Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আঙ্কেল, হ্যাপি বার্থ ডে’—শিশুদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

মাদারীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১২:০১ পিএম

সুপেয় পানির অভাবে চরম দুর্ভোগে কালকিনির কয়েক শ পরিবার

মাদারীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১২:০১ পিএম

সুপেয় পানির অভাবে চরম দুর্ভোগে কালকিনির কয়েক শ পরিবার

মাদারীপুরের কালকিনি পৌরসভায় এক বছর ধরে সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন কয়েক হাজার মানুষ। পাম্প বিকল হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা। অন্যদিকে দখল ও দূষণে পৌরসভাসংলগ্ন খালটি প্রায় মৃতপ্রায়। ফলে বাধ্য হয়ে পুকুরের দূষিত পানি দিয়ে রান্না, গোসল, কাপড় ধোয়াসহ দৈনন্দিন কাজ সারছেন পৌরবাসী। এতে বাড়ছে পানিবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত কালকিনি পৌরসভায় সরেজমিনে দেখা যায়, ৪ নম্বর ওয়ার্ডের চরঝাউতলা গ্রামের বাসিন্দা রুবি বেগম পুকুরের দূষিত পানি কলসিতে ভরে বাড়িতে নিয়ে যাচ্ছেন। সুপেয় পানির সংযোগে পানি না থাকায় এই পানিই ব্যবহার করতে হচ্ছে তাকে। একই পরিস্থিতি পাশের গৃহবধূ সাহিনা বেগমের। প্রতিদিন পানির আশায় বাড়ির বাইরের ট্যাপের সামনে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত খালি বালতি নিয়েই ফিরতে হচ্ছে তাকে।

কর দিয়েও মিলছে না নাগরিক সেবা

পৌরবাসীর অভিযোগ, নিয়মিত কর ও বিভিন্ন সেবার নামে অর্থ আদায় করা হলেও নাগরিকদের অন্যতম মৌলিক চাহিদা নিরাপদ পানির নিশ্চয়তা দিতে পারছে না পৌর কর্তৃপক্ষ। প্রায় এক বছর ধরে পানির সংকটে ভুগছেন তারা। বিকল্প ব্যবস্থা না থাকায় পুকুরের পচা পানি দিয়েই রান্না, গোসল ও কাপড় ধোয়ার মতো প্রয়োজনীয় কাজ করতে হচ্ছে।

পৌরসভা ঘিরে থাকা খালটিও দখল ও দূষণের কারণে প্রায় পানিশূন্য হয়ে পড়েছে। একসময় খালটি পানির অন্যতম উৎস হলেও বর্তমানে এর স্বাভাবিক প্রবাহ নেই। ফলে পানির সংকট আরও তীব্র হয়েছে।

জানা গেছে, ২০১৬ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হওয়া কালকিনি পৌরসভায় প্রায় এক লাখ মানুষের জন্য এক হাজার ৪৭০টি পানির সংযোগ দেওয়া হয়েছিল। কিন্তু পাম্প বিকল হয়ে যাওয়ায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। বিশেষ করে পৌরসভার ১, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া, দক্ষিণ রাজদী, ঝাউতলা ও উত্তর রাজদীসহ বিভিন্ন এলাকার প্রায় ২৫০টি পরিবার নিরাপদ পানির অভাবে ভুগছে।

পানির দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দ্রুত বন্ধ হয়ে যাওয়া খালটি খননের পাশাপাশি পানি সরবরাহ স্বাভাবিক করতে হবে। অন্যথায় বিক্ষোভ, মানববন্ধনসহ পৌরসভা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।

ভুক্তভোগী রুবি বেগম বলেন, ‘দৈনন্দিন জীবনে পানির বিকল্প কিছুই নেই। অথচ আমাদের পুকুরের পচা পানিতেই জীবন চালাতে হচ্ছে। আমরা কবে এর থেকে প্রতিকার পাব, তা জানি না।’

সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ বলেন, ‘পাম্প নষ্টের অজুহাতে পানি সরবরাহ করা যাবে না, এটি মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষের উদাসীনতায় এই অবস্থা তৈরি হয়েছে। শিগগিরই সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া উচিত।’

দ্রুত সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

কালকিনি পৌরসভার সহকারী প্রকৌশলী রাকিব হোসেন জানান, পাম্পের সমস্যা সমাধানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

পৌরসভার প্রশাসক কিশোর কুমার দাশ বলেন, ‘অস্থায়ীভাবে অন্য একটি পাম্পের মাধ্যমে কিছু এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে। বাকি জায়গাগুলোতে দ্রুতই পানি সরবরাহ করা হবে। সেজন্য পৌর কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।’

তবে কবে নাগাদ পুরো পৌর এলাকায় স্বাভাবিক পানি সরবরাহ শুরু হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। ফলে নিরাপদ পানির অপেক্ষায় দিন কাটছে কালকিনি পৌরসভার ভুক্তভোগী বাসিন্দাদের।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!