্তাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ দমন, রাজনৈতিক সহিংসতা, সংঘবদ্ধ অপরাধ, সীমান্ত নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশের জনবল, প্রশিক্ষণ, লজিস্টিকস ও ডিজিটাল নজরদারি সক্ষমতা বাড়ানোর বিষয়েও কাজ করছে সরকার। এর অংশ হিসেবে বডি-ওর্ন ক্যামেরা ও স্মার্ট ট্র্যাকিং সিস্টেমের ব্যাপক ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
সরকারের এসব পদক্ষেপের লক্ষ্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি











-20261121140412.jpg)








