পরিবেশবান্ধব শিল্পায়নে নতুন ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। দেশে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) ‘লিড’ সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। নতুন করে আরও ১২টি পোশাক, বস্ত্র ও অ্যাক্সেসরিজ কারখানা এ সনদ অর্জন করায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩০২টিতে। এ সংখ্যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ।
ইউএসজিবিসির তথ্য এবং বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত। দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার অগ্রগতির ক্ষেত্রে এই অর্জনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
৩০২ কারখানার মধ্যে প্লাটিনাম সনদ ১৩৪টির
দেশের মোট ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে সর্বোচ্চ মানের প্লাটিনাম সনদ পেয়েছে ১৩৪টি কারখানা। এ ছাড়া ১৪৮টি কারখানা গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি কারখানা সাধারণ সার্টিফায়েড সনদ অর্জন করেছে।
নতুন ১২ কারখানার ৯টি প্লাটিনাম সনদপ্রাপ্ত
নতুন করে লিড সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে নয়টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড সনদ অর্জন করেছে। নতুন কারখানাগুলোর মধ্যে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়েছে ঢাকার ধামরাইয়ের আদজি ট্রিমস লিমিটেড।
প্লাটিনাম সনদপ্রাপ্ত নতুন কারখানাগুলোর মধ্যে রয়েছে—আদজি ট্রিমস লিমিটেড (ধামরাই, ঢাকা), ৯৭ পয়েন্ট; ডি অ্যান্ড এস প্রীতি ফ্যাশনস লিমিটেড (টোক নগর, গাজীপুর), ৯১ পয়েন্ট; প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড (গাজীপুর), ৮৮ পয়েন্ট; এফকেএল প্রিন্টিং বিল্ডিং (কায়েমপুর, নারায়ণগঞ্জ), ৮৬ পয়েন্ট; এল ইউসিন ফ্যাশন লিমিটেড (গাজীপুর), ৮৫ পয়েন্ট।
এ ছাড়া ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড (চট্টগ্রাম) ৮৪ পয়েন্ট, কেডিএস অ্যাপারেলস লিমিটেড, টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং (চট্টগ্রাম) ৮২ পয়েন্ট, প্যাক্সার বাংলাদেশ লিমিটেড (ডিইপিজেড পুরোনো এলাকা, সাভার) ৮২ পয়েন্ট এবং এক্সপো অ্যাক্সেসরিজ লিমিটেড (বিপ্রর্বথা, গাজীপুর) ৮২ পয়েন্ট পেয়েছে।
গোল্ড সনদ পেয়েছে তিন কারখানা
নতুন করে গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো—বর্ণালী কালেকশনস লিমিটেড, নিটিং ইউনিট (নারায়ণগঞ্জ), ৬৮ পয়েন্ট; বেসটেক বিডি লিমিটেড (চট্টগ্রাম), ৬৬ পয়েন্ট এবং এক্সপোর্ট বিল্ডিং-২ (মির্জাপুর, টাঙ্গাইল), ৬৪ পয়েন্ট।
বৈশ্বিক বাজারে আস্থা অর্জনে ইতিবাচক অর্জন
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈশ্বিক বাজারে ক্রেতাদের আস্থা অর্জন এবং টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশের এই অর্জন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সবুজ কারখানার সংখ্যা বাড়ার মধ্য দিয়ে দেশের পোশাক ও বস্ত্রশিল্পে পরিবেশবান্ধব অবকাঠামো এবং উৎপাদনব্যবস্থার গুরুত্বও আরও স্পষ্ট হচ্ছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি




















