মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র তার দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে। মুক্তিযোদ্ধাদের সাহসে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধির চেয়েও বড় বিষয় হলো, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করা। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।
তিনি বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং অনেকের আহত ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। এ সময় মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে উদ্যোগ অব্যাহত থাকবে
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকে আন্দোলিত করে। তিনি সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথাও স্মরণ করেন।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে অতীতের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি স্মরণ করেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল, যা ছিল সময়োপযোগী সিদ্ধান্ত।
বয়সের ভারে ক্লান্ত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, জীবনসায়াহ্নে এসেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি জ্বলজ্বল করছে। প্রতিবছর আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর উদ্যোগ নেওয়ায় সশস্ত্র বাহিনী বিভাগকে ধন্যবাদ ও প্রশংসা জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের কল্যাণে সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি



-20261121063313.jpg)













-20261119145050.jpg)


