ধানক্ষেতে ক্ষতিকর পোকামাকড় দমনে রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক পদ্ধতির দিকে ঝুঁকছেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কৃষকরা। বাঁশের কঞ্চি, গাছের ডালপালা ও ধইঞ্চা গাছের মাধ্যমে ধানক্ষেতে পাখির বসার ব্যবস্থা করে পোকা দমনের এ কৌশল ‘পার্চিং’ নামে পরিচিত। কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার প্রায় ৮০ শতাংশ আবাদি জমিতে এ পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে।
ধানক্ষেতে পুঁতে রাখা ডালপালা ও বাঁশের কঞ্চিতে বসছে ফিঙে, শালিকসহ বিভিন্ন প্রজাতির পোকাখেকো পাখি। এসব পাখি ধানগাছের পাতা ও শিষের আশপাশে থাকা ক্ষতিকর পোকামাকড় ধরে খাচ্ছে। এতে কমছে কীটনাশকের ব্যবহার ও উৎপাদন খরচ। পাশাপাশি মাটি, পানি ও আশপাশের পরিবেশও থাকছে তুলনামূলকভাবে দূষণমুক্ত।
দুই ধরনের পার্চিং পদ্ধতি
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ আমন ধানক্ষেতে নির্দিষ্ট দূরত্বে পুঁতে রাখা হয়েছে গাছের ডালপালা ও বাঁশের কঞ্চি। কোথাও ধানগাছের সারির পাশে লাগানো হয়েছে ধইঞ্চা গাছ। এসব ডাল ও গাছের ডগায় বসে পাখিরা ধানক্ষেতের ক্ষতিকর পোকামাকড় খাচ্ছে।
পার্চিং পদ্ধতি মূলত দুই ধরনের। ডেড পার্চিংয়ে ধানক্ষেতে গাছের ডাল, বাঁশের কঞ্চি বা খুঁটি পুঁতে পাখির বসার ব্যবস্থা করা হয়। অন্যদিকে লাইভ পার্চিংয়ে ধইঞ্চাসহ বিভিন্ন উপযোগী গাছ লাগানো হয়। এসব গাছ পাখির বসার জায়গা তৈরির পাশাপাশি পাতা পচে মাটিতে জৈব পদার্থ যোগ করে। ফলে পোকামাকড় দমনের পাশাপাশি জমির উর্বরতা বাড়াতেও সহায়তা করে।
কীটনাশকের খরচ কমছে কৃষকের
গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদ গ্রামের কৃষক গিয়াস উদ্দিন ধানক্ষেতে ধইঞ্চা গাছ লাগিয়ে পার্চিং পদ্ধতি ব্যবহার করছেন। তিনি বলেন, ‘ধানক্ষেতে ধইঞ্চা গাছ লাগিয়েছি। এসব গাছে পাখি বসে ক্ষতিকর পোকা খায়। আগে পোকা দেখা দিলেই কীটনাশক দিতে হতো। এখন পাখির আনাগোনা বেড়েছে। এতে পোকা দমনে কিছুটা সুবিধা হচ্ছে। আবার ধইঞ্চা গাছের পাতা ঝরে মাটিতে পচে জৈব সার তৈরি হয়। দুই দিক থেকেই উপকার পাচ্ছি। এ কারণে কীটনাশক খরচ কমে গেছে।’
রায়কালী ইউনিয়নের মালীগ্রামের কৃষক শহীদুল ইসলাম বলেন, ‘আগে ধানক্ষেতে পোকা দেখা দিলেই কীটনাশক স্প্রে করতাম। এতে ওষুধের পেছনে অনেক টাকা খরচ হতো। এবার ক্ষেতের বিভিন্ন জায়গায় গাছের ডাল পুঁতে রেখেছি। পাখি এসে ডালে বসে পোকামাকড় খাচ্ছে। এখন আগের তুলনায় কীটনাশক কম দিতে হচ্ছে। এতে খরচও কিছুটা বেঁচে যাচ্ছে।’
পরিবেশবান্ধব পোকা দমনের কৌশল
আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজের কৃষি বিভাগের প্রধান এএম এনামুল কবীর বলেন, কীটনাশক প্রয়োগ করে পোকা দমন করতে গেলে ক্ষতিকর পোকার পাশাপাশি অনেক উপকারী পোকামাকড়ও মারা যায়। এর প্রভাব পড়ে পাখি, মাটি, পানি ও সামগ্রিক জীববৈচিত্র্যের ওপর। পার্চিং পদ্ধতিতে পাখিকে কাজে লাগিয়ে প্রাকৃতিকভাবেই ক্ষতিকর পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। এতে পরিবেশের ক্ষতি না করে পোকা দমনের একটি কার্যকর ও টেকসই সমাধান পাওয়া সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সমন্বিত বালাই ব্যবস্থাপনার অংশ হিসেবে কৃষকদের পার্চিং পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

















-20261124163219.jpg)


