প্রবাসজীবন ছেড়ে দেশে ফিরে কৃষিকাজে মনোনিবেশ করে সফলতার মুখ দেখেছেন মাদারীপুরের শিবচর উপজেলার তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন খান। সৌদি আরব থেকে ফিরে প্রথমে চাকরি করলেও কৃষির প্রতি ভালোবাসা ও নিজের কিছু করার স্বপ্ন থেকে শুরু করেন কমলা চাষ। ছয় বছরের প্রচেষ্টায় গড়ে তুলেছেন আড়াই শতাধিক কমলাগাছের বাগান। ফলন ও বিক্রি ভালো হওয়ায় এখন স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য কৃষকদেরও কমলা চাষে আগ্রহী করে তুলছেন তিনি।
মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর গ্রামে অবস্থিত রাসেলের এই বাগান। কৃষক বাবার কাছ থেকে কৃষিকাজের প্রতি আগ্রহ তৈরি হয় তার। সেই আগ্রহ থেকেই প্রায় ছয় বছর আগে আট বিঘা জমির মধ্যে দেড় বিঘা জমিতে চায়না থ্রি জাতের ৬০টি কমলার চারা রোপণের মাধ্যমে যাত্রা শুরু করেন।
সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে বাগানের পরিধি। বর্তমানে সেখানে আড়াই শতাধিক কমলাগাছ রয়েছে। প্রতিটি গাছে ২৫ থেকে ৩০ কেজি পর্যন্ত কমলা ধরেছে। গাছের ডালে ডালে ঝুলছে ছোট আকৃতির টক-মিষ্টি স্বাদের কমলা। বাগানে প্রবেশ করলেই পাওয়া যায় পাকা ফলের সুবাস।
বাগানেই বিক্রি হচ্ছে অধিকাংশ কমলা
বাগানে উৎপাদিত কমলা স্থানীয় বাজারে প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাজা ফল সংগ্রহ করতে অনেক ক্রেতাই সরাসরি বাগানে আসছেন। উৎপাদিত কমলার অধিকাংশই শিবচরের স্থানীয় বাজারে বিক্রি হয়ে যাচ্ছে।
রাসেলের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। বাগানের সৌন্দর্য দেখতে প্রতিদিনই আসছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেউ স্বাদ নিচ্ছেন বাগানের কমলার, আবার কেউ ক্যামেরায় ধারণ করছেন বাগানের মনোরম দৃশ্য।
উদ্যোগ দেখে আগ্রহী হচ্ছেন অন্য কৃষকেরাও
স্থানীয়দের মতে, রাসেলের বাগান শুধু ফল উৎপাদনের ক্ষেত্র নয়, এটি পরিশ্রম, ধৈর্য ও স্বপ্ন পূরণের একটি উদাহরণ। একসময় অনাবাদি পড়ে থাকা জমিতে এখন ফলছে কমলা। তার উদ্যোগ দেখে এলাকার অন্য কৃষকেরাও কমলা চাষে আগ্রহী হচ্ছেন।
দর্শনার্থী প্রিয়া কুন্ডু বলেন, ‘ফেসবুকে কমলার বাগানের ভিডিও দেখে বান্ধবীর সঙ্গে এখানে ছুটে এসেছি। এসে সত্যিই খুব ভালো লেগেছে। জায়গাটি বেশ চমৎকার।’
আরেক দর্শনার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘দেশের মাটিতে এত সুন্দর কমলার বাগান করা যায়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। সত্যিই অসাধারণ।’
স্কুলশিক্ষক রবিউল ইসলাম আওলাদ বলেন, ‘পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। দুপুর গড়িয়ে বিকেল, তবু বাড়িতে ফিরতে মন চাইছে না। পছন্দের বাগানটি এখন দর্শনীয় জায়গায় পরিণত হয়েছে।’
সরকারি সহায়তায় বাগান সম্প্রসারণের স্বপ্ন
বাগানের মালিক রাসেল হোসেন খান বলেন, কৃষির প্রতি ভালোবাসা থেকেই ফলের বাগান তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি। গত দুই বছর ধরে ভালো ফলন পাচ্ছেন। ফলন ভালো হওয়ায় কমলার চাহিদাও বেড়েছে। সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে বাগান আরও বড় করার পরিকল্পনা রয়েছে তার।
শিবচরের উপসহকারী কৃষি কর্মকর্তা কমলেন্দু সরকার জানান, সঠিক পরিচর্যা, প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়ে কৃষি বিভাগ তরুণ এই উদ্যোক্তার পাশে রয়েছে। পাশাপাশি এলাকার অন্য কৃষকদেরও কমলা চাষে আগ্রহী করে তুলতে কাজ করছে কৃষি বিভাগ।
প্রবাসের কর্মব্যস্ত জীবন পেছনে ফেলে দেশের মাটিতে কৃষি উদ্যোগের মাধ্যমে রাসেলের এই সাফল্য স্থানীয় তরুণদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি
















-20261119145050.jpg)



