মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক গ্রাফটিং ও মালচিং পদ্ধতির সমন্বয়ে টমেটো চাষ করে সফলতা পাচ্ছেন কৃষকেরা। প্রচলিত চাষাবাদের বাইরে গিয়ে প্রযুক্তিনির্ভর এ পদ্ধতিতে গ্রীষ্মকাল ও শীত—দুই মৌসুমেই টমেটো উৎপাদন করছেন তারা। ফলন ও বাজারদর ভালো হওয়ায় বাড়ছে কৃষকদের আগ্রহ। তবে উৎপাদন খরচ বেশি, পোকার আক্রমণ এবং কৃষি বিভাগের পর্যাপ্ত পরামর্শ ও সহযোগিতার অভাব নিয়ে রয়েছে তাদের অভিযোগ।
আধুনিক পদ্ধতিতে বাড়ছে ফলন
মালচিং পদ্ধতিতে চাষের আগে জমিতে বিশেষ ধরনের পলিথিন বা মালচিং পেপার বিছিয়ে দেওয়া হয়। এতে মাটির আর্দ্রতা বজায় থাকে, আগাছার বিস্তার কমে এবং ফসলের পরিচর্যা সহজ হয়। অন্যদিকে গ্রাফটিং পদ্ধতিতে বন বেগুন বা তিতা বেগুনের শক্ত শিকড় ও কাণ্ডের সঙ্গে টমেটো গাছের অংশ জোড়া লাগানো হয়। এতে গাছের শিকড় শক্তিশালী হয় এবং মাটিবাহিত রোগের ঝুঁকি কমিয়ে ফলন বাড়ানোর সুযোগ তৈরি হয়।
সরেজমিনে দেখা গেছে, কমলগঞ্জ উপজেলার আদমপুর, মাধবপুর ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকেরা এ দুই পদ্ধতির সমন্বয়ে গ্রীষ্মকালীন ও শীতকালীন টমেটো চাষ করছেন। বিশেষ করে গ্রীষ্মকালীন টমেটোর ভালো দাম পাওয়ায় কৃষকদের মধ্যে এ পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে।
৩০ শতক জমিতে খরচ ৩-৪ লাখ টাকা
কৃষকেরা জানান, গ্রাফটিং পদ্ধতিতে চারা তৈরি ও মালচিং পেপার ব্যবহার করতে প্রাথমিক বিনিয়োগ বেশি প্রয়োজন। ৩০ শতক জমিতে টমেটো চাষে খরচ হচ্ছে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা। তবে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়া যায়। কোনো কোনো কৃষক চার থেকে পাঁচ একর জমিতেও টমেটো চাষ করছেন। বড় খামারগুলোতে প্রতিদিন গড়ে ছয় থেকে সাতজন শ্রমিক কাজ করেন।
মৌসুমের শুরুতে কৃষকেরা প্রতি কেজি টমেটো পাইকারি ১০০ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। বর্তমানে বাজারভেদে তা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকদের আশা, গ্রীষ্মকালীন টমেটোর উৎপাদন বাড়লে দেশের বাজারে সারা বছর দেশীয় টমেটোর সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
বেশি বিনিয়োগ, পোকার আক্রমণে ক্ষতির শঙ্কা
গ্রাফটিং পদ্ধতিতে অধিকাংশ কৃষক ভালো ফলন পেলেও কিছু খামারে ফল ধরার সময় পোকার আক্রমণে গাছ মারা যাচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা। তাদের অভিযোগ, এ বিষয়ে কৃষি বিভাগের পর্যাপ্ত পরামর্শ ও মাঠপর্যায়ের সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
কমলগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুর গ্রামের কৃষক মো. রাকিব ও মো. লিটন মিয়া বলেন, ‘আমরা লাখ লাখ টাকা খরচ করে টমেটোসহ বিভিন্ন সবজি চাষ করি। আমাদের হাড়ভাঙা খাটুনি, অর্থ সবকিছু যায়। পোকার আক্রমণে টমেটো গাছ নষ্ট হয়। তবে কৃষি অফিস থেকে কোনো পরামর্শ দেওয়া হয় না বা মাঠ পরিদর্শন করতে কেউ আসেন না।’
টমেটোচাষি আব্দুস সালাম বলেন, মালচিং পেপার মাটির ওপর বিছিয়ে দেওয়ায় আগাছা জন্মাতে পারে না এবং গাছের বৃদ্ধি ভালো হয়। মালচিং ও গ্রাফটিং পদ্ধতির সমন্বয়ে টমেটোসহ বিভিন্ন সবজি চাষে ভালো ফল পাওয়া যাচ্ছে।
আদমপুর ইউনিয়নের কৃষক গিয়াস উদ্দিন বলেন, প্রায় দুই একর জমিতে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করছেন তিনি। গ্রাফটিং পদ্ধতিতে চারা রোপণ করে গত চার থেকে ছয় বছর ধরে এভাবে চাষাবাদ করছেন। ফলন ভালো হলেও উৎপাদন খরচ অনেক বেশি।
১২ লাখ টাকা বিনিয়োগে ৩০ লাখ বিক্রির আশা
গ্রীষ্মকালীন টমেটোচাষি আতিকুর রহমান বলেন, এ বছর ১৫ হাজার চারা গ্রাফটিং করে মালচিং পদ্ধতিতে জমিতে রোপণ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ১২ লাখ টাকা। গত ১৫ দিন ধরে টমেটো বিক্রি করছেন। বর্তমানে প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এবার প্রায় ৩০ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
সারা বছর টমেটো উৎপাদনের সম্ভাবনা
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় প্রায় ২১ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়। প্রতি হেক্টরে গড়ে ৩০ টন ফলন পাওয়া যায়। অন্যদিকে শীতকালীন টমেটো চাষ হয় ১ হাজার ২২১ হেক্টর জমিতে। এ মৌসুমে প্রতি হেক্টরে ৩০ থেকে ৩৫ টন পর্যন্ত ফলন হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, তিতা বেগুনের শিকড়ের সঙ্গে বারি টমেটো-৮-এর অংশ জোড়া লাগিয়ে গ্রাফটিং করা হয়। এ পদ্ধতিতে শক্তিশালী শিকড়ের মাধ্যমে টমেটোর উৎপাদন বাড়ানো সম্ভব। বারি টমেটো-৮ সারা বছর চাষ করা যায়। গ্রাফটিং পদ্ধতির বিস্তার ঘটলে দেশের বাজারে সারা বছর দেশীয় টমেটো সরবরাহ করা সম্ভব হবে।
কৃষকদের মতে, সরকারি সহযোগিতা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নিয়মিত কৃষি পরামর্শ নিশ্চিত করা গেলে কমলগঞ্জে গ্রাফটিং-মালচিং পদ্ধতিতে টমেটো চাষ আরও সম্প্রসারিত হবে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি দেশের সবজির বাজারেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি



-20261121063313.jpg)












-20261119145050.jpg)


